পূর্বরাগ
ভোরের আগেই পুবের আকাশে রক্তবন্যা
পূর্বরাগে অন্তহীন বিষাদের সুর
বাগানের শ্রেষ্ঠ গোলাপগুলো
দুমড়েমুচড়ে গেলো বুটের তলায়
ওরা সূর্যোদয় দেখে যেতে পারলো না
অথচ ওদেরই রক্তে লাল হৃদয়পতাকা
অন্ধকার ভয় পায় মুক্ত বাতাস
বোধিবৃক্ষে বিবমিষা ঘৃণার কোরক
চোখবাঁধা বই, খণ্ডবিখণ্ড কলম
নদীতে নদীতে ভাসে বাঙালি অহম
স্রোতে স্রোতে ঘুরে আসে হত্যাঋতু
বক্ষভূমিতে আজও খুঁজি স্বজনের লাশ
আমরা এমনি হতাভাগা জাতি
রাজদণ্ড সুশোভিত হন্তারক হাত
ধর্ষকের পক্ষে হয় মিছিল-বক্তৃতা
আমরা ভুলে যাই পূর্বপুরুষের পণ
আকাশে ঝুলন্ত মেঘ দেখে উল্লসিত নই
মেধাতপ্ত হাড়গোড় স্পর্শ করে অভিশপ্ত হই।
