নওশাদ জামিলের গুচ্ছ কবিতা
সুরের সুড়ঙ্গ
হয়তো লুকিয়ে ছিল চাপাত্রস্ত হয়ে
সাড়াহীন দীর্ঘদিন, একা। একদিন
হাওয়ারেখা ধরে ধরে কী এক সংকেতে
এক সুরে এক ছন্দে বেজে উঠেছিল।
সুরের সুড়ঙ্গ ছিল, ছিল অন্ধগলি
ফাঁকে ফাঁকে এসেছিল হরিণরোদ্দুর
বসেছিল ঘাসে, তটে, টবে, বারান্দায়
তারপর আনমনে বেজে উঠেছিল।
এইখানে, এই নভোনদী তীরে আজ
মরণমধুর বীণা বেজে উঠেছিল।
মা
শির শির করে নড়ে ওঠে বাঁশপাতা
কেঁপে ওঠে কবরের ধূলি–আর্তধ্বনি
হারায় সুদূরে। মাগো, তোমাকে পেয়েও
বুঝিনি, বুঝিনি আমি–হারালাম তাই।
সামনে কাঁঠালছায়া, মেঠোপথ ধরে
উড়ে ধূলি, উড়ে ধোঁয়া। তোমার শিথানে
বসে কেউ কাঁদে। মাগো, তোমাকে পেয়েও
বুঝিনি, বুঝিনি আমি–হারালাম তাই।
পেছনে সবুজ তেপান্তর, ধীরে ধীরে
ছুঁয়ে যায়–মাগো, আজ সরে গেল ছায়া।
সম্পর্কের ছায়াঘর
পৃথিবীর সব সম্পর্কের অপর নাম বুঝি চিৎকার। সম্পর্ক জোড়াতালি দিতে দিতে, উত্থানে-পতনে মানুষ কেবলই চিৎকারের দিকে যায়। মানুষের এই যাত্রাপথ বড় একমুখী, সুনিশ্চিত। চিৎকারের কাছাকাছি যেতে যেতে ধুলোর আস্তরণ পড়ে তার গায়ে। মানুষ বুঝে নিতে চায়–কতটা কাদা আর কতটা ধুলো।
সম্পর্ক, মেঘ, পাখি, আকস্মিক চিৎকারের কথা ভাবতে ভাবতে মনে হয়, দক্ষিণ জানালা দিয়ে এসেছে একগুচ্ছ আশ্চর্য বিকাল। আমরা কত কত বিকালকে ঠেলে দিয়েছি সন্ধ্যার দিকে। কখনো ভাবিনি, ঝিঁঝিপোকার মিহিসুর থেকে সরে যাবে বাংলাদেশ।
বৃষ্টিশেষে নির্জন পথ ধরে আমরা হাঁটছিলাম পাশাপাশি, আমাদের মাঝখানে অদ্ভূত রংধনু নেমে এসেছিল। সারাপথ রাঙা হয়ে উঠেছিল। নীলচে আকাশজুড়ে ভেসেছিল চুম্বনের সাদা দাগ। হাঁটতে হাঁটতে, ধুলো-কাদায় একাকার হয়ে আমরা কখনো ভাবিনি–চুম্বন আর চিৎকারের মধ্যে কতটা দূরত্ব।
চুম্বনের দাগ, কলকারখানা, ওভারব্রিজ, আস্তাবল পার হয়ে মানুষ আবার ফিরে যায় তার পূর্বপুরুষের ছায়ার ভেতর। তারপর বুঝে নিতে চায়–সম্পর্কের ছায়াঘর।
যুবকের অট্টহাসি
মাঝেমধ্যে পৃথিবীকে মনে হয়, ফুসফুস ভরা বালকের আনন্দবেলুন। মাঠ থেকে মাঠে, হলুদ প্রান্তরে, নীলাভ সাগরে কেবলই উড়ছে, উড়ছে; আবার মিলিয়েও যাচ্ছে মহাশূন্যের মাতাল ময়দানে। ছায়ার পেছনে ঘুরে ঘুরে, একদিন বেলুনের সঙ্গী হয়ে বালক উড়ে যায়; মুছে যায় তার শৈশবের বিষন্ন কাঁটা। পৃথিবীতে আর কোনোদিন ফিরে আসে না বালকের আশ্চর্য বেলুন, ফিরে আসে শুধু যুবকের অট্টহাসি। তারপর ফুসফুসে জমে ওঠে ঘুনপোকার একাকিনী সংসার।
তীব্র জ্বালা নিয়ে, দহন নিয়ে পাতালের হিমঘরে মুখ থুবড়ে পড়ে আছে রাজগৃহ, বুদ্ধমূর্তি। পৃথিবীতে প্রত্নদিন আর ফিরে আসে না জানি, ফিরে আসে শুধু যুবকের অট্টহাসি।
