হাবীবুল্লাহ সিরাজীর দিবসরজনী
প্রভাতপ্রণয়
কয়েক প্রস্থ পর্দা, ঝুল বারান্দা আর কাচ — তারপরই আকাশ।
বীথির কপালে স্বেদ, বৃক্ষের মাথায় ঝুল, আর শূন্যে হাহাকার ;
এ হাহাকার খুব বাজে, রবীন্দ্রনাথও ধীরে-ধীরে নড়ে-চড়ে বসেন।
মনখারাপ এবং মনভালো আলো ফোটার অপেক্ষায় পাকায় জট,
ভুল আর শুদ্ধ এক চিলতে ঘরে তখন মাছরাঙাদের ঠোঁটে।
সবুজ সরতে-সরতে লালের উৎপাত, পাথরও যেন যন্ত্রের রাঙাভাই —
ভাবে ও বিনয়ে শর্টকাট হ'তে-হ'তে কম্প্যুভাবনা, অনলাইন !
বেলা বাড়ছে তো স্যাঁতসেঁতে দেহে হাওয়ার ফুসকুড়ি
চনমন করে ওঠে বিচরণের গন্ধতৈজস।
বাংলা-ইংরেজি মিলিয়ে কেজি খানেক সংবাদ দাঙ্গায় ব্যস্ত,
পুলিশের পক্ষেও সামলানো দায় ! তারপর আছে রুটি-চা-র লোভে অন্যচিত্র,
যা রে কাক যা — অন্য ঘরের বাড়া ভাত খা ! গরম পানির কল, নাপিতের বাক্স
গা ঝাড়া দিতে না দিতেই ধোপার শ্লিপ, মুচির ব্রাশ নড়েচড়ে বসে ;
কাঁটা ধ'রে ঝুল দিয়েও দশ বাজা থামানো যাচ্ছে না।
কলকাঠির দু'প্রান্তই সরু — উপরেও বেঁধে, নিচেও গাঁথে !
কর্মক্ষেত্র বলতে ভূমির হিস্যা, নল ও কলের আহাজারি
মরি, মরি ! জাদুও টলে, বিদ্যুৎও খেলে।
বন উল্টিয়ে নবতরঙ্গে দ্বিতীয় দফায় ভেজে চা-পাতা …
চৌগাছিমৌমাছি
পাতায় বসা ছিলো মাছি। ফুল ছিলো না, মধু ছিলো না — তবু মৌমাছি।
উড়াল দিলো, চক্কর মারলো, তারপর চেয়ারের পাখায় ব'সে ভ্রু নাচালো
চুম্বনের আশায় ঠোঁটে উলুক-ঝুলুক ; বিষয়ের কিন্তু নানান বাহানা
শিশুর ফিডার থেকে মঞ্জুমালার স্তনবোঁটা পর্যন্ত চোখ গেলে
দৃশ্য যা দাঁড়ায় — তা নিত্যদিনের জন্য না হ'লেও একদিনের জন্য ভার্চ্যুয়াল।
শাখার মৌচাক চৌগাছি থেকে বণিকের সঙ্গে এসেছে, দাপট দেখাচ্ছে হুল ;
মধু মুখে কে কাঁদে ? গুঞ্জণের অপেক্ষায় থাকে মধ্যদুপুর !
কাচা হলুদ আর বাটা রোদের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ধোঁয়া :
ও মা, এ কালেও এতো — বয়েসে না জানি কি ছিলো ?
তর্কযুক্তি
তর্কের পেছনে-পেছনে যদি যুক্তি ছুটতে পারে
তবে ভ্রমণ-প্যাকেজটি ফলপ্রসু হয়। হবেই যে, তার নিশ্চয়তা কি ?
তো তর্কের সঙ্গে হাড়ের একটি ফজুল সম্পর্ক আছে
যুক্তির সঙ্গে যাত্রাপথের
স্থলে যাওয়া যায়, উড়েও যাওয়া যায়
যাওয়ার মধ্য দিয়েই আসার খবর রটে
জুড়ে থাকে দর্শন, স্পষ্ট হয় নন্দন এবং
স্বাস্থ্যসম্পর্কিত একটি বৃত্তান্ত এ প্রান্ত-ও প্রান্ত উল্টিয়ে অম্লজল।
যুক্তির পেছনে তর্ক দাঁড়ালে একটি রাজনৈতিক সংজ্ঞা
কেউ একা নয়, ময়দানে-মিছিলে নামছে বিকেল।
জখমজরিপ
যে স্রোতে খড়কুটো গায়, যে তীরে হাওয়া বাজায়
এই যে — আছে যা, কিংবা হতে পারে যতোকিছু
তার মধ্যে ব্যবধান, তার অন্তে জরিপ।
কুটো ও হাওয়া মন নাড়াচাড়া করে অগোচরে
আমিও হতে পারি অনুগ্রহের শীতল সরীসৃপ !
আমি পাখি দেখি, পাখি মাছ দেখে, মাছ মায়া দেখে
এই বৃক্ষে রক্ত লেগে আছে !
সেই এবং এই-এর গর্ভে দ্রুত একটি ধ্বংস
এই এবং ওই-এর অভ্যন্তরে একটি মনোরম হাঙ্গামা
জীবন নিয়ে একবচন বহুবচন খেলে
দুঃখ তার অংশটুকু পর্দার আড়ালে রেখে দিলে
আনন্দে আরো কিছু ঘটে ; জখমসন্ধ্যায় নুন মেলে !
তামামতালুক
চন্দ্রগ্রহণ ছিলো। বেহায়া তাকে পক্ষ ভাবলে
ঘরসংসারে হেলদোল ঘটে, রটে অনেককিছু।
বারান্দায় চাঁদ রেখে ছায়া ঘরে এনে বসাই,
ঘর মানে তো দেয়াল, আর দেয়াল যখন মেঝে ভর দেয়
মাথায় ছাদ, — ফাঁদ পেতে আছে
ইতরের ইহকাল থেকে গতরবিলাস
সকাল সরিয়ে তালুক দেখবো !
