যদি না আসতো স্বাধীনতা
যদি না আসতো স্বাধীনতা
সবুজ গালিচায় লেখা হতোনা স্বাধীনতার পংক্তিমালা
হয়তো হারিয়ে যেত রবি ঠাকুরের 'সোনার তরী'
হয়তো তুষের আগুনে পুড়ে যেত নজরুলের 'অগ্নিবীণা'
হয়তো শেওলায় ভেসে যেত জসীম উদ্দীনের 'সোজন বাদিয়ার ঘাট'
কবি শামসুর রাহমান পারতেন না এতদূর হেঁটে যেতে
বারহাট্টার পথে যেতে পারতেন না কবি নির্মলেন্দু গুণ।
যদি না আসতো স্বাধীনতা
আমাদের পাঠশালা ভরে যেতো পাঠানি কোর্তায়
পদ্মা-যমুনার উৎস ও গতিধারা বাদ দিয়ে
আমাদের পাঠ হতো সিন্ধু-রাবির আত্মকথা
স্বপ্নের জালে জীর্ণ স্নাতক ডিগ্রী পাবার আশায়
পরীক্ষার খাতায় বট বৃক্ষের আত্মকথা লিখতে না পেরে
অশ্রুপাতে আঁকতে হতো রুক্ষ পাহাড়ের ছবি।
যদি না আসতো স্বাধীনতা
আমার কীর্তন হতো পাক সার জমিন শাদ বাদ
ধূসর রুক্ষ মরুভূমির কীর্তন গেয়ে গেয়ে
এতোদিনে নির্ঘাত আমি অন্ধ হয়ে যেতাম
হয়তো হতাম উর্দুভাষী দারোয়ান নয়তো করণিক
কর্তার বীভৎস চোখের ইশারা বুঝতে না পেরে
মধুচন্দ্রিমার রাতেও ঘুমের ঘোরে কেঁদে উঠতাম।
যদি না আসতো স্বাধীনতা
মায়ের মুখে ঘুম পাড়ানো গানের অর্থ না বুঝে
আমাদের অবোধ শিশুরা কান্না জুড়ে দিয়ে
প্রতিবাদে ধিক্কৃত করতো আমাদের ভীরু সত্তাকে
আমাদের উঠোনে বসতো না পুঁথি পাঠের আসর
পুঁথির ভাষা বুঝতে না পেরে আমাদের শিশুরা
পুরাতন পুঁথিগুলো জ্বালিয়ে ছাই করে দিতো।
যদি না আসতো স্বাধীনতা
পোষা প্রাণীগুলো আমাদের ভাষা না বুঝে
উত্তেজনায় ছটফট করে হয়তো আত্মাহূতি দিতো
নতুবা মনের কষ্টে দেশান্তরী হয়ে যেতো
বনের পাখিরা আমাদের ভাষা না বুঝে
ঠোঁটে ঠোঁট গেঁথে বাঁশঝাড়ে বসে বসে ভাবতো
এমন কাপুরুষের মাঝে কি বাস করা উচিৎ!
যদি না আসতো স্বাধীনতা
এইবাড়ির নাম কোনোদিন হতো না বাংলা একাডেমী
এর প্রাঙ্গণজুড়ে বসতোনা পুঁথি-পসরার হাট
এমন প্রাণের মেলা কোনোদিন দেখতো না শিশুরা
সবুজ পাহাড়ের পাদদেশে বৈসাবির আসরে
রথ যাত্রার মেলায়, পূূজা আর পার্বণে
আমাদের মহোৎসব কি উপচে থাকতো এতদিন?
যদি না আসতো স্বাধীনতা
বেলিফুলের খোঁপা ভরে, লাল পেড়ে হলুদ শাড়ি পরে
ভালোবাসার দিনে বাহারী সাজে সজ্জিত হয়ে
রাজপথে কি নামতে পারতো তরুণীর ঢল?
প্রতিবার বৈশাখে বাংলার নবান্ন দিনে
লালপেড়ে সাদা শাড়ি পরে মঙ্গল যাত্রা শেষে
নারীরা কি বসতে পারতো পানি পান্তার আসরে?
যদি না আসতো স্বাধীনতা
হিজল ছায়ায় বসে কি করে দেখতাম নৌকা বাইচ
সবুজ প্রান্তর ছেয়ে মন মাতানো রাখালির সুর
ভাওয়াইয়া ভাটিয়ালি এতোদিনে স্তব্ধ হয়ে যেতো
দোয়েলের শিস, শাপলার বুক ফাটা হাসি
নদী জলে রূপালী ইলিশের এমন স্পন্দিত বিচরণ
নিস্তব্ধ কি হতো না রাক্ষুসে থাবার আঁচড়ে?
যদি না আসতো স্বাধীনতা
নদীর পাড় জুড়ে হিজল জারুলের তরুছায়া
শিমুল পলাশ আর মহানন্দার হাসি
নিষ্প্র্র্রভ হয়ে যেতো নিষ্ঠুর কাঠুরের কোঁপে
কোনোদিন আমরা কি যেতে পারতাম
পারিজাত লয়ে রফিক সফিক বরকত জব্বার
আর লাখো শহীদের কবরের পাশে?
যদি না আসতো স্বাধীনতা
বার বার রঞ্জিত হতো শহরের রাজপথ
নদীগুলো বয়ে আনতো রক্তাক্ত জল
ফুটত না ফুল শিমুল পলাশ মহানন্দার ডালে
খেঁজুর রসে মুড়ির মোয়া বানিয়ে
কাঁচের বয়ামে বড়ই আচার ভরে রেখে
অহর্নিশি প্রতীক্ষায় থাকত কতো জননী।
যদি না আসতো স্বাধীনতা
নির্ভয়ে গলা ছেড়ে কি গাইতে পারতাম
'আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি'
'আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি
আমি কি ভুলিতে পারি'
কী করে দেখাতাম এই কাপুরুষ মুখ
কী করে মুছে দিতাম বোনের দু'টি কালো চোখ
কোন স্পর্ধায় দাঁড়াতাম অবোধ শিশুর সম্মুখে।
যদি না আসতো স্বাধীনতা
স্মৃতি সৌধের মিনার ছুঁতে পারতো না সুদূর আকাশ
প্রতিদিন সকাল-সন্ধ্যায় টান টান সিনা মেলে
তারুণ্য মেলা কি বসতো ভাস্কর্যের বেদী ঘিরে?
সরিষার হলুদ পাপড়িগুলো উড়ে উড়ে
লাখো সবুজ মুখে বিজলী জ্বালিয়ে কি বলতো
জেগে উঠ বাংলাদেশ– আমরা প্রজন্ম একাত্তর।
