তানিয়া চক্রবর্তীর গুচ্ছ কবিতা
গন্ধে
অচ্ছুত সুরার গন্ধে সুর মিলছে
তোমার আমার ব্যর্থ গলার শিরা
আমাদের উপর্যুপরি নিশানাহীন পদক্ষেপ
চতুষ্পদ হই… হামাগুড়ি দিয়ে
তুলে আনি গ্রীষ্মের কৃষ্ণচূড়া
হাওয়াই চটির পাশে পড়ে আছে অবজ্ঞা
শিকলহীন আনন্দের ধারা
প্রেক্ষাপট
প্রেক্ষাপট নেই বলে
বাঁকানো ভ্রূ আতিশয্যের ঘর বোনে
ছাঁচের সন্দেশ নয় বলে
গুঁড়ো মিষ্টি ছড়িয়ে দিয়েছে কাক
জানলার ধার ঘেঁষে নারীবাহিত জীবন
ঘাটে বসে একা যদি হতাম
পলক ফেলা পুরুষকে বলতাম ঘুমোও–
যেখানে নার্সিসিজ্মে চুম্বন হয়
ডানা গজায়
ইন্দ্রিয়গুলো সেখানে জাতীয় হয়নি বহুদিন,
হে জনগণ ঘাটে স্নান করো
আমাকে নারীত্ব দিও না এখন
প্রাণহীন
যান্ত্রিকতার পাশ দিয়ে
হেঁটে চলেছে অজস্র পুতুল
নির্মাণহীন গল্পে তাদের সংসার
এপারের কাচ থেকে দেখি
তারা কত মেদুর ও আকস্মিক
এমনও তো হয় তুমি ভাব
আর আকাশের মতো প্রসারতায়
কেউ জাপটে ধরে তোমার শরীর
যে হাওয়ার জন্য এত রোদ, এত মেঘ
এত নিস্পন্দ ঘুম–
তারা কেউ মানুষ নয় তো আমরা
এক-একটা পুতুল যুদ্ধ
অথচ খেলনা ব্রীজের তলায় একজোড়া চোখ বন্ধ করে
ভেংচি কেটে মন্ত্র বলছে যে
সেই একমাত্র মানুষ
বাকি সব খেলনা—উচ্চারিত মন্ত্রে
হাঁসফাঁস করে বলো
তুমি পুতুলেরও পুতুল
আরও দামি হতে গিয়ে
তোমার যন্ত্রণারা হারার ভয়ে
শুধু যুদ্ধ করে চলেছে—
এমন ক্রীড়নক জীবনের কোনো প্রাণ হয় না
পারব বলেই
পারব বলেই এতটা পথ ভুল হয়ে গেল
মধ্যমার সংযমহীনতায় মাধ্যম হয়ে গেলে
পাতা ঝরা গাছ কবে থেকে বোবা হয়ে আছে
আওয়াজ বেরোয় সন্ধিক্ষণে–বেয়ে চলো
তোমাকে দেব ঘষা-খাওয়া ঘুঙুর
আর ক্রান্তদর্শী ঝালর
রঙখেলার আগে শব্দের তূণীর বানিয়ে রেখো
মুছে দিও কিছু কৃতঘ্ন মুহূর্তের ধার
পারব বলেই এতটা পথ ঘাবড়ে গেল
চৌকাঠ পেরোলেই জাম-রঙা আলো
কিছু কালঘাম দিয়ো আমায়
জাম-রঙা ঠোঁট গ্রহের দ্যুতির মতো,
কুকুরের নিবিড় ডাকে
মাঝরাত হয়ে যায় মৃতের শরীর
এসে ধরো ব্যর্থ হাত
মশালের আলো থেকে পালিয়েছে প্রাণ
আলোকবর্ষের আক্ষেপে
চিনতে পারেনি বলে
হাতে গজিয়েছে শিকড়
অর্বুদহীন আনন্দে ঘুমিয়ে আছে অঙ্গুরীমালা
গুটিয়ে যাওয়ার আগের নধর সময়–
পারব বলেই এতটা পথ হারিয়ে গেল
