মজনু শাহর একগুচ্ছ কবিতা
*
তারপর সেই ময়দানবের সাথে দেখা হয়। বললাম, আগে কোথায় যেন দেখেছি তোমায়? বলল, আমি মৃত্যু। পরক্ষণেই তার চিত্রিত হাতের তালু মেলে ধরল। একটি ডুমুর! প্রান্তরে ডোমিনো খেলার বিশাল গুটি পড়ে আছে। লুকাব?
*
আমার দেখাগুলো সবসময় রয়ে যায় অসম্পূর্ণ। কলহমুগ্ধ পাখিরা উড়ে গেলে পরে সেদিন এক কাব্যনিন্দুককে দেখেছি,বইপত্রের টিলায় বসে বসে লেজ নাড়ছে! তার দুই হাত আর লাল টকটকে গণ্ডদেশে আঁকা আছে দুর্বোধ্য ট্যাটু। কাছে যেতেই সেই খারেদজ্জাল হাসতে হাসতে বলল,'খুব অরক্ষিত মুহুর্তগুলো কিভাবে সামাল দাও তুমি?' এর, এদের, যে-কোনো জিজ্ঞাসায় নিরুত্তর থাকি। সম্ভবত, অভিব্যক্তিহীন। এখানে প্রথমে মূষিকের সঙ্গে সমস্তরকম সন্ধি, বাহ্! কিছু পরে ঐ মূষিককেই ভক্ষণ। বহুতর মৃগবধ আরও কিছু পরে।
*
মনে পড়ে শষ্পতট, আর তার পরে শুয়ে থাকা সেই পুণ্যগাভীটিকে মাঝে মাঝে মনে পড়ে যায়। ঘাসবীজ তার একবিন্দু বেদনার কথা বলে যখন রাত্রির কানে, সুসমাচারের পৃষ্ঠা ওড়ে, তাকে ঘিরে নাচে লাল পুতুলেরা আর উটপাখি! মনে পড়ে বায়স্কোপ, আর সেই মুগ্ধ হরবোলা, আয়নার মধ্য থেকে যিনি প্রশ্নোত্তর পাঠাতেন; চারুবাক তিনি? না-কি, তুরীয় দ্বন্দ্বের পাখি?
*
রক্তহিম বাস্তবতার ভিতর হেঁটে যেতে যেতে নাচ থেমে গেছে আমার। ম্যাট্রিক্স বুঝতে না বুঝতে ভোর। দীর্ঘতম এক ট্রেন,নাকি কফিন ছুটে চলেছে আমার বাড়ির পাশ দিয়ে,তা দেখতে দেখতে রাত কাবার। পৌরাণিক যক্ষপুরুষ অগ্নিশিখার দিকে তাকিয়ে আছে। পরিচিত সব্বাই শশাক্ষেতের ভিতর ঘুমাতে চাইছে। তাৎক্ষণিক ইউফোরিয়া?
*
যেখানে মূর্তিরা অনর্গল কথা বলে,মেঠো পথ ধরে একদিন কিভাবে যেন মৃত মাছেদের নদীর কাছে পৌঁছে গেছি, যেখানে ভায়োলেন্স,স্বপ্ন,আর দৈববাণী একে অপরের হিয়ার সঙ্গে হিয়া রেখে জুড়িয়ে নিচ্ছে নিজেদের, যেখানে সাধু উটচালক এক নিমেষে খড়ের মাদুরের মতো গুটিয়ে নিয়েছে রামধনু একদিন, আর আমার বিস্ময়গুলো এক অদ্ভুত মেশিনে জেরক্স হয়ে চলেছে…
*
এই লালপর্ব কেটে গেলে,যদি শুনতে পাই অসীমের রণন! হাসি আর নীরবতার মাঝামাঝি এক ধূধূ বালুকাবেলা খুঁজে পেতে চাই আমি তার আগে। চাঁদচূর্ণ নিয়ে বসে থাকা মনোরোগী আমাকে বলো না,বাঁশবনে অপেক্ষারতা ভুতুড়ে অধ্যাপিকার দিকে যাবার রাস্তা বলো না আমায়। বিস্তীর্ণ গমক্ষেতে বয়ে যাওয়া বাতাসের লিরিক বলো, বলো মৃগইঞ্জিন, দারুচিনিগাছে আটকে থাকা ঘুড়ি বলো, বলো ভাষাব্যাধ, স্বপ্নভিক্ষুক, ঘুমবিন্দু বলো বলো…
*
ঝড়ের শেষে,আকাশ থেকে একদিন নেমে এল হাস্যরোলের দেবতা। শোনা যায় ইনি আবার লেখকও! তার ভাষা কেউ বুঝত না,অথবা বুঝত সবাই,হাসিই ছিল তার একমাত্র ভাষা। এক বেতনভুক ক্রিটিক তার পেছন পেছন ঘুরত সব সময়। উলুবনে,অসংখ্য মেধাবী শেয়ালের মাঝে একদিন তারা দুজনেই হারিয়ে যায় পাণ্ডুলিপি সমেত। বৃত্তান্ত শুনে আমি বললাম,ওগো বসন্তদীপ, উতলা না হও, অচেনা হাসি শুনে ঘাবড়ে যেও না, রিলাক্স! সারারাত ধরে জ্বলতে থাকে পিঠাগাছ, গরম ছাই উড়ে আসে, আর তখন সারা দেহে আল্পনা এঁকে আয়নার ভিতরে ঢুকে কেউ একজন রক্তমাখা বালিশের গায়ে কী যেন কী পড়তে থাকে। একটা দো-নলা বন্দুক, সকাল থেকে অনর্গল কথা বলে চলেছে। এগারটি জবা এগার রকম ভঙ্গীতে ঝুলে আছে আমার সামনে।
*
ময়ূরেরা আসে। গর্বিত। পাশেই নির্জন সমাধি। এখানে একটি রাইঘাস সারাদিন বাতাসে কাঁপে আর অন্য ঘাসেদের বলে, চলো, ব্যাখ্যার ক্লিশে অত্যাচার থেকে পুরোপুরি বের হয়ে যাই। কোনো ময়ূর কি পৌঁছে দিতে পারে স্পষ্ট কোনো অস্মিতায়? অন্য পাখিরা রোদ-জাফরি জ্যোৎস্না-জাফরি পার হয়ে আসে অন্তিমে। হয়ত আমরা সবাই বিশাল কোনো ময়ূরের এক একটি পেখম!
*
বঙ্গসুন্দরী, ভাঁড় ও বাজপাখি নিয়ে এই ধুলোনাটক। এই উড়ন্ত আস্তাবল থেকে টুপটাপ খসে পড়া। পাতা হও, বাদামি ঘুমের সংজ্ঞা হয়ে ভেসে থাকো সরোবরে কিছুক্ষণ। পাড়ে,লাল ঝুঁটি ভোঁ নয়, যেন এক থোকা প্রশ্ন চুপ করে আছে। স্খলিত তীর, স্খলিত পাখি, স্খলিত পাতা শেষ অব্দি দেখি। দেখতে দেখতে তারপর ঝরা-পাতাদের দূত আমি কি নই?
*
এমন পরাগ মাখতে চাওয়া খরগোশেদের কখনো দেখি নি, তাদের ব্যথাগুলো সিঁদুর রঙে লেখা আছে লিফলেটগুলোতে। আর ট্র্যাডিশন নিয়ে ঘেউ ঘেউ। চন্দ্রহার, তোমাকে ততখানি গোপন রাখতে পারি নি। ময়ূর-ঝঞ্ঝা শুরু হল। জাহান্নামের চিন্তা করতে করতে আনারস-চুরির পথে নেমে গেছি কখন যে!
*
কেউ না থাকুক, স্ফুলিঙ্গ-সুন্দরীরা আছে,তারা অবিরল ঝরে পড়ছে ঘাসে, বালিতে, আমার মর্মরদ্বীপ জুড়ে। আর রাতের কিনারে আছে ইডিয়ট আগন্তুকের মতো সেই তোবড়ানো চাঁদ,যাকে দেখে আমার আহামরি রোমাঞ্চ ফিকে হয়ে আসে। আরো কিছুদূর নিশ্চুপ হাঁটা যাক, এখন ফুলেদের রক্তাক্ত-হাসি শুষে নেবার সময়,আমরা তারপর বাঘের কবর অবধি যাব। চারপাশে মৃত আর নতুন গজানো ঘাস, এত পাশাপাশি, যেন বাদামি ও সবুজ ভ্রমরের বাক্য, যেন তারা কোনো অবিনাশী চিন্তা। আর তুমি তো জানো, যে-কোনো চিন্তার কর্তৃত্ব থেকে আবার আমি একদিন ঠিকই পালাব, যেদিকে কথার মরুভূমি।
