২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা সেই প্রাচীন উচ্চারণ

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 15 Dec 2013, 11:04 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

তিনজন অনার্য পুরুষ
হেঁটে চলেছিল সমতট বেয়ে
সুপ্রাচীন জনপদে তারা অন্বেষণ করে চলে
একটি শব্দ, একটিমাত্র উচ্চারণ, স্বাধীনতা।
এবং কখন যেন শব্দটি একাকার হয়ে যায়
অস্তিত্বের নিবিড় প্রদেশে।
গঙ্গাহৃদি থেকে শশাঙ্ক, বল্লাল সেন
ধীর পদক্ষেপে এগিয়ে যায়
স্বদেশের পললভূমিতে।
আর তারও পরে তো গড়িয়েছে হাজার বছর
নীলরঙা মাছে চড়ে
কোন সেই একাকী পথিক
ঘুমিয়েছে অতল নিদ্রায়
তিনশ' তের জন তরুণ শ্রমণ
বাংলাদেশ ভালোবেসে বসতি করেছে।
সুপ্রাচীন জনপদে দ্বাদশ নৃপতি সন্ধান করে
স্বাধীনতার অমর সংগীত।
রাঢ়, গৌড়, বঙ্গ, সমতট এক হয়ে ভেসে ওঠে
একটি মানচিত্রে যার নাম বাংলাদেশ।
হামিদুর, রুহুল আমিন, জাহাঙ্গীর, নূর মোহাম্মদ,
আসাদ, রউফ, মোস্তফা, মতিউর সব মুখ
একটি একক ভাস্কর্যে লীন।
কার বজ্রনির্ঘোষে, তর্জনী ইশারায়
ঘুম ভেঙে জেগে ওঠে পলল সন্তান
কী অসম্ভব ইশারায় সবুজ জমিনে
ফুটে ওঠে রক্তের নকশি বুনন।
মায়ের হাত থেকে ঝরে পড়া সন্তানের বিনিময়ে
মাথা উঁচু করে একটি পতাকা।

স্বাধীনতা কী মোহন উচ্চারণ
পুণ্ড্রবর্ধন থেকে হরিকেলে সুদীর্ঘ সড়কে
কোন অমর্ত্যরে বিজয় সংবাদ।
নির্মেঘ আকাশ আর সবুজ পতাকায়
ইতিহাস ও শহীদের রক্ত
অভিন্ন চিত্রকর্ম আজ।