নাহিদ আহসানের তিনটি কবিতা
মেঘকে নিয়ে কাড়াকাড়ি
বেধেঁ দেই ঝড়ের কুন্তল
রাশি রাশি মেঘ আঙ্গিনায়
বোঁটায় সূর্যের রস মেখে
মেঘেরা শিউলি হয়ে যায়।
মেঘ থেকে ঝর্ণা ঝরে পড়ে
সমস্ত উঠোন এক নদী
বাড়ীর এপাশে এক ঝর্ণা
চিরকাল থেকে যেত যদি।
মেঘগুলো হীরে হয়ে ঝরে
উঠোনে তা নিয়ে কাড়াকাড়ি
এ্যাই মেঘ, চলে যাও কেন
থেকে যাও আমাদের বাড়ী।
এই মানব জন্ম
তোমার নিয়তি হল
প্রজা হয়ে বেচেঁ থাকা।
খুব বেশি হলে রাজার চাকুরে
তার স্তাবক
অথবা নিন্দুক।
রাজার শত্রু
সেও বড় পদ
সে তোমার ভাগ্যে নেই।
প্রজা হয়ে বেচেঁ থাক
আর নিন্দা করে যাও
সংবাদপত্র পাঠকের মত।
তৃতীয় বিশ্বযুদ্ধ
এটম বোমার মত
বিশাল ছাতির আকারে
শান্তি ছড়িয়ে পড়বে
পৃথিবীর প্রতিটি আকাশে।
ধাবমান শান্তির স্রোতে
সবাই তলিয়ে যাবে।
গলগল করে স্নিগ্ধ ধোঁয়া
ঢুকবে নাক মুখ দিয়ে।
শরীরের প্রতিটি রক্তকণায়
পৌঁছে যাবে সুসমাচার।
আমি জানি এই হবে
পরবর্তী যুদ্ধের দৃশ্যাবলী
এভাবেই বদলে যাবে
মানব ও বিশ্বপ্রকৃতি।
