২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফজলুল কবিরীর তিনটি কবিতা

fazlul_kabiri

Published : 28 Feb 2014, 01:45 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

নিসর্গ ও প্রার্থনার কবিতা

সবুজ নিসর্গ ছুঁয়ে ছুটে চলি জোছনার খোঁজে
দেখি একটি লাজুক লতার উজ্জ্বল দেহে
বনের গভীর শীতলতা মুখ বুজে
চাপ চাপ আঁধারের রঙ মাখিয়ে নিচ্ছে নির্মোহে

চোখের আড়াল হতে কেউ একজন শিস দিয়ে ওঠে

দেখছি পলক ফেলে, দুলছে বাতাসে
এক ফালি জোছনার ছটা
উড়ে যাচ্ছে ফুল, ত্রস্ত ও ব্যাকুল, ভেসে যাচ্ছে ত্রাসে
গড়িয়ে পড়ছে রক্ত ফোঁটা-ফোঁটা

ছুটে যাই, ছুটে যাই

ফের ছুটে গিয়ে দেখি, উড়ে যাচ্ছে বিরল মানুষ এক
হিংস্র ও ভয়াল- ডানায় রক্তের ঘ্রাণ
শীত-রাত্রির ছায়ায় ভেসে থাকে দেখ
মৃত্যু ও হত্যার গান

অক্ষরগুচ্ছ

ঘাসভর্তি মাঠে কারা যেন বুনেছিল বীজ
জেগে ওঠে শস্যের সবুজ ভ্রুণ
নরম রোদের গায়ে ঠেস দেয় আলোর ফোয়ারা
ভ্রুণের গভীরে জাগে সম্ভাবনা

তারপর একদিন
হঠাৎ আঁধার নামে মাঠে-
ছাই ওড়ে
সেই থেকে মাঠজুড়ে মড়কের হইচই

করুণ ও ক্ষুধার্ত কবিতা

কোনও পাথরের পেট ফুঁড়ে আমার জন্ম হয়নি। তবু পাথরের যে ভাষা মানুষ উদ্ধার করতে পারেনি এখনও, সে-ভাষাই আমার মুখের বুলি হয়ে ফুটেছে এ-কথা প্রায়শ মনে হয়। যেসব পরাধীন পাথরের হাড়গোড় দিয়ে পত্থন হয়েছে শতশত সভ্যতা, তার অনেক কিছুই মানুষ জানে না। মানুষ এ-প্রশ্ন যখন করে, তাদের বলিঃ আমার জন্ম হয়েছে মৃত এক পাথরের পেট ফোঁড়ে। মানুষের সভ্যতার ইতিহাস মূলত একটা আদি পাথরের প্রসব বেদনারই ইতিহাস- এই সত্য আমি তাদের বুঝাই। মানুষ আমাকে বুঝতে পারে না। কিন্তু আমি দেখি এ-গল্প শুনে তাদের মুখের ভাষা ক্রমশ আমার জন্মের ইতিহাসের মতই করুণ ও ক্ষুধার্থ হয়ে ওঠে…