২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তাহমিনা কোরাইশীর গুচ্ছ কবিতা

tahmima_qoraishi

Published : 02 Feb 2014, 04:45 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

আশা

সবই আজ কর্পূর হয়ে মিশে যায়
যায় না শুধু একটি আশা
স্বপ্নগুলো খুঁজে বেড়ায়
নিরন্তর ভালোবাসা
কাঁচামিঠে রোদ্দুরে শীতের সকালে
সমীরণে শিহরণে হৃৎকমল ওঠে দুলে

স্বপ্নের ঘোরে এই মন কিছুটা সময়
নিখুঁত জীবনের ভিত গড়তে নিষ্ঠাবান হয়
ডাকে, কেবলই ডাক দেয় মরীচিকা ঢেউ
পিছু ছোটে এক টুকরো অবুঝ আশা
জোনাক জ্বলে দুর্গমে চিনিয়ে দিতে পথ
আশা ভালোবাসায় স্বপ্ন বোনে মন
গতিতে দুর্মর মন্ত্র: কখনও স্রোতস্বিনী কখনও শ্লথ

আশা ছোট্ট তরণীর সাথী,
আমৃত্যু সঙ্গে থাকে, নইলে
মানুষ বাঁচে কোন মন্ত্রবলে!
জীবনের আঁচলে পড়েছে গিঁট
আছে কেবল ধূলিময় পথচলা
নিয়ত ধাবমান বেঁচে থাকার
হিরন্ময় আশা যেন যক্ষের ধন;
অতন্দ্র প্রহরী ঘেরা টুকরো জীবন।

বর্শায় জীবন

গ্রন্থিত কাহনে জীবন বর্শাফলায় নাচে
কাঁচামিঠে স্বাদে লুকানো আঁচে
ইটকাঠ খসে যায় ভারসাম্যহীনতায়
ধ্বনি ওঠে কাঁসার ঘণ্টায়
সম্পর্কের জীর্ণ বস্ত্র ঝরে যায়
শীতার্ত অনুভূতির তীক্ষ্ণ কাঁটায় কম্পিতনাভি
ভরসা শুধু সেই তুমি…
নতুবা বর্ধিষ্ণু কাঁটাদলে বিদ্ধ এ জীবন
নয়নের জল পোড়ায় সে কোন আগুনে!
অনিবার্য নেশায় কেবলই ঘানিটানা
ঘোর লাগা চোখ বলে, পথের শেষ কোথায়
ফোঁটায় ফোঁটায় জমে স্বেদরস মাদকতায়
দুই পয়সার তেল সেই অভাগির
বিলাসী কিচ্ছায় ইচ্ছাপূরণ
হতাশায় আশা বীজে সবুজ পাতা
গজায় কেন যে…
নয় মরুপথ নয় প্রবল স্রোত
নয় পাহাড়ি ঢলে উজাড় গ্রাম
বর্শা ফলায় গ্রন্থিত এ জীবন
ধুয়ে যায় গ্লানি বর্ষণ রেণুতে
বসন্ত বাতায়নে শুকসারি কলতানে ভরবেই জানি
বিমূর্ত প্রভাত জীবনের ধারাপাত
হিসেব মিলবেই
মানি না মানি।

বালির ঘর

সিঁড়ি ভেঙে উঠেছি ক'ধাপ
হাত বাড়াইনি চাঁদে
আকাশ-কুসুম কল্প ফাঁদে
অমানিশা-পূর্ণিমা রাতে
সুখের পিছু হেঁটে করিনি ক্ষয়
জুতোর সুখতলি।
সুবাসিত চন্দন গন্ধ হারায়
ভেজাল কাঠের ভিড়ে
জ্বালাতে আসিনি জ্বেলেছি আগুন
শীত নিবারণে
দ্বিগুণ হয়ে জ্বলে অনল
আমারই সর্বাঙ্গে।

হাজার কলস জলে ধুয়েও কাদায় মাখামাখি
জলেই আছে কাদার বসতি, কী করে ছাড়াই?
বালির ঘরে বসবাস নিছক সুখ বাসনার তীরে
বালিতেই নোঙর ফেলি অনেক মলিন স্বপ্ন ঘিরে।

স্মৃতির উঠোন

বৃষ্টির উঠোনে স্মৃতিরা একান্নবর্তী পরিবার
বটের জটার মতো জড়িয়ে থাকা
সেই তেতুল তলার চালাঘর
রান্না চলছিল হাত কয়েক দূর
বিশাল হাড়িতে মাশডালের খিচুড়ি
কুমড়া পাতায় মোড়ানো শর্ষে ইলিশ
স্নিগ্ধ সোঁদা গন্ধে ভরপুর চৌহদ্দি
বৃষ্টি ভেজা বাতাস
নিষ্পলক চেয়ে থাকা অনাহারী চোখ।
আমি তো তোমায় শিখিয়ে ছিলাম চোখেরই ভাষা…
কিছু কি মনে আছে তার?
আমি নিরূপায় তুমি নিরুদ্দেশ
ভাষা ভুলে আজ তুমি নতুন বর্ণমালায় শিক্ষানবীশ
অন্য ভাষার সাথে নিত্যদিনের পরগাছা জীবন
তবুও ঐ বেশে আছো তো বেশ
আমি কেবলই বৃষ্টির নামতা ভুল করে করেই
আওড়াই…
বর্ষার বর্শা ফলায় খুঁড়ে খুঁড়ে
হৃদয়ের পোড়া মাটির জমিন
কখনও স্মৃতির শরীরে জড়াই ময়ূরী পেখম
উঠোন ভর্তি জল ছলাৎ ছল
অবিরাম ঝরে বর্ষণ
আকাশ-আঙ্গিনা-টিনের চালাঘর
আর আমার দু'নয়ন।

মুঠোফোন

তুমুল হট্টগোল বেঁধেছিল সেদিন
একটুকরো কাগজের ঢিল
ভাঙ্গেনি কিছুই
জানালার নীলাভ কাচও
কেবলই বুক জুড়ে হাপরের ওঠানামা
এক টুকরো কাগজের ঢিল
হাত ফসকে বাবার পায়ের কাছে
কী ছিল ওতে?
নামহীন শিরোনামহীন দু'লাইনের চিঠি
কি এমন মহাভারত অশুদ্ধ তাতে?
বেদম শংকায় প্রহর আমার
তথ্য প্রমাণ মেলেনি কিছুই
সে যাত্রায় বেঁচে গেছি আমি
তবুও ঐ জানালায় নিশিদিন
অনুভূতির উত্তাপে জ্বলে উঠি
কী দুর্মর হাতছানি নিজেকে চেনার!
ছিপ ফেলে বসে থাকা কয়েকটি মুখ
এরই মধ্যে কেউ একজন কাছে আসে
আমিও বাড়াই হাত
বড়শী দেখে দেখে জল ছুঁয়ে যাই;
কথারা বাতাসে ফুল হয়ে ফোঁটে
রাত্রির বুক জুড়ে স্বপ্ন জোনাক পিদিম
দিনের পিঠে দিন দিনান্তর।
হঠাৎ ছিড়ে যায় বিনে সুতার মালা
অন্য ছিপে আমাকে গাঁথার প্রস্তুতি
হয়নি কথা তার সাথে–আড়ালে আবডালে আর

হায়! মুঠোফোন;
তুমি তো ছিলে না সেদিন!

খুঁজি

তোমার সাঁচে ঢালতে পারিনি আমার অনুশাসন
হলো না আর গাঁট বন্ধন
কেবলই অচেনা লাগে আকাশের রঙধনুরঙ
সময়ের তরী ছোটে দ্রুত…
জল শুকিয়ে চর পড়ে নদী
যেখানে ছিল পাড়ঘেষা কাঁশবন
দূরন্ত বাতাসের খিলখিল হাসি
আজো অনুরণ তোলে পাঁজরে।
জমছে ইট শুরকির পাঁজা রড সিমেন্টে ঠাসা
নদী হয়ে যায় অট্টালিকা
কিঞ্চিত ভাগ সময়ের দুরুহশ্রম কে দেয় বল!
তাইতো লুট হয়ে যায় লাবণ্য কথন
পঞ্চব্যঞ্চনের ঝাঝালো ঝাজে
গৃহের বিবিধ উপকরণে নাকাল সময়
খুঁজি পুরনো খাতার পাতা–
সেই বৃক্ষরাজি ছায়াঘেরা গালিপথটিও
যেখানে ছিল আমাদের নিত্য লুকোচুরি খেলা…
আজ ঐ পথে দাঁড়িয়ে দেখি মহাসড়কে আমি
যেনো এক হরিণ সাবক।

সময় দিয়েছে হাতকড়া-বিত্তের বৃত্তাকারক্ষণ
ভাবিনি তখন, এ ভাবেই কারাবাসি হবে এ জীবন!