খালিদ ইবনে মারুফের দুটি কবিতা
নাতিদীর্ঘ দিনের কবিতা
একটি অস্তগামী বিকেল-
যখন হেলে পড়া সূর্য স্বচ্ছ কাঁচের দেয়াল ভেদ করে-
আমার ছায়াকে দীর্ঘতর করে তুলছিল।
তন্দ্রাচ্ছন্ন আমি ভাবছিলাম সেই সব মোহনীয় সঙ্গম দৃশ্যের কথা।
সম্বিত ফেরে আমার যখন ক্রমবর্ধমান ছায়া তার সুস্পষ্ট
কন্ঠস্বর নিয়ে এগিয়ে আসে, বলে-
তুমি স্থূল বলেই আমার দ্বারা সম্ভব হয়েছে তোমার এতগুলো মোহনীয় বিকেলকে
ছিড়ে টুকরো টুকরো করে দেয়া ।
বলে, তুমি অনুর্বর বলেই স্বপ্নেরা সব জোটবদ্ধ হবার
সুযোগ লাভ করেছিল।
বলে, তুমি মূক বলেই তোমার ছায়ার কন্ঠস্বর এত স্পষ্ট।
এবং বলে, তোমার দ্ব্যর্থকতাই এতোসব বিশ্বাসের জন্ম দিয়েছে।
তোমার অনঢ় অবস্থানের জন্যই
আজ বৃক্ষেরা সব কনভার্স পরে প্রাতঃভ্রমনের প্রস্তুতি নিচ্ছে।
নগরের বাতাস ভরে উঠেছে কার্বন মনোঅক্সাইডে।
আরো বলে, গত বছরের অতিবৃষ্টির কারণ ছিল তোমার চোখের রুক্ষতা
তোমার নিস্পৃহতাই দগ্ধ করেছে শতাধিক জীবন্ত হৃদপিন্ড।
নরকের আগুন জ্বালাবার উপাদান হিসেবে অস্থির সফলতা এসেছে কেবল তোমার
অস্থি ও করোটির জড়তা থেকে ।
আমি জানতে পারি, নিশ্বাস থেকে নির্গত বিষবাষ্পের ভয়ে
জন্ম-উম্মুখ সহস্র মানব শিশু অবস্থান ধর্মঘট ডেকেছে তাদের
নিজ নিজ মায়েদের জরায়ুমুখে।।
ছায়া আমাকে জানায় উত্তর মেরুর সকল বরফ একসাথে নেমে আসবে
এবং প্লাবিত করবে তোমার বাসস্থান ও ভূমি।
আটলান্টিক হতে সকল হিমশৈলেরা উঠে এসে ম্লান করে দিবে
হিমালয়ের শ্রেষ্ঠত্ব।
অরক্ষিত মৃত্যুদ্বার
অন্ধকার উপদ্রুত শহর এক
ঝিঁ ঝিঁ পোকার অনুপস্থিতিতে প্রেতসঙ্কুল।
ভয়ংকর সব কুঁজেরা চেপে বসে যুবতীদের
কাধে ও পিঠে, বন্ধ হয় বেণীর দোল খাওয়া
অতপর; ষাঁড় কিংবা মোরগের লড়াই
নিঃসঙ্গেরা একে একে জড়ো হয়
স্রোতহীন নদীর দুই পাড়ে, ডানে ও বায়ে
অপেক্ষায় থাকে একটি পূর্ণচাঁদের-
একসময় তাদের অভ্যস্ত অপেক্ষা শেষ হয় এবং
ফিরে যায়। অরক্ষিত রেখে যায় মৃত্যুদ্বার।
