২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আমানুল্লাহ কবীরের দুটি কবিতা

amanullha_kabir

Published : 11 Nov 2013, 09:17 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

একজন মওলানা ভাসানীর খোঁজে

আমরা ভাসান চরের একজন মওলানা ভাসানীর সন্ধান করছি
তাঁর মাথার টুপির কারুকাজ করে দেবে বাবুই পাখি
নিপুণ শিল্পীর ঠোঁট দিয়ে
পাবনার পুরনো ঐতিহ্যবাহী তাঁতে বোনানো হবে
তাঁর গ্রামীণ চেকের লুঙ্গি
কুমিল্লার খদ্দর দিয়ে তৈরি হবে তাঁর আজানুলম্বিত
ঢিলেঢালা বিশাল পাঞ্জাবি
যার ছায়ায় ঢেকে দেবেন উদ্বিগ্ন উৎকণ্ঠিত সারা বাংলাদেশ

আমরা ভাসান চরের একজন মওলানা ভাসানীর সন্ধান করছি
শানবাঁধানো প্রাচীন গভীর কুয়োর ভেতর থেকে উঠে আসা
যার বজ্র-নিনাদ কণ্ঠের 'খামোশ' আওয়াজে
ভীত সন্ত্রাসীরা পালাবে মায়ের স্নেহার্দ্র আঁচলের ঘেরে
ভয়ঙ্কর সুনামি উঠে আসবে সমুদ্রের তলদেশ থেকে
লণ্ডভণ্ড করে দেবে শত্রুর ঘাঁটি
তিনি লংমার্চ করবেন
হাজার হাজার নর-নারীর উত্তাল জনতা তাঁর পেছনে
অন্ধকারে আলোর সন্ধানে যেমনি ছুটে আসে
ঝড়-বাদলের পোকামাকড়
সজোরে মন্ত্র পাঠ করবেন অস্থির দেশবাসীর উদ্দেশে
নাড়ির বাঁধনে সবাইকেত বাঁধবেন মন্ত্রমুগ্ধের মতো এক মঞ্চে।

আমরা ভাসান চরের একজন মওলানা ভাসানীর সন্ধান করছি
যিনি ক্ষমতার উর্ধ্বে বসবাস করবেন পর্বতের চূড়ায়
পদ্মা মেঘনা যমুনার স্রোতে শাসন করবেন হাতের ইশারায়
বঙ্গভবন নির্মাণ করবেন, যেখানে তিনি থাকবেন না
রাতদিন পরিশ্রম করেন, আসন্ন প্রসব পাখির মতন
কাঠ-খড় যোগাড় করেন গ্রামগঞ্জের গলিখুঁজি ঘুরে
যা দিয়ে সন্তোষের কুঁড়েঘরের ছাদ প্রসারিত করে দেবেন
বাস্তুহারা বিপন্ন মানুষের মাথার উপর

আমরা ভাসান চরের একজন মওলানা ভাসানীর সন্ধান করছি
যার 'খামোশ' উচ্চারণে
সন্ত্রাসীর হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে
লুটেরা দৃষ্টিশক্তি হারিয়ে কালো চশমায় চোখ ঢাকবে
বিবদমান রাজনীতিবিদরা ঘরে ফিরে যাবে কম্পিত পদে
শত্রুর ঘাঁটির উপর পুঁতিগন্ধময় বাতাসে উড়বে চিল শকুন।

দুঃস্বপ্নের গুহায় আমরা

বাউলের গানের বদলে বন্দুকের গুলি
বকুলের ঘ্রাণের বদলে বারুদের গন্ধ
পাখির কুজনের বদলে দুর্জনের কোলাহল
জ্যোৎস্নার আলোর বদলে আগুনের ফুলকি
চকলেটের বদলে ককটেল
নৃত্যের বদলে লাঠিখেলা
প্রেমের বদলে ধর্ষণ
পুরস্কারের বদলে তিরস্কার
শিষ্টের বদলে দুষ্টের পালন
সুধাপানের বদলে রক্তপান
সুশাসনের বদলে দুঃশাসন
গণতন্ত্রের বদলে ব্যক্তিতন্ত্র
সংলাপের বদলে প্রলাপ
সৌহার্দ্যরে বদলে সংঘাত
সৃষ্টির বদলে অনাসৃষ্টি
শান্তির বদলে অশান্তি
স্বস্তির বদলে অস্বস্তি
সুখের বদলে দুঃখ

এই আমার দেশ
দুঃস্বপ্নের গুহায় নিত্য বাংলাদেশ।

মায়ের আহাজারির দাম নেই, স্ত্রীর অশ্রুর দাম নেই
মানুষের দাম নেই, জীবনের দাম নেই
রক্তের দাম নেই, শ্রমের দাম নেই
কৃষকের দাম নেই, কৃষির দাম নেই
ধানের দাম নেই, পাটের দাম নেই
নদনদীর দাম নেই, বনবাদাড়ের দাম নেই
সততার দাম নেই, নিষ্ঠার দাম নেই
বিদ্যার দাম নেই, বিদ্বানের দাম নেই
গুণের দাম নেই, গুণীর দাম নেই
গণতন্ত্রের দাম নেই, জনগণের দাম নেই
সংবিধানের দাম নেই, আদালতের দাম নেই
মানবতার দাম নেই, মানবাধিকারের দাম নেই
স্বাধীনতার দাম নেই, দেশপ্রেমের দাম নেই

ক্ষমতাবিলাস, অর্থবিলাস
বক্তৃতাবিলাস, বিবৃতিবিলাস
এই আমার দেশ
সুজনবিহীন, অনিশ্চিত পথের যাত্রী
আঁধার আঁচলে ঢাকা সূর্যের আলো।