অরুণিমা নাসরীনের ৪টি কবিতা
বালিকার পা
তুমিই কি তবে সেই – যে শুধু শ্রবণে স্মৃতি-হেম,
দ্রবণে অনন্তপ্রেম পরম্পরা।
তাহলে রাত্রির দ্বিত্ব আকাশে কে ওড়ে?
কৃত্তিকা, কর্কট – নক্ষত্রের তারা ?
সাবধান, চোকির তলেতে বাস্তু সাপ-কুণ্ডলিকা!
নাবিও না পা ওরে বালিকা!
শাপবর্ষণ
প্রস্তর শিল্পের পাণ্ডুলিপিতে ভর করে
নৈসর্গিক অচেনা রোমাঞ্চ বোঝ নি তুমি,
নামগোত্রহীন পটের আদিম রহস্য!
তার রূপভঙ্গিমা আর লাবণ্যলতায় আবিষ্ট হয়ে
জ্যোৎস্নায় ওম পেতে চাও,
অথচ স্বচ্ছ কাঁচের বাইরে পাথরের এক দেশে
এই নদী উপগ্রহে
কিংবা দেহের উপর ঘিরে
কালিঘাট-পট-শিল্প-বর্ণ-গন্ধময় আশ্চর্য্য রাজকুমারীরা
পৃথিবীর তিনভাগ জল বুকে নিয়ে
স্বপ্নে বিভোর হয়ে, মাথা খুঁটে খুঁটে
সভ্যতার সুন্দর আগুন মুখে ক্রমাগত হয়ে উঠে
প্রস্তর অপরূপ ভাস্কর্য্য।
অথচ জীবন্ত নারীরা পাথর নয় –
ধানের, শাখার, মাটির, পানির, ননীর!
তুমি কিন্তু আদৌ তা বোঝ নি…
দেখেও দেখো নি
শুধু বৃদ্ধ অন্ধ টিরেসিয়াসের মতো আঙুল উঁচিয়ে
দেখালে ভবিষ্যত
বিভ্রান্ত বেহালায় বেঁধে দিলে শাপ- অনাদি অভিশাপ…
সেই থেকে নারী দেহতাত্ত্বিক ভাষ্কর্য্যের ত্রিমাত্রিক গড়ন
কালিঘাটের মন্দিরে, যাদুঘরে কিংবা ফ্রেমে
সেই থেকে নারী মাটি, কষ্ট … শুধু কষ্ট…
পৃথিবীর তিনভাগ জলের মতো কষ্ট।
কৃষ্ণা পুরাণ
রাত্রি-টা ভেঙ্গে পড়লো আগুন তরলে –
বালক বালিকা, কালো,
পৃথিবীর খোলা জানালায় দেখে-দেখে
আদি পাশা খেলা, আর নীলকন্ঠ বাতি –
সহসাই চোখ, গ্রীবা লুব্ধ হয়ে যায়।
কালো মেয়েটির খাটো স্কার্টের উন্মনা বোতামগুলি
তরল নিঃসঙ্কোচে খুলতে থাকে –
অমরাবতীর চাঁদ-বেহাগ;
আর উচ্চন্ড ডিজে সংগীত উদ্দাম বাজতে থাকে –
ছেলেটির হাত উদাম।
আহ্! কোথায়?
এখানেই কি তবে সকল অনন্ত, আরাম আর শান্তি !
অথচ সমুদ্রে, পর্বতে, আকাশে, ধুলোতে, মরুতে, মেরুতে –
দেশে হতে দেশে
কেনো অগ্নি-তাপ-মোহ- মৃত্যু- অস্ত্র হানাহানি?
কেনো সর্বত্র নিষ্প্রেম কুশীলব –মনসা উপাখ্যান?
কৃষ্ণা তম্বী, কি সর্বনাশা!
ভাসাও আকাংক্ষা নাও,
তদুপরি নিবাও সূর্য-জ্বলা সাত্বিক ।
বস্তুত মায়া কে আর কাটাতে পারে?
না আমি, না তুমি, না আর সকল পৃথিবীর দুরন্ত মানুষ !
বুনো কালো মেয়ে, শোন – ব'লে দে –
চৈতন্য-সাগ্নিক মন্দিরে, পণ্যয় প্রলুব্ধ বন্দরে,
জগতের শিলাগাত্রে কে কার ?
সেক্সপিয়র ইন লাভ
ঘুমন্ত সিঁড়ি ভেঙ্গে প'ড়ে
অন্ধকারের ডানা চূর্ণ করে দেয়- এক বোধ।
আমি ঘুমের ভিতর গান গেয়ে উঠি – আবাদি রাত,
কতদিন পর ভালোবাসা! জানালায় হংস গ্রীবার মতো? কি প্রাচীন!
নিত্যব্রতা দুখী চাঁদ, নেমে আসে – বদলে যায়
নিসর্গের অনুগতা লালনিক মুখ, দ্বিত্ব বলিরেখা।
সন্ন্যাস, তাপ – যাবতীয় যতিচিহ্ন
জ্যোৎস্নায় গ'লে যায়।
তার বসবাস দূরেই, আলোকবর্ষের মতো দূরে –
আমি কি তাকেই ভালোবাসি – কিছুটা শ্লোক শুনে,
আর অগণিত কবিতা পাঠ ক'রে।
হে ভজন! আবার জাগলে তুমি? সাধন, তুমিও
কি কোন নীল নক্ষত্রর থেকে আলো!
সত্যি বলছো – শুধু তার যেনো দেখা পাই ?
সত্যি একদিন পৌঁছে যাই পরিচিত নগরীতে,
লন্ঠন হাতে- তার সাথে দেখা হয় উইলোর নিচে,
অ্যাভন-এর জলে কালো রাজহাঁস।
আমরা হাঁটি – ঘাস ছেড়ে পাথরে, সড়কে –
পাশে পুরোনো রেলওয়ে জংশন, দালান,
যাদুঘর, ছবিঘর – 'সেক্সপিয়র ইন লাভ' –
"চলো দেখে আসি" …
অন্ধকার আর সংলাপের মধ্যে ঠোঁটের অন্তরঙ্গতা –
অথচ বাইরে নদী, পাতা, বাতাস, নির্বেদ :
শৃংখলিত পরিবৃত্তের ভূগোল।
কাকে বলে ভালোবাসা ?
সে কি শুধু বুভুক্ষা, নিয়তিরই নির্ধারিত –
কে সেই নিয়ন্ত্রক? ঈশ্বর! তুমি?
আমারই হৃদয়, না কি নক্ষত্রর ঝড় বহমান –
বহু দূরে – হু … হু… হু …
