২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

অনার্য কোজাগরী

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 19 Oct 2013, 04:31 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

বাংলার আকাশ জুড়ে বহমান কোজাগরী রাত
শিকড়ের গান গায় ভেজা মাটি, বকের পালক
কুমারীর হাতে জ্বলে কবেকার লক্ষ্মীর প্রদীপ।
স্তোত্রপাঠে মুখরিত আশ্বিনের প্রাচীন পূর্ণিমা।
রক্তের ভিতর ওড়ে দুধসাদা প্যাঁচার শাবক
ধূপের সুবাসে ভাসে শিশিরের নিভৃত আলাপ।
ছাতিম ফুলের ঘ্রাণ অন্ধকারে ঘন হয় আরো।
মাটির গভীর স্রোতে কান পেতে শোনা যাক এসো
জলের বাতাসী গান, ফসলের আদিম ইশারা।


অপরূপ খোলা চুল, সাদা শাঁখা, রক্তিম সিঁদুর
প্রবারণা জেগে থাক প্রেমিকের উদাসীন চোখে
কোজাগরী, কোজাগরী, বরমাল্য কার হাতে বলো,
রূপালি ফানুস ওড়ে, সুপ্রাচীন লক্ষ্মীর অন্তরে।
অনার্য আকাশে আজ নিজস্ব নক্ষত্র জ্বলে
কমলে কামিনী হাসে শঙ্খপাড় নদীর প্রবাহে
অন্ধকারে ভেসে যায় আকাক্সক্ষার মাটির প্রদীপ।