২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ক্রন্দন : তাপস গায়েনের তিনটি পদ্য

তাপস গায়েন

Published : 01 Feb 2014, 01:07 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

ক্রন্দন [১]
এই যা বাতাস, অনুভবে জেনেছি, তার আবর্ত্তন অনুক্ষণ ; আর জীবন যা উজ্জ্বল চাঁদের মতো, যাকে নিরন্তর গিলে খায় সাপ, অতঃপর ঘুমিয়ে থাকে আমারই অন্তর্গত বিষণ্নতায় । জীবন কী কুণ্ডলীকৃত, পাতায় মর্মরিত মধ্যরাত, উৎসবের নিমিত্তে পুনরায় ফিরে দেখা ! কিন্তু দেখি না কিছুই । ছিল কী রাজ্যাভিষেক ! লাক্ষাগৃহ নয় জীবনের অন্তিম বিন্দু, তবু শ্মশানের ছাইয়ে পড়ে ছিল পিতৃমুখ, এখন যা শূন্যতায় স্থিরীকৃত ; আর ভোরের দোয়েল পাখির স্বভাবে আজো জাগে মায়ের বিনম্র মুখ । শান্ত খালে দেখেছি জলের প্রবাহ, ভেঙ্গেপড়া চাঁদের বৈভব ; কিন্তু সময়কে আমি বুঝি নি কখনো । রাতের অন্ধকারে তাই আমি কান পেতে রাখি !

জেনেছি জীবন পূর্ণ সেইখানে, উন্মুক্ত যেখানে শৈশব ; মফস্বল শহরে যখনো আমি শিখি নি নির্বাসন । কপোতাক্ষ ছিল শীর্ণ, তার তীরে জেগেছিল নিস্তরঙ্গ জনপদ । তবু স্মৃতির গভীরে কোলাহলরত কৃষ্ণচূড়া ফুলের বিক্ষোভ, বানরের নাচ, অনির্দ্দিষ্ট ভোজবাজি, আর কাঁটাঘুড়ির পিছনে অসমাপ্ত দৌড় ; আর মাসশেষে ধূলিময় প্রেক্ষাগৃহে এসেছে নতুন চলচ্চিত্র ; সেইসব প্রেক্ষাগৃহ, বোধকরি, আজ আরও ধূলিধূসরিত ! ঘড়ির কাঁটা যদিও বৃত্তাকারে আবর্তিত,কিন্তু মানুষ ফিরে নি তার নিজস্ব গৃহে । রাতের অন্ধকারে শুনি ভূমিহীন মানুষের ক্রন্দন, সেখানে অগ্নিসংযোগে উজ্জ্বল পালতোলা নৌকা তাকিয়ে আছে দিগন্তে, কিন্তু উদ্বাস্তু মানুষের সারি দৃষ্টি সীমানায় আজ হতে থাকে দীর্ঘতর !

এই সময় যদি হয় সর্পের চন্দ্রভক্ষণ, তবে একদিন সাপের লেজে উদ্‌গত হবে কী পূর্ণচাঁদ । যদি হয়, ঠিক সেদিন পূর্ণ হবে দিগন্তে উদ্বর্তিত ঘাসের সংগ্রাম, সেইক্ষণে জেনে যাব প্রবাস পাহাড়ের সুউচ্চতায় বৃক্ষের উচ্ছ্বাস, আর পাতাদের বহুবর্ণ প্রত্যয় । ভাবি জীবন কী হবে আভাসিত, যেভাবে খেলার মাঠে, শ্রেণীকক্ষে, বন্ধুদের আড্ডায় দ্বৈরথহীনভাবে শৈশব ছিল পূর্ণ ! আমাদের এই জীবন যদি হয় অপূর্ণ প্রেম থেকে জাত, তবে সময় হয়ে ওঠে শত্রুকে হত্যার নিমিত্তে নিক্ষিপ্ত তীর ! তথাগত, আমি কী জেনেছি আমার ক্রন্দন !

নিউইয়র্ক ||জানুয়ারি ১৭, ২০১৪

ক্রন্দন [২]
"আল্লাহ্‌ সাক্ষ্য দিচ্ছেন প্রফেটকে,এবং প্রফেট সাক্ষ্য দিচ্ছেন আল্লাহ্‌কে।" [মনসুর আল-হাল্লাজ]

জেনেছি, উদ্বাস্তু মানুষের জন্য ক্রন্দন নিরর্থক ! সন্ত্রাসের বিপক্ষে ক্রন্দন-অতিক্রমী কিছুই শিখিনি আমি, কারণ আমি নই কুরুক্ষেত্রের অবতার শ্রীকৃষ্ণ কিংবা উহুধ যুদ্ধক্ষেত্রের প্রফেট মুহাম্মদ । আমার বিষণ্নতায়, ঈশ্বর সমীপে নয়, নিতান্তই সময়ের কাছে আমি সাক্ষ্য দিয়ে যাই, দেশান্তরী পাখিরা আসে ফিরে, তবু বাংলার মাটিতে যায় না ফিরে তার উদ্বাস্তু মানুষ !

আমারও আছে বিষণ্নতা, আমারও আছে কষ্ট, কিন্তু মানুষের বাগাড়ম্বরে-পূর্ণ-ঈশ্বর আমাকে দিবে না সাক্ষ্য । বিভিন্ন বর্ণ, বিবিধ গোত্রের মানুষের ভীড় আমার প্রতিদিনের বিশ্বে, উৎসুক ছাত্র-ছাত্রীরা তাকিয়ে থাকে আমার মুখাপানে ; তারা শিখছে বিজ্ঞান, আমার নির্বাসনের তারা কি সাক্ষ্য দিবে ? যদিও আমি বর্ণহীন, যদিও আমি গোত্রহীন, তবু পৃথিবীর কোনো এক ভূগোলে, যেখানে শায়িত রেখেছি আমার জন্মদাতা পিতা এবং জন্মদাত্রী মাতাকে, সেইখানে আমার বেদনায় আজো ফোটে কদম ! আমি খুঁজে ফিরছি বেহুলার ডিঙ্গি, লক্ষ্মীপেঁচার নিঃশব্দ উড্ডীন, আর এলোচুলে রামপ্রসাদের শ্যামা, কিন্তু দেখি না কিছুই ! বাংলার আকাশে আগে এতো শকুন উড়ে নি যেন,বাংলার মাঠঘাটে কোনোদিন এতো কুয়াশা আমি দেখি নি যেন ! জানি নির্বাসিত আমি,তবু দূর উপকূলে জীবনের জন্য এতো ত্রাস,এতো উৎকণ্ঠা কেন আজো জাগে মনে !

কেন জানি,সকল উৎসবে আমার পানপাত্র থেকে যায় অপূর্ণ,কারণ মানুষের প্রার্থনা আমি আজো মানুষের দিকে প্রবাহিত হতে দেখি নি । মানুষ যেন দ্যাখে না কিছুই, শুধু প্রার্থনায় আসীন সে ইঁদুরের মতো লেজ নাড়ে । মনসুর আল-হাল্লাজ, হে আমার প্রিয় কবি, আপনি বিন্দুতে জেনেছেন সত্য, জেনেছেন খোদার অস্তি এবং নাস্তি ! আপনার শিরচ্ছেদে আল্লাহ কী সাক্ষ্য দিয়েছেন ! আপনি তো প্রভু যীশুর মতো আরেক চারণকবি,তবু ঈশ্বরের-ভ্রান্তি আপনাদের কেন যে ছাড়ে নি !

আমার বিষণ্নতায় নিউইয়র্কের জলের প্রবাহ বরফ হয়ে নামে, যখন দূর উপকূলে মানুষের হাতে নির্যাতিত আমার অসহায় সহোদরা কাঁদে ! আল-হাল্লাজ, হে আমার সুফীসাধক,বাংলাদেশের অধ্ম-কবির এই বেদনার আপনি কী সাক্ষ্য দিবেন !

নিউইয়র্ক ||জানুয়ারি ২১, ২০১৪

ক্রন্দন [৩]

ক্রন্দন ব্যতীত শ্রুতিযোগ্য কিছু নেই । শব্দরা ঈশ্বর থেকে দূরে, তাই এখন কোনো মন্ত্রোচ্চারণ নেই !

আমার সকল শরীর জুড়ে এখন নির্বাসন জেগেছে ; কারণ, আমার জনপদের নারীরা শঙ্কিত, শিশুরা ক্রন্দনরত, গবাদি পশুরা অভুক্ত, এবং বৃক্ষরা কর্তিত ! নারী এবং দেবালয় যখন ভূলুণ্ঠিত, চিন্তা তখন অসংলগ্ন, শব্দরাজি তখন বিভ্রান্ত, এবং প্রার্থনা তখন কান্নার ভঙ্গীতে উৎসারিত । পরিযায়ি পাখির উৎকণ্ঠার অস্থিরতা নিয়ে আছি আমি রাতের গভীরে ; এবং ভাবছি কীভাবে ভূপৃষ্ঠে চুম্বকের শক্তি, নক্ষত্রের অবস্থান, বাতাসের গতিবেগ, এবং পথিমধ্যে ফলের বাগান আমাকে এবং আমার জনপদের মানুষদের পৌঁছে দিবে অজানা গন্তব্যে ! শঙ্কা এবং সম্ভাবনার মাঝে আমার সকল প্রয়াস নিয়োজিত, যদিও আমি এখন যাত্রার উদ্‌ভ্রান্তিতে অস্থির !

কিন্তু কী এক নিরবতা আমাকে আচ্ছন্ন করে রাখে, যা কেবল ধ্বংসযজ্ঞের পরে এবং প্রস্থানের পূর্বে জেগে ওঠে । রাতজাগা কুকুর এখন শান্ত, লক্ষ্মীপেঁচার ডানা এখন স্তদ্ধতায় স্থির, নারীদের কোনো প্রগভলতা নেই, এবং অশ্রুশূন্য আমার কান্না এখন অনুচ্চারিত, যেন বাতাস আটকে আছে অসুরের করতলে । সময়ের কাছে আমি কী সাক্ষ্য দেব, কারণ ঈশ্বরের সাথে এখন শব্দের কোনো বসবাস নেই ! সময় এখন বাতাসের মতোই রুদ্ধ, যখন অসুররাই পরাক্রমশালী !

জানি না কোথায় গেছেন দেবী বিশালাক্ষী আর রামপ্রসাদের শ্যামা ! চলে যাবার আগে যদি একবার শুনে যেতে পারি ভাসান গান, রূপকথা, আর যাত্রা-পাঁচালি, তবে শীতঋতু শেষে ফিরে আসবে পরিযায়ি পাখি, এবং হয়তো তাদের যাত্রাপথ ধরে ফিরে আসব আমি, আর ভাবি আমরা কী আবার সবাই হয়ে উঠব নদের ঠাকুর, " নমি আমি প্রতিজনে, আদ্বিজ চণ্ডাল, প্রভু ক্রীতদাস !"

আর ক্রন্দন নয়, শব্দকেই করি প্রণিপাত !

নিউইয়র্ক ||জানুয়ারি ২৩, ২০১৪

Image
Flag Counter