মতিন বৈরাগীর কবিতা
চলো টাইম মেশিনের খোঁজে বেরিয়ে পড়ি
কষ্টগুলো লুকিয়ে ফেলো কখনো কাউকে তা' জানতে দিও না
বিপদ বাড়বে। এ হলো এক তামাশার সময়
রাঘবরা সব গিলে খাবে আর ছোটরা নিঃশেষ হবে
ইতিহাসে এরকম সময়ের উল্লেখ আছে
মনের জানালা খোল আর দেখ আমরা সেই সময়ের ভেতরে
শুশুকের ওঠানামা দেখছি
আকাশটার দিকে তাকাও দেখ কোথাও কোন করুণাধারা নেই
এক ফোঁটা লাবণ্য কেবল মরা মাছের চোখের মতো স্থির
মৌমাছিরা সারাদিন চাকে বসে সংগ্রহ খাচ্ছে
কারণ তারা টের পেয়েছে ভাল্লুক আসছে
কাউকে কিছু বলো না কে জানে সে-ই তোমার শিয়রে কিনা!
তামাশা দেখ আর ভাব পথগুলো পথেই হারিয়ে যাচ্ছে
কোন পথিক নেই, না আধুনিক না প্রতিজ্ঞাবদ্ধ
কষ্টগুলো লুকিয়ে ফেলো কখনো কাউকে কিছু বলো না
তুমি এক সময়কে চেয়েছিলে নদীর মতো চলমান আর বাতাসে নতুনের গন্ধ
বলো না এ হলো হামড়া-হামড়ি আর কামড়া কামড়ির সময়
বলো না তুমি স্বাধীনতা চাও মানবিকতায় সেই তোমার কষ্ট
তা' হলে বিপদ বাড়বে আর 'চেতনা' আর 'গণতন্ত্র'-র গোলক ধাঁধাঁয়
নিষ্প্রদীপ এক রাত্রি তোমার আত্মা ফতুর হতে পারে
তার চেয়ে চলো আমরা একটা টাইম মেশিনের খোঁজে বেরিয়ে পড়ি
আর পাড়ি দেই এই সময়টাকে যদি তাতেও তাদের আপত্তির অভিযান না থাকে
এবং পথে-ঘাটে ইয়াহিয়া-টিক্কা-নিয়াজিরা দাঁড়িয়ে না থাকে
আগুন
আগুনের কুণ্ডে আছি সেই কতোদিন
জ্বলছে আগুন, জ্বলছে মানুষ– স্বাধীনতা, আশা ও ভবিষ্যত–
বাস ট্রেন পুড়ছে, সড়ক মহাসড়ক
মা পুড়েছে কন্যা-পুত্র, সোহাগ হচ্ছে অঙ্গার–
আগুন, হায় দোজখ থেকে লাফিয়ে পড়া এই আগুন–
গ্রাস করছে সমাজ সামাজিক সম্পর্ক
অর্থনীতি, রাজনীতি সম্প্রদায় ও সম্প্রীতি
ব্যক্তি গোষ্ঠি চিন্তা কাজ সবই গড়িয়ে পড়ছে
আগুনের লেলিহান জিহ্বায়
সবই পুড়ে যাবে ক্রমাগত দ্বিগুন ত্রিগুন তেজে
জ্বলে যাবে শিল্প-কারখানা শ্রমের সামান্য নির্মাণ।
আগুন, আগুনের ভেতবে আছি
শরীর পুড়ছে, ছাই হচ্ছে হিংস্র-উল্লাসে
কল্যাণের আগুন আজ স্বার্থের বাহন
অস্তিত্বের প্রতিপক্ষ পতাকা পুড়বার দুঃখময় গল্প
এক দাঁতাল দানব পুড়িয়ে কাবাব করছে সব
আশা পুড়ছে স্বাধ পুড়ছে, ভালোবাসা পুড়ছে নরকের উত্তাপে
আহা, পুড়ে যাচ্ছে মানুষের স্বপ্ন
জীবনের সকল বোধ বিবেকহীনের দেশে
ফিসফিস ফিসফাস
ফিসফিস ফিসফাস কী কথা হচ্ছে রোজ
কার দিকে কার আঙুল
আকাশটা থমকে আছে কেনো! কী ঘটছে দৃশ্যের অন্তরালে
শহরগুলো পুড়ছে
আর রেলগাড়ি চিৎ-কাত– ককাচ্ছে,
পুড়ছে গাড়ি,পুড়ছে প্রশান্তি
হাওয়ায় গোঙানী আর কংক্রিটের দেয়াল গুলোয়
কুশিলবদের অভিনব হি-হি হাসি
কে কার নেতা! কে কাকে বয়ে নিয়ে যায়
শব-যাত্রায় যারা সঙ্গী তাদেরও ফিসফিস,
পৌঁছাতে পারবো-তো
তারপর গোর খোদকদের-তো হাঙরের হা'দাঁত
তিন পাগল চৌরাস্তায় ফিসফিস ফিস-ফাস
কে কতোটা পাবে কাকে কতো দিতে হবে
এইসব হিসেব নিকাশ–
পাখিগুলো উড়ছে দূর যাত্রায় পাখার শন শন
আর ঈগলের ছায়া ঢেকে দিচ্ছে মৌসুমী বাতাস
ফিসফিস ফিসফাস ক্লিক ক্লিক ফ্লাশ জ্বলছে
আর মৌন-ইতিহাসের দিনগুলো থমকে আছে বিষণœ পাইন
আবদুর রবের সারা শরীর আহা, ব্যান্ডেজ–ব্যান্ডেজ
রহিমা মরেছে,মরলোই শেষতক, আর সংখ্যালঘুরা
দিনে দিনে আরো বেশী সংখ্যালঘু–
চারিদিকে ফিসফিস ফিসফাস কে কতটা
নিখুঁত হারপুনের ডগায় তুলে মানুষ
দেখাতে পারছে আপন মহিমা তারই উৎসাহ ব্যঞ্জক আলোচনা
দৃশ্যের অন্তরালে আরেক দৃশ্য
নাটকের আগে এবং পরে সব কুশিলব একই পান পাত্রে
স্বাস্থ্য পানের ইশারা
গণনা করছে সিড়িগুলো এ যাত্রা উপরের দিকে না-কি নিচে!
মানুষের গল্প.
মাটির গহ্বরে জীবন ভর বন্দী মানুষ
আলোর পৃথিবী কখনো দেখেনা
গর্তমুখ দিয়ে যে বাতাস ছড়িয়ে পড়ে সেই তাদের শ্বাসÑপ্রশ্বাস
তারা দেখে অন্ধকার–
জীবনের এই এক বাস্তবতা তারা জানে আজীবন বন্দীত্বের অভ্যেসে
তাদের হাত পা' বাঁধা নড়বার ক্ষমতাও নেই–
ওই গুহায় সূর্য়ালোক পৌঁছায় না আলোর তরঙ্গে তীব্রতা নেই
জানেনা উপরে আলোময় এক পৃথিবী আছে
মানুষগুলো দেখে দেয়াল- দেয়ালে মশাল-আলোয় দেখে
অনুচ্চ পর্দার প্রাচীর আর ওই পথ দিয়ে যারা চলছে বন্দীরা দেখছে
ভোঁজবাজির মতো হেঁটে যায় কতোগুলো ছায়া
তারা বিশ্বাস করছে মানুষগুলো শুধুই ছায়া
তারা নিজেরাও নিজদেরে দেখেনা।
এরকম পৃথিবীর বিপুল মানুষ আজীবন আমরন শুধু ছায়া দেখে
প্রতিধ্বনি শোনে ইনিয়ে-বিনিয়ে বলার নানা ভঙ্গি দেখে দৃষ্টির-দেয়ালে
তারা সত্যি মিথ্যের দূর কিংবা নিকট কোনটাই বুঝতে পারে না
কেউ মুক্ত করতে চাইলে হিংস্র হয়ে তেড়ে আসে
যেরকম সক্রেতিস অজ্ঞদের সত্য বলে প্রাণ দিয়েছিলেন
তারা যা জানে তা' এক ঈশ্বর যে কেবল অন্ধকার দিয়েছে
আর এটাই বলছে প্রাচীরে হেঁটে যাওয়া ছায়াগুলো প্রতিদিন
আর তারা মান্য করছে এই সব বছরের পর বছর যুগের পর যুগ
তারা শুধু ছায়া দেখে আর শোনে পরকালের সুখ-কাহিনী
ছায়ারা যা বলছে রোজ
মাত্র কিছুক্ষণ আগে
মাত্র কিছুক্ষণ আগে যে বাড়িগুলোয় দৌঁড়-ঝাপ করছিলো ইঁদুর
হঠাৎ সেগুলোর জৌলুস ঝলকে উঠলো
টিম-টিমে বাতিগুলো খল খল হাসছে সঙ্গম-সুখী রমনীর মতো
আর চপ্পলের শব্দ, জামার আস্তিনের খশ খশ
ফুলের তোড়ায় তোড়ায় ভরে গেলো প্রথম সকাল–
মহার্ঘ হাসি ছলকে পড়ছে পানপাত্রের উপচে পড়া মদের মতো
আর তখন প্রগলভ হাসিটি ছিনিয়ে নিয়ে চিরকালের চাটুকর বাড়িয়ে লোভের ঠোঁট
বলে যাচ্ছে লাগামহীন স্তুতি–দেয়ালগুলো পান্ডুর আর কার্পেটের বুক চিরে
বেরিয়ে আসছে ধুলির আর্তনাদ–
কতোদিন পরে আহা, কতোদিন পরে হায় ঈশ্বর–
এই সেই মহা-সময়ের সন্ধিক্ষণ! কতো রাত্রির অপেক্ষা
কিন্তু প্রকাশ নেই ভাষার তোলপাড় নেই কেবল চোখমুখে দূর আলোর খেলা
বললেন মৃদু : সবার জন্য সকলের কল্যাণের জন্য কাজ হলো আজ–
সময়তো বেশি নেই মাত্র ক'টা দিন
আর গদগদ সাক্ষাৎ-প্রার্থিরা ফুলগুলো ছিটালো,গলায় পরালো এবং হাতে তুলে বলল
আমরা জানতাম, কতো প্রার্থনা– প্রভু শুনেছেন–শুকরিয়া–
এবং অনেকদিন অবহেলায় চুপ-চাপ শুয়ে বসে থাকা যৌবনহারা বেগমেরা
হঠাৎ ষোড়শীর মতো পাশে এসে বসলেন বিড়াল পায়ে
ইশারায় ডাকলেন দু'একজন যারা ভবিষ্যত
তারপর ফিশ-ফাশ ফিশ-ফাশ
যা তারা ঠিক করেছিলো রাতে দারুণ এক রতি-সম্ভোগক্ষণে
হায়, বাইরে বেদনার সূর্য আলো ফেলিয়াছে পথে বিষন্ন এক দিন
দিক ভ্রান্ত মানুষ হাঁটছে পথ লিখছে প্রতিদিনকার দিনলিপি
দ্বন্দ্ব
সব কিছু ভুলে যেতে চাই ভুলে যাওয়া শ্রেয়
মনতো মানেনা, বিদ্রোহ ডাকে সে যে অনপনেয়
সব কিছু ভুলে যেতে চাই ভুলে যাওয়া ভালো
বলেছিলো যারা তারা আর নেই
কেবল প্রান্তর জুড়ে ওড়ে দাঁড় কাক, কাকেরাই ওড়ে
কোথাও স্বস্তি নেই, নেই আর জোসনার আলো
এ হৃদয় আজও মরু নয় পাখি ডাকে ভোর হয়
প্রজাপতি ওড়ে শেষ প্রহরটুকু আশা হয় বাসে ভালো
সব কিছু ভুলে যেতে চাই খাদ্য ও ভালোবাসা
তবু , খাঁচার ভিতর কে যেনো দাপায়– ওরে সর্বনাশা–
মানেনা কিছুই নিয়ম আচার রাষ্ট্রের আইন
যেনো পলকেই হয়ে যায় গোপীগাইনবাঘাবাইন
বৃক্ষস্বভাবে
মাথার ভেতরে ঢুকে আছে এক প্রান্তর। রাত্রি নেই দিন নেই বিশ্রামের ফাঁকটুকু নেই, কেবল নানা দৃশ্যের ওঠা-নামা। প্রান্তর জেগে থাকে মাথার ভেতরে। নূরুল হুদার লখনৌ কুহু নানা ইমেজের ছবি আর সুর। আমি তার মন ছোঁয়া বিস্তৃতি দেখি, আকাশটা দেখি চেয়ে আছে যেনো হঠাৎ সে হয়েছে অবাক–
কি চায় ওই প্রান্তর আমার কাছে? না কী আমি কিছু চাই? আমার আকাঙ্খার প্রজাপতি উড়িয়ে সারাদিন ঘুরি শিল্পের নগরে–
রাত্রির চাঁদ যখন নরম জোছনার চাঁদর বিছিয়ে শুয়ে পড়ে, আমি তার প্রকাশ দেখি জীবনের নানা আঙিনায়। চিনতে কী পারি আমাকে আবার ! সত্তার অনন্ত লড়্ইা কি চাই কি চাই– যেখানেই যাই আঁধারেরা এসে ঢেকে দেয় ভালোবাসার দিনগুলো, বিষন্ন সবুজ ঢেউয়ে সাঁতরায় ভ্রান্তির মীন। আমি অশোকের কাছে চাকার মহত্ব জানতে চাইলে সে বললো: রাজনীতি সম-মাত্রায় ছড়িয়ে দিয়ে দেখো পরিষ্কার শুনতে পাবে নদীর ভাষা আর পাখিদের-তো বারোমাস কন্ঠের মনোজ্ঞ তালিম তোমাকে শেখাবে আরগ্যের ইশারা–
মাথার মধ্যে এক ক্লান্তি জেগে থাকে তবু এক ভালোলাগা, আলো আসবে প্রভাতের মুখে বলল: রাতের বাতাস । আর দিনের দেবতারা এলে আমি তাদের সাথে হেঁটে যাবো ওই প্রান্তরে দেখবো নিজের মতো: আমারই বাসনায় সবুজ হাসে। শেখায় নতুন দিনের প্রথম পাঠ– বৃক্ষস্বভাবে–
