মানিক বৈরাগীর কবিতা
সবুজ পাতারা খসে পড়ে মৌনতায়
পাতাদের হাসি দেখতে দেখতে পাহাড়ের ধারে যাই
গুপ্ত পাথরের অগ্নি গুঞ্জরণে আমি সংশ্লেষিত হই
তারা আমাকে বলে বুভুক্ষ মানুষেরা শুধুই দহন করে
দখলের মত্ততায় নদীর ধারে যেয়ে দেখো
বাঁকখালী কিভাবে ধর্ষিত হচ্ছে
এমনই খননযজ্ঞে শুধুই চেয়ে থাকে সর্বংসহা
নদীরা আজ ভালো নেই
যৌবন হারিয়েছে নদ
মোগল স্থাপত্যে খুনের শেওলা, পেত্মাতার প্রতিরূপ
অন্দরে বাইঝি নুপুর নিক্কন হাহাকার রিনিঝিনি
তোমাদের সভ্যতায় হাঙরের মুখে গ্রাস হয়
প্রবাল প্লেইট পাহাড়পুরের প্রাচীন বৌদ্ধ মঠ
মানিকপুরের কিওক রাজার মান মসজিদ
ভাঙেনি মাতামুহুরী, ক্রমে ক্রমে দখলে যায়
ভুঁইফোড় উইপোকার, দাঁতাল ইদুরের আক্রমণে
আমিও আমাদের মৌনতায় শাহ ওমর কেঁদে ওঠে
খানকাহ শরীফের গিলাবের দখলে এ কেমন রক্ত গঙ্গা
বিকেলের খুন রাঙা আকাশে হাসান হোসেনের
হাজি রুমাল বিমুর্ষতায় অপলক চেয়ে থাকে
ইজমা কিয়াসের অপব্যবহারে
শ্বেত কপোতের পাখনায় এ কিসের মোহর
নিক্তিতে পাথর লজ্জ্বায় নত
আবারো আমি হাজার মাইল হেঁটে সমুদ্র সংগমে যাই
ঘূর্ণনপাকে দেখি বোয়ালের হাসি
দ্রুত গতির শৈল্পিক ঢেউয়ের পরস্পর আঘাতে
জলের সফেদ ফেনিল-এমনি সময়ে একটি
সবুজ পাতা হাসতে হাসতে খসে গেছে
বুড়ি চাঁদের জোসনায়….
বিধাতার স্বেচ্ছারিতা
পাহাড় নদী সমুদ্র ঝর্ণার মতো ফুল পাখি বৃক্ষের ন্যায়
আমিও আল্লাহ রসুলকে মানি
বৃক্ষ যেমন মানুষের দুষিত নিঃশ্বাসের কার্বন গিলে নিজেকে পুড়ায়
নদী যেমন তিলে তিলে বয়ে বেড়ায় মানুষের আবর্জনা
আমিও অভিযোজিত হই তাদের মতো
রোচে না কোন বিধি বিধান
আরোপিত তন্ত্রমন্ত্রে মজে না মন
আমিও আমার মতোন জলদ সংযোজন
বিধি ও বিধানের দু ধারা ছুরি ক্ষতবিক্ষত করে জনারণ্যে
এ কি রক্তধারায় গুচ্ছ গুচ্ছ গোলাপের চোখে কান্নার রোল
অথচ স্বর্গ নামক কল্পস্থানে নহর বইবে পাপের
যুগ যুগান্তরে বিধানকর্তা আসিয়াছে ভূমে
স্বপ্ন বিলাসী বিধানে সুবিধা লুটে বিধানপূজারী
আল্লাহ ও রসুলের নামে ফায়দা লুটেনি কোনো কাল
তবু আফগান, সিরিয়া, ফিলিস্তিনে ঈশ্বরের নিরবতায়
আমাকে ক্ষুব্ধ করে বুকের পাঁজর ভেঙ্গে গোঙানি ওঠে
বিধাতার চরম স্বেচ্ছারিতায়….
