২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিনার মনসুরের তিনটি কবিতা

মিনার মনসুর মিনার মনসুর

Published : 05 Dec 2013, 05:13 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

মানুষ শিকারের গল্প
মানুষের পশু শিকারের গল্প পুরনো। পশুদের মানুষ শিকারের গল্পও একেবারে নতুন নয়। তবে ভিন্ন তাদের অবয়ব আর পোশাক-আশাক। নিছক বাঁচার জন্যেই লড়তে হয়েছিল গুহামানবকে। আজো তাই।
পশুদের গল্প ভিন্ন। মানুষ হত্যা করে আনন্দ পায় তারা। রক্ত ছাড়া তাদের তৃষ্ণা মেটে না। নিরেট ঘৃণার কারবারি তারা। ঘৃণা আবাদ করে মাঠে মাঠে। হৃদয়ে লালন করে দিগন্তবিস্তৃত এক ঘৃণার খামার।
যে-শস্য উদরপূর্তি করে তার প্রতি ঘৃণা। যে-জল তৃষ্ণা নিবারণ করে তার প্রতি ঘৃণা। যে-বাতাস বাঁচিয়ে রাখে তার প্রতি ঘৃণা। যে-মাটি মায়ের মতো তার প্রতি ঘৃণা। ঘৃণার চাদরে তারা ঢেকে দিতে চায় সূর্যের মুখ।
আমরা যাদের পশু বলে জানি সব দেখেশুনে তারাও লজ্জা পায়।


মুখোশের এই খেলা তুমি থামাতে পারবে না

কসাইও লজ্জা পায় লোকটিকে দেখে। বৈবাহিক সম্পর্কও ছুঁড়ে ফেলা যায়, কিন্তু বংশানুক্রমিক শৃঙ্খল ছিন্ন করা সহজ নয়। তবে এ জন্যে তার কোনো খেদ নেই। সে কখনই তার পেশাগত পরিচয় গোপন করে না। তুমি যাকে বেশ্যা বলে বিকৃত আনন্দ পাও– খাপ খোলা তলোয়ারের মতো সেও স্বচ্ছ, অকপট। কিন্তু মৃত্যু নিয়ে যার কারবার সেই লোকটিই সারাক্ষণ দেবদূতের আলখেল্লায় ঢেকে রাখে নিজেকে। আর তার জন্যে বন্য হাতির মতো জনপদ লণ্ডভণ্ড করে ভক্তের কাফেলা।

গোরখোদকও শিহরিত হয় লোকটিকে দেখে। তার কাজ সসম্মানে মৃতদের দাফন করা। কিন্তু কোনো মানুষকে হত্যার কথা সে কল্পনাও করতে পারে না। এমনকী যখন সে মৃতদের দিকে তাকায় তার চোখ থাকে জাতীয় পতাকার মতো অর্ধনমিত। হৃদয় রুদ্ধবাক। লোকটি ঠিক তার বিপরীত। জীবিত কাউকে সে সহ্য করতে পারে না। আবার মৃতরাও নিস্তার পায় না তার নিষ্ঠুরতা থেকে। কর্তিত মস্তক নিয়ে খেলা করা যার শখ– সেই লোকটির মুখে দেখো কী বিশাল সন্তের মুখোশ। ততোধিক সত্য হলো, তাকে ঘিরে জন্মান্ধ মানুষের এই ঢল।

মুখোশেরা দীর্ঘজীবী হোক। পাণ্ডারা যতো ইচ্ছা লম্ফঝম্প করুক। উলুখাগড়ার মতো পদতলে গড়াগড়ি যাক নির্বোধ পাঁঠাদের মুণ্ড। মুখোশের এই খেলা তুমি থামাতে পারবে না।

কাঁঠালশিশুটি নির্বিকার
শুধু মানুষহত্যার জন্যে কী ব্যস্ততা মানুষের! হ্যামিলনের বংশীবাদকেরা নিদ্রাহীন। তাদের বেলুনসদৃশ চোয়ালও এখন সংকল্পে অটল। বদলে দিতে হবে সব। সব। গৃহস্থ বাড়ির গর্ভ ফুঁড়ে বেরিয়ে আসছে কংক্রীটের বাংকার। শস্যক্ষেতে রোপিত হচ্ছে উচ্চফলনশীল মাইন। শতভাগ শিশুর হাতে তুলে দেওয়া হচ্ছে কালাশনিকভ রাইফেল।

বিশাল এক মৃত্যুকারখানাই বটে! সুশৃঙ্খল, স্বয়ংক্রিয় এবং শৈল্পিক। কোথাও কোনো খুঁত নেই। দম ফেলবার ফুরসৎ নেই কারো। গণমাধ্যমে অবিরাম রণবৃষ্টি ঝরাচ্ছে একদল চৌকস শব্দসৈনিক। শিক্ষার্থীদের কণ্ঠে সমস্বরে ধ্বনিত হচ্ছে সংহারসঙ্গীত। উত্তাল শরীর জুড়ে পার্বত্য নদীর মতো যৌবনের আশ্চর্য সঙ্গীত নিয়ে নারীও নিষ্প্রভ, নিথর। তার গর্ভে পুঁতে দেওয়া হচ্ছে অত্যাধুনিক মারণাস্ত্রের ভ্রূণ।

কিছুই অক্ষত নয়। আইফেল টাওয়ারের চূড়া ছুঁয়ে উড়ে যাচ্ছে জাতিসংঘের সদর দপ্তর আর শেক্সপিয়রের রচনাসম্ভার। সমুদ্র মন্থন করে সুনামির মতো ধেয়ে আসছে দিগন্তবিস্তৃত মৃত্যুর কাফন।

কাঁঠালশিশুটি নির্বিকার। আপনমনেই তরতর করে বয়ে যাচ্ছে সে।