সময়ব্যূহে অভিমন্যুঃ তাপস গায়েনের তিনটি কবিতা
সময়ব্যূহে অভিমন্যু [১]
এই যে আমার চোখ, যাকে আমি দেখি না, যাকে দেখে সময়, আর মাঝে মাঝে দর্পণ এসে আমাকে দিয়ে যায় তার দৃষ্টি ! ঈশ্বরপুত্র, একদিন যিনি দাঁড়িয়ে ছিলেন অতিদূর দিগন্তে, তিনি কীভাবে মেপেছেন সময় । আর এই যে জগৎ, যা প্রপঞ্চময়, যাকে আমি নিত্য বিধৃত হতে দেখি, সে কী আয়নায় প্রতিফলিত অনন্তের ছবি না কী দর্পণে বিধৃত বিশৃংখলাময় আমার সময় ! সময়কে নিয়ে ভাবতে গিয়ে আমি ভেবেছি সিংহের গর্জন, আর আমার ক্রন্দন । দিগন্ত-বিস্তৃত যে দর্পণ, সেখানে ক্রন্দনের কোনো প্রতিফলন নেই ; নেই কোনো প্রতিবিম্ব ক্রন্দনের ।
আর সময়ের অনুধাবন, সে তো অণ্বেষাময় এক অশেষ ভ্রান্তি, যেন শূন্যতায়বিদ্ধ সর্পতান্ত্রিকের বিভ্রম । কোনো কোনো রাত এসে উন্মুক্ত করে তার জ্যা, তখন মহাকাশে ধূলো ওড়ে, ছুটে চলে ধূমকেতু লক্ষ্যহীন, আমাদের হাইওয়ে রুদ্ধ হয়ে যায়, আর স্তদ্ধ হয়ে আসে নগরীর পানশালা । তুষার ঝড়ের মতো চতুর্দিক থেকে নেমে আসে তীর, শাবল, গাইতি, ক্রিস্টালবল, আর লেজার-গাইডেড মিসাইল । আমি তো কলম্বাস সার্কেলের কোনও স্টাচু নই, তবু যেন তীরবিদ্ধ ; ঈশ্বরপুত্রের জন্য আমি যেন দাঁড়িয়ে রয়েছি বহুকাল । অনুক্ষণ ক্রন্দনের অনুভব জাগে, কিন্তু তার কোন বহিঃপ্রকাশ নেই, তবে আমি কী ভুলে গেছি আমার ক্রন্দন ! পানপাত্র আর পানশালার মতোই আমার কান্নাও থেকে গেছে অনির্দ্দিষ্ট ।
আমি তো কখনো জানি নি আমার ইচ্ছা, আমার ইচ্ছার তুমুল প্রকাশ, আর তার ব্যাপ্তি ; তাই আমি শিখি নি ইচ্ছামৃত্যু, যেভাবে শরশয্যায় জেনেছেন আদি পিতামহ ভীষ্ম এবং যুদ্ধক্ষেত্রে যোগাবিষ্ট গুরু দ্রোণ ! সাপ এসে গিলে খায় আমার দিন আর রাত্রি, আর অশ্রুহীন আমাকে কাঁদায় ।
বহুদিন আমি তো নিজেকে দর্পণে দেখি নি, যেন আমি বহুদিন দেখি নি সময় !
নিউইয়র্ক, ফেব্রুয়ারি ১০, ২০১৪
সময়ব্যূহে অভিমন্যু [২]
"ধর্ম কি ? যা সত্য, তাই ধর্ম । সত্য কি ? যা প্রকাশিত হয়েছে, তাই সত্য !" সেইসূত্রে, দ্রৌপদীর পঞ্চস্বামী যেমন সত্য, দ্বীনের নবী হযরত মুহাম্মদের (স.) দশাধিক পত্নীও তেমনি সত্য । বৃহতের মঙ্গল যেখানে কাম্য, সেখানে নিয়মের ব্যত্যয় যেন অনিবার্য ! এই পৃথিবীতে আমাদের কাজ যেন ধর্মরাষ্ট্র প্রতিষ্ঠারই সংকল্প । মৃত্যু যেমন নিঃশ্চুপ-একাকী, তাই সত্য, বোধকরি, সার্বজনীন হয়েও ব্যক্তিক ।
বর্ষণমূখর রাতে যখন ফুটেছে কদম, তখন পিতার কাঁধে শিশু চলেছে অগস্ত্যযাত্রায় । এইদৃশ্যে পিতার ক্রন্দন মাতার বিলাপের সমাঙ্গ নয় । তবু ফুল ফোটে, তারা উঠে ; হঠাৎ থেমে যাওয়া সাবওয়ে ট্রেনে জোয়ারভাটার মতো আমরা দুলতে থাকি, আমাদের উত্তেজনা শশব্যস্ত ইঁদুরের মতো, যেন ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচের জয়পরাজয় আমাদের সত্তারই অংশ ! যেন পৃথিবীর কোন উন্মেষ বিন্দু ছিল না, যেন তার নেই কোন নাস্তি । দীর্ঘ প্রতীক্ষার পর আমরা ট্যানেল থেকে বেরিয়ে খোলা আকাশের নীচে দাঁড়াই ; শুনি সাইরেন, শুনি সঙ্গীত, আর নশ্বরতাকে অনুভবে আনি । গ্রীক কিংবা ভারত-পুরাণের দেবদেবীদের মতো নই আমরা, তবু জেনে যাই এখনও জীবন সম্ভব !
জনাকীর্ণ পানশালায় জড়ো হয়ে আমি হয়ে উঠব আরও নিঃসঙ্গ, আরও একাকী ; খুঁজে ফিরব প্রিয়মুখ, কিন্তু অন্ধকার রাত দেখায় না কিছুই ! আমার পোশাকে আমি ফেরি করে ফিরব আমার নিঃসঙ্গতা আর পানশালার তীব্র গন্ধ; জেনে যাব বিবর্ণ ইঁদুরের মতো আমরাও ঈশ্বরের সন্তান ! এই মানুষের সংসারেই রক্তাক্ত হতে থাকেন ঈশ্বরের প্রিয় পুত্ররা, কারণ ধর্মরাজ্য প্রতিষ্ঠার কোনও সাক্ষ্য নেই । সকল পৃথিবী জুড়ে কেবল ধর্মের অধিষ্ঠান, আর তার আবহসঙ্গীত, তবু আমি মানুষ দেখি নি কোনো !
অন্ধ আমি রক্তাক্ত, যুদ্ধে আছি লিপ্ত, ষাঁড়ের সাথে–দিকশূন্য সময়ের সাথে নিরন্তর এক দ্বৈরথ !
নিউইয়র্ক, মার্চ ০১, ২০১৪
সময়ব্যূহে অভিমন্যু [৩]
মহাকাল, যাকে আমি সকল অভিকর্ষের বাইরে গিয়ে বিন্দুর অনিঃশেষ দ্রুতি জ্ঞানে জেনেছি, সে তো ভ্রান্তির অভিজ্ঞান, আর ভ্রান্তি সে তো দর্পণে ঈশ্বরকে প্রতিফলিত করার অভিপ্রায় ! দেখি নি ঈশ্বর, তবে প্রতিফলিত রোদ এসে ভরে দেয় আমের বাগান ; গুঞ্জরিত আমের মুকুলে গান গায় মহাকাল, আর তার পদপ্রান্তে পড়ে থাকে গোলা-বারুদ, মধু ও মৃত মৌমাছি ।
আমি তো চেয়েছি যেতে সময়ের রথে চড়ে সকল বৃত্তের বাহিরে ; কিন্তু সকল দিগন্তেই প্রজাপতি পাখা মেলে ; তার অভিঘাতে জাগে তরঙ্গ, জন্ম হয় সময়ের আর ঈশ্বর নামে এক বিভ্রমের ! লাটাই নিয়ে ঘুড়ির আকাশে থেকেছি ব্যাপ্ত, হয়েছি ভগবান, উড়িয়েছি রঙধনু, আর গোধূলির কাছে উৎসর্গ করেছি বিকাল । একাকি রিকশার মতো সন্ধ্যা নেমেছে মফস্বল শহরের কেন্দ্রে আর তার প্রান্তসীমায় ! আমি দাঁড়িয়েছিলাম পদ্মার তীরে, ভগীরথের এই অববাহিকায় ! সেইখানে বাণিজ্য ছিল ; ছিল তীর্থ ; সেইখানে শিখেছি ভজনা, জেনেছি শরীরের বাসনা ।
আজ সময়ের লাটাই নিয়ে ব্যাপ্ত আছেন অন্য কোনও ঈশ্বর ; কিন্তু আমি থেকে যাই তাঁর আকাশে অদৃশ্যমান ! ধূমকেতুর নশ্বরতা নয়, নক্ষত্রের ব্যাপ্তি নয়, আমি আছি মানবের কোলাহলে ; ক্লান্ত সে যাত্রি, সাবওয়ে ট্রেনে যে কেবলি ঘুমিয়ে পড়ে, যেন অতিকায় জলহস্তী । দেখি, মানুষের ইতিহাস মানুষকে করে নি ঈশ্বর । ইঁদুরের শশব্যস্ততায় মানুষের প্রণয় দেখি নি । পানপাত্র জুড়ে দেখি মাছির মতো কেবল মানুষেরই কোলাহল । আমি খুঁজে ফিরছি আমার দেহহীন ছায়া !
আকাঙ্ক্ষাকে শূন্য করে আমি কী চেয়েছি ইচ্ছামৃত্যু, যেখানে নেই সময়ের দ্রুতি কিংবা মন্দন । জেনেছি, মহাকাল, সেও ঈশ্বরের মতো এক বিভ্রম !
নিউইয়র্ক, মার্চ ৯, ২০১৪
