গোলাম শফিকের একগুচ্ছ কবিতা
দুঃখ ভারাক্রান্ত অবাধ্য কবিতারা
আমার দুঃখ ভারাক্রান্ত কবিতারা অবাধ্যও হয়
বলি এতোটা নুয়োনা, হয়ে উঠছোনা তো কি
আজকাল দুর্বলের দেখো আস্ফালন
এসব দেখেও কবিতা কুমারী
অবগুন্ঠন ভেদ করে দাঁড়াও না কেন?
এমন ভাবে নুয়েছো যে, নার্সিসাস মনে করে
কেউ মুখও ফিরিয়ে নিতে পারে।
যতোই লাগাম টেনে ধরি
কবিতা তুমি ছুটে যাও ধূধূ মরুপ্রান্তরে
অশ্বখুর উত্থিত ধূলোয়
জনকেরই মুখ ঢাকা পড়ে।
কবিতা দুঃখ ভুলে যাও
কবিতা অবাধ্য থেকোনা
কবিতা তুমি হয়ে উঠো কবিতা।
আমার শার্ট
আমার প্রিন্টের, ডোরাকাটা শার্ট ঝুলে আছে হ্যাঙ্গারে
আমি চলে গিয়েছি এই ব্রহ্মাণ্ড ছেড়ে
তবু শার্ট ঝুলছে হ্যাঙ্গারে
সাতদিন না যেতেই জুতো জোড়ায় ঢুকেছে আরশোলা।
টেবিলে আমার ক্ষয়ে যাওয়া চশমা
তিন টাকার বলপেন
এক পিঠ ব্যবহৃত লেখার কাগজ।
চশমা আর শখের পাইপটা রেখে দাও এইভাবে,
বললো আরো সে-
পারলে যত্ন করে তুলে রাখো কাচের ভেতর
মরেছে যখন খ্যাতি-বিখ্যাতির শুরুটা হবে এখনি
প্রয়োজনে দান করো মিউজিয়াম বা সংগ্রহশালায়।
একমাত্র আমার হ্যাঙ্গারের শার্ট থাকেনা কখনো স্থির
এরা দোলে বাতাসে যেন জীবন্ত এ শার্ট
অথবা ডাকে অন্য কাউকে পরিধান করতে
হয়তো ওরা খুঁজে নতুন মানব
ব্যবহারকারী যদি পেয়ে যায় কোনো।
এক সময় বদ্ধ ঘরে দীর্ঘকাল স্থির থাকে এই শার্ট
মাকড়সার ঝোলে-জালে প্যাঁচিয়ে যায় ওরা
মাঝখানে উর্ণনাভ অনড় হয়ে রয়
তার দু'টো জাগ্রত চোখই পাহারা দেয় ঘরকে
এই চোখ বলে দেয়, দেখো
জীবন থেকে কী ভাবে জীবনান্তর ঘটে।
বুক পকেটে মুঠোফোন
বুক পকেটের মুঠোফোন উঠলো বেজে
জ্বলছে বুক, জ্বলছে আমার হৃদয় এ যে
বার্তা তোমার টাওয়ার থেকে আসলো ধেয়ে
আসলো সাথে রেডিয়েশন খবর পেয়ে
তেজষ্ক্রিয় ভালোবাসা জ্বলছে আরো হাজার তেজে
ঝরছে জল মনের কোণে, ভিজছে আমার হৃদয় এ যে।
রবীন্দ্রনাথের ছায়া
এ ছায়াটি পিছু পিছু ঘুরঘুর করে
অহোরাত্র মন্ত্র দেয়
করো চাষ শব্দের, পুষ্পের
শস্যের জমিনে বাহারী বৃক্ষের বিতান
তেমনি বাক্য বিন্যাসিত হোক শব্দের বুননে।
কখনো এ ছায়ার বর্ণও থাকেনা
কদাচ স্পর্শযোগ্য হতে হতে মিলিয়ে যায়
অস্তগামী সূর্যের নরম আলোয়
এ ছায়া দীঘল থেকে দীঘলতর বাড়ে।
অসহায় অক্ষম সামান্য মানব
সভয়ে অস্ফূট বলতে পারে 'তুই মর'
এ কথায় ছায়াটির নবজন্মই ঘটে
পিছু ফিরতেই আসে অজস্র হয়ে।
সেইবার রাজ্যের কথামালা ছড়িয়ে
ছায়ামূর্তি অদৃশ্য হলে
দেখে এক সবুজ কাগজের ফর্দ
সে তালিকায় কবিতার সাথে জড়াজড়ি করে
প্রতিবাদ, ক্ষোভ আর প্রার্থনার ভঙ্গি
আর থাকে প্রেম ও মমতার কর্ষণ।
বিকারগ্রস্ত মানব বিভ্রমেও নত
আর বার এলে বলে:
'তুই সত্যিই মর হে মহান ছায়া,
না হয় আমিই মরি
কঙ্কালের কাছে নিশ্চয় আসবি না তুই।'
ছায়াটি বললো হেসে: কবিতার লাঙ্গল আর জোয়াল
কাঁধে তুলে এরই মধ্যে মরেছিস তুই,
তোর লাঙ্গলের মুঠোয় ধরে কাব্যের দেবী
বলছে শোন্– এই হাঁট্ হাঁট্ হাঁট্।
পাথরে শিউলি
কংক্রিটের রাস্তাই আমাদের নিকোনো উঠোন
দরোজার সম্মুখে শিউলিটা কোনোমতে
ছেড়েছে শিকড়-বাকড়
মৃত্তিকার আলিঙ্গন আর ঊর্ধাকাশের
অনন্ত চুম্বন থেকে সে হয় না বঞ্চিত
অগুনতি তারার সাথে মিতালী করে
শিশিরে স্নাত হয়ে নিশি তার
গুজরান হয় দারুণ।
রাতের স্তব্ধতার মতোই শিউলিরা নিস্তব্ধ
তারকারাশির মতো শিউলিরা উজ্জ্বল
শিশিরের মতো এরা নিরীহ
উদয়োন্মুখ সূর্যের রঙ পরেছে বোঁটায়।
প্রত্যুষে শিউলি-বোনেরা ঝরে পড়ে
তারার মতো অগণন
পাষাণের বুকে বুনে আচানক গালিচা
জানি সূর্যালোকে মিইয়ে যাওয়ার পূর্বেই
গাড়ির চাকায় পিষ্ট হবে এরা
তখন ছড়িয়ে পড়বে জাফরানি রঙ।
