২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আলমগীর নিষাদের কবিতা

alamgir_nishad

Published : 09 Nov 2013, 06:41 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

অতিক্রমণের পাঠ

তোমাকে ভালবাসি বলে
সারাজীবনের জন্য ছেড়ে এসেছি
শরীর অতিক্রমণের এই পাঠ আমার নিজস্ব

ভালবাসার জন্য সেদিন দুপুরে কমলাপুর স্টেশন গিয়ে
আত্মহত্যার বদলে যে খুইয়ে আসে তার ভালবাসাকেই
তাকে ভয় পেয়ো না
সে তোমার কিছুই নেয়নি
এই অতিক্রমণের প্রাপ্তি কেবলই আমার

ছেড়ে আসতে আসতে
আলোকবর্ষ বেগে ঘূর্ণায়মান এক বাস্তবতার ব্ল্যাকহোল
জিবরাইল ফেরেশতার মতো
তাকে আলিঙ্গন করে
চন্দ্রগ্রহণ লাগা ব্রহ্মপুত্রের রওশন

তখনই কৃষ্ণ গহবর থেকে জেগে ওঠে বিচ্ছুরিত সূর্য
খুলে যায় শত বাস্তবতার অর্গল
চতুর্পাশ থেকে হাজার হাজার নৃত্যরত উড়ন্ত দরজা এসে
কপাট খুলতে থাকে
দরজার ভেতরে দরজা
প্রিয় নারীর নিরাভরণ হওয়ার মতো
দরজাগুলো কপাট খুলতে থাকে…

তার শূন্যতায় ভয় পেয়ো না
এই অনির্গম দরজাগুলো অতিক্রমণের সিঁড়ি।

ভালবাসার কাছে এসে আমি
তোমাকে অতিক্রম করি।

'বাইবেল ছুঁয়ে বলছি'

বাইবেল ছুঁয়ে বলছি তোমাকে ভালবাসি
তুমি কারও পুত্রবধূ নও
নেত্রকোণার বৃষ্টিগুলো অধিবিদ্যার।

তোমার মাটি ছেড়ে দাঁড়াতে পারো
এই অনালোক দৃশ্যে?

খোদার কসম এই ভালবাসা পরকীয়া নয়

পুনরুজ্জীবন

তোমার জন্মদিন একটি ব্যক্তিগত বছর পরিক্রমণ নয়

তোমার জন্মদিনের সংখ্যাতত্ত্বে একটি করুণ প্রেম
ফিনিক্স পাখির মতো পুনরুত্থিত হয় ভষ্ম থেকে
যেমন মৃত্যুর তিনদিন পর পুনরুত্থিত যিশু তার হাওয়ারিদের সাথে
মিলিত হয় জেরুজালেমের গুহায়,গোপনে..
তেমনিভাবে মৃত্যুর পর একটি করুণ প্রেম
আজ নতুন আয়াতে নেমে আসে পৃথিবীতে..

অভিজ্ঞান

আমাদের এই স্থানীয় রাষ্ট্র আর অফিসের বর্বর অন্ধকার-
স্থুল কষ্টের ভেতরেও আদৌ কি মৃত্যু নেই?

আমাদের এই জীবনের কাছেই
হিরোটি প্রতিদিন তিনবার একিভাবে
পিতৃহত্যার প্রতিশোধ নেয়

এই বিদেশের বাসস্টপে দাঁড়িয়ে
ভিড়ের মধ্যে আমি পরিচিত নারীর মুখ খুঁজি
এই উদ্ভট অবান্তর জীবন নিয়ে আমি
কার কাছে দাঁড়াবো!

আমার তো যাপন নেই
চেতনার স্পর্শেই দেখি-আজ 'সন্ধ্যা'
বেলঘড়িয়া ওভারব্রিজের নীচে
স্মৃতি-বিস্মৃতির ঘনায়মান ঘোর
অনবধানের ছিদ্রে নিজেই জেগে আছি
একাকি জয়দ্রথ।

জীবনের কিঞ্চিৎ ক্ষতি নিয়ে আমি
সংস্কৃত কলেজের চারপাশে ঘুরপাক খেতে থাকি,
দেবভাষার কফিন কাঁধে দন্ডায়মান পাণিনি
বিদ্যাসাগর এখন অ্যানাটমি ক্লাসে পড়ান
যাহা অবিশ্বাস্য মনুষ্যেই রাখিও।

আমি আজো তবু প্রেমের আগুনের কাছে হৃদয় উজ্জ্বল করি
শব্দের জানুতে মুগ্ধ নিজেরই অর্পিত দ্বিধায়

কোথাও তো একটা নিবৃত্তি আছে
অস্পর্শ অবয়ব জেনেও তবু আমি ছোঁয়াতে সুখি

উদ্ভবে বিপ্লবে পৃথিবী ভরে গেছে
মুখোমুখি এই অধিগত শহরে।
সুপ্রিয় এই মাদকের নিমীলন।

নির্বাসন

কোথাও যেতে পারি না বলে, প্রতিদিন
বাসুদাকে বলি,চায়ে বেশি করে চিনি দাও,
আর তাকে বোঝাই
এমন মৃত্যু ছাড়া মানুষ নির্বাসন সহে না।

বোধের কপর্দকে শহরতলীর গোপন গলিতে
আমি জ্ঞান চর্চা করি।

আমার বন্ধুটির ছিল গণপ্রেম
এবং সে সাহিত্যিকও।
এক গ্রন্থস্থানে গিয়ে দেখি মৃতের সমাধিফলক:
সাহিত্য জনপ্রিয় হলে সময় মরে যায়।

এভাবে একটা অবতাড়িত দৃশ্যে
আমি পয়তাল্লিশ টাকা নিয়ে ছুটি ড্রাগখানায়।

প্রায়শঃ যে মেয়েটির বুক
আমার টি-সার্টে আঁকা ছিল,
ও ছিল ফরাসি
মাস্টার মশায়ের সঙ্গে আমার এখানেই পরিচয়
ওই উদ্বৃত্ত পাঠে…।

বিপণনে বিপন্ন নভোযান
'মহাকরণ'পৃষ্ঠে বায়োলজি নিদর্শন করে।

হে আমার বিপ্রলম্ভদয়িতা
আমি ইন্দ্রিয়সর্বস্ব ভেক,
বর্ষা আসিলে তবু নিধিরাম সর্দার।

বিদেশের বৃষ্টি

এই প্রবাসের মাটি
নির্লক্ষ বিস্ময়ে কেঁপে ওঠে একটি বাতাসেই

অথচ আজ বর্ষা এলো!

এমন সকালে গম্ভীর ডেকে ডেকে অলকার মেঘ
ভেঙে পড়ে প্রথম বর্ষার।

সবে জেগেছে কলকাতার নীলকণ্ঠ পাখিরা

দাদুরী-বৃষ্টি এলো এমন নন্দিত অন্ধকারে,
ঘুম ভেঙে আবার ঘুমের আরাম

আমি নিষাদ তবু অরণ্যে হারিয়ে গেলাম।