চে, আশ্চর্য রোদ
আশ্চর্য রোদ আসে মাঝে মাঝে পৃথিবীতে
তুমি সেই রোদ, চে
তোমার অপেক্ষায় পৃথিবী জেগে জেগে থাকে
মৃত্যু স্বপ্নহীন, কিন্তু স্বপ্ন মৃত্যুহীন, তাই
পৃথিবী আজও তোমার স্বপ্নের দিকে হাঁটে
একদিন আসবেই তিমিরবিনাশী দিন
যারা এই স্বপ্ন গেঁথে চলে দিকে-দিগন্তরে
তারা নিহত হয়, অনাহারে-অবিচারে মরে
সে তো কেবলই শরীর, নশ্বর, মেশে
ছাই ও ধুলোয়
যতই নিহত হোক চে, তোমার শরীর
পুঁজির প্যান্টির ভেতরেও তোমার স্বপ্ন জাগে
অন্তহীন।
যদিও এখন আঁধার দিকে দিকে ক্রমপ্রসারমাণ
আমাদের বিকেলগুলি তবু স্বপ্ন বয়ে চলে
আমাদের রক্তে আজও তোমার ঘ্রাণ বয়ে চলি
আজ কিংবা আগামীকাল অথবা পরশু
তিমির হনন হবে কোনো না কোনো একদিন
তাই অনেক-অগণন চের জন্ম হয়
প্রতিদিন।
