২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অরুণিমা নাসরীনের তিনটি কবিতা

orunima_nasrin

Published : 15 Nov 2013, 03:08 AM

Updated : 23 Jun 2022, 04:06 PM

শোন নি রূপন্তীবৃক্ষে

১.
শোন নি, রূপন্তীবৃক্ষে অরণ্য সীমান্তে
অহংকারী অন্ধকার রাত্রিকে ক'রে তোলে বিপন্ন ;
দেখো নি তুমি – অরণ্যের খেয়ালি শরীর
প্রেমিকের ব্যা কুল বাহুর মতো আমাকে ধারণ করে
রাত্রির খোয়াবী আঁধারে !
মাটি ভেবে ঢেলে দ্যায় মেঘের লুকানো
শীলাতপা বিষ;
বৃষ্টিকুমুদ বৃক্ষের ডানায় ছোঁয়ায় ঠোঁট –
জরায়ুর তন্ত্রীভেদে তার বুনো লাবণ্যশাখে
আমি এক বৃক্ষমানবী।

তুমি তো জানতে, ওখানে কোনো দ্যুতি নেই
নেই পাতাদের কোনো সবুজায়ন
উৎসব-শেষের মলিন ফুল, ধূপ-ধুনো
আর দ্বিধার ভস্মচোখ -আর কিছু নেই ;
প্রহর শেষের বিচ্ছেদী পথে তাই
আমিই তো চন্দ্রাহতা বৃক্ষমানবী ।
শ্মশানঘাটে গোপন ব্যালাডের কথামৃত বলতে বলতে
সে যেনো বলে নি আর –
শোনো সব সত্য, মায়াবী বৃক্ষ আছে
তাদের কিছু দুঃখবোধ আছে, স্তুতি ও গান আছে ।

২.

দেখো হে মৌর্যস্নাত কামিল চিত্রকর,
কতো আলোকবর্ষের মৌনতার নাঁড়ি ছিঁড়ে
শীত নেমে আসে আমার বাড়িতে –
নৈঃশব্দ, আর দেখি
আমার তামাটে পথ প্রতিটি বৃক্ষের পথ এক ।
আমার তন্দ্রাহতা রাত প্রতিটি বৃক্ষের রাত এক।
আমার বিভাবরী প্রতিটি বৃক্ষের গল্প এক।

অরণ্যের কানামাছি
দলছুট পাখি
ফিস্‌ ফিস্ শব্দ
আলেয়া-রূপালী মল – বেতস কাঁটার ছল – খুলে দে অর্গল
কেউ পথ দেখিয়ে দে ।
নিয়ে যা অন্ধকার গুহার জগতে
ঝড়, রক্তপ্লাবন, শাপবর্ষণ আর অনুতাপের ঐশ্বরিক বর,
বেহালা, ভাঙ্গা মৃৎপাত্র, সাপের খোলস, ক্ষয়ে যাওয়া ধুলোবালি
তার বজ্রাহত বৃক্ষ, অসম্পূর্ণ ব্যালাড।

আহ্ কি অন্ধকার পথ !
বত্রিশ চন্দ্রকলাও দ্যাখে নি এমন
তিন চক্রের অন্ধকার
সিদ্ধ অন্ধকার
তিন নদীর অমৃতা গতিপথ রুদ্ধ
আরো প্রাকৃতিক প্রস্থানে
কোন পথে যাই !

অথচ তুমি কোনো কথাই বলো নি
অন্ধকারে শুধু বাউল-পলক স্থির রেখেছো আমার উপর ।

আমি ছুটে যাই –
পুণ্যতম কাঁঠালিয়া নদীটির ব্রতে,
আমিই জাতিস্মর –
সব ঘটনাই সত্য – নীল তারার মতো
এ নিখাদ নির্জন পথে জলই সত্য।
ধূসর পৃথিবীর ম্লান বস্ত্রখন্ডে
আগুন-জল-হাওয়া-মাটি বিষাদের কবিতার মতো শোনায়-
অনির্ণিত গহীন !
তুমি ছিলে পদাতিক ঘুমের ঐন্দ্রজালিক মায়ায়
আর আমি প্রাচীন রাত্রীর মন্ত্রের ভেদে :

আয় দেখি তোর বুকের সাহস
কাঁটায় কাঁটায় দীর্ণ মানস
আয় অপলক সত্য জল
আয়রে ধ্রুবক আয় শীতল

আয় চন্দ্র নক্ষত্র শশী – পুণ্য জন
আয় সূর্য এক, আয় সূর্য দুই
শাদা-শাদা শিউলি বেলী জুঁই
আয় আদিগন্ত পৃথিবী সূর্য ঘিরে ঘুরবি
আয় কোমল রাতের অমল বায়ু সতত আলোর পরমায়ু
আয় অরণ্যে ! আয় অরণ্যে ! বৃক্ষ – মানবী
হে সত্যম, রে সুন্দর – প্রাণদী

পরিব্রাজকের প্রতীক্ষা

রুখুসুখু কেশের শীর্ণসিঁথি পল্লবিত হয় তরল সুগন্ধি তেলে
উনুনের কামনার পীচবর্ণ জিহবা
তুষ্ট হয় শুকনো কড়িকাঠে
আ! আর্তবতী লবণকণ্যার নদীর স্ফটিকের ঘাঘরা
সংগুপ্ত হয় মাটির গহীন শব্দে
অবিরাম ধেয়ে আসে রাশি-রাশি তরঙ্গ-উচ্ছ্বাস –
পুরাতনী ঢেউ আছন্ন করে রাখে, শুধু আমাকেই নয়
সে কথা বিপুলা এ পৃথিবীও জেনেছিল ঢের।

দারিদ্রে পুড়ে পুড়েও, তথাপি, দূর্গা দিদিদের
দীর্ঘনেত্র পূর্ণ হয় অলৌকিক সেই পুঁতিরমালায়
আর অপুর মার্বেল ভর্তি ঘুমন্ত পকেটের গল্পটা খুলে যায়
ট্রেনের শেষ বাঁশীর ডাকে।

কারু-কারু কাঁটা-জঙ্গল কত জঙ্গমেও ভিজে-কাদায়
জলের স্ফটিক ধুয়ে চুয়ে পরিশ্রুত আলোর উপাখ্যান হয় –
কিন্তু, অনাহুত চক্র-বক্রতা শুধু আমাতেই !
আহা, কতোই না ঘুরেছি আলোর শরীর হয়ে
আকাশের কক্ষপথে
যদি একবার খুলে যায় বেনামী স্বপ্নের বদ্ধ কপাট
একবার যদি ফিরে পায় মন অপার্থিব প্রেমানল –
হা ঈশ্বর, নিস্পৃহ এই মায়াকন্টক দ্রাঘিমাংশে
মেলে নি আমার প্রেমচৈতন্যবর।

দৈববানীর ডানায় রাত্রি-গড়ানো
মুদ্রিত চোখের অশ্রুজল –
আমি কি ভুলে গিয়েছিলাম শাপগ্রস্ত জ্বরে ?

বোধশুন্য বেভুল চোখ চেয়েছিলো চাতক হতে,
তবু বৃষ্টি বাড়ায় নি তার সরল বাহু …
হায় প্রেম! জটিলতন্ত্রী প্রেম – হায় আমার হেম, জ্বালা
অধর আকাশের নির্লোভ সুগন্ধি জলেও মেটে নাই,
তাই রাই-জাতক কি এখনো পাতক!

এত যে অন্তরজমা গ্লানি, এত যে বিচ্ছেদ-সঙ্গীত
তবু বিভ্রান্ত মন – দুঃখের বিষাদীয়া জ্যোস্নাকে
ঢেকে রাখে ছোট্ট রূপোর আংটায়
ব্লক প্রিণ্টেড ব্লাউজের গোলক ধাঁধাঁয় ।

মস্ত একটা সোনার পালঙ্ক
কোনো এক রাক্ষুসির চোখ বাঁচিয়ে
রাতের বৈদেহী কবিতার মতো এক পরিব্রাজক
হয়ে ওঠে বহুকাল পর –
ব্যাকুল আর্তনাদে প্রতীক্ষা করে রাজপুত্রের,
যে পিষ্ট করবে
লবণ-পাথর রাজ্যের প্রাণ-ভ্রমর
সূর্যের শেষ আলোটুকু রাজকণ্যার
গোলাপী ত্বকে মুছবার আগেই।

নিমগ্ন কুয়াশা

– ক্রন্দনরতা একটি ইরানী মেয়ের জন্য
১.
পথে চলতে প্রায়শ: তারই সাথে
দেখা হয় আমার

সে আর আমি একই বৈদেহী গন্ধক
সে আর আমি একই অগ্নিস্মাৎ পালক
সে আর আমি একই মুদ্রার সারথী
ধুলো মাটি – চিন্তার বিবশ সুতা-জড়ানো ববিন
নিশীথিনী-করণ এবং আরতিও।

হে রাত্রি, করুণতম – শোন :
সে আর আমি পারস্য গালিচা, মধুর নকশা
তবু লতা আর কাঁটার কুন্তলে আবর্তে জীর্ণ।
পারস্য গোলাপ – সৌরভ পাপড়ি
তবু বন্ধনে বন্দী!

নিঃশব্দ শিল্পের আলো বুকে নিয়ে
মৃত্তিকাবাহুর ভাঙা পাত্র সে
বিষাদ-দগ্ধ কপালে
মেঘের আঁচলায় বন্দনা-বৃষ্টি চোখ আমি

আমি শিলা, নিঃস্বপ্ন মর্মর – সে উৎস
আমি শিকড়, কোনো উদ্ভিদ, অন্তিম ঘোর –
সে নির্লিপ্ত অমানিশা, মুদ্রিত আঁখিপল্লব, নিমগ্ন কুয়াশা।

পথে চলতে প্রায়শ: তোমার সাথে
দেখা হয় আমার

কথা বুনতে-বুনতে কথা শুনতে-শুনতে…
কথা না শুনতে-বুনতে
আমাদের বন্ধন-ক্রন্দন।

২
আমি বলি নি, কিন্তু শুনছিলাম তোমার আর্তনাদ
যখন তুমি আইফোনে কথা বলছিলে – আর দালান, ব্রিজ, রাস্তা
চিরে-চিরে চলছিলো বাস –
কথা শুনতে-শুনতে , কথা না শুনতে-শুনতে আমাদের বন্ধন-ক্রন্দন।

বাস থেকে নেমে গেলে,
তারপর খুব যত্নে নেকাবের আড়ালের চুলগুলি তুমি ঠিক ক'রে নিলে,
চোখের এক নদী জল ওড়নায় মুছে নিয়ে
প্রবেশ করলে সেই করুণ জানালাহীন বাড়ি –
ক্ষীণ পদচ্ছাপে আমি শুনতে পেলাম – আমার, আমারও শব্দহীন চিৎকার।

পথে চলতে প্রায়শ: তোমারই সাথে
দেখা হয় আমার ……