বিমল গুহ’র কবিতা
মুক্তি
বিগত শতাব্দীতে বঙ্গভূমি যে-রকম ছিলো
যে-চিত্রে চিহ্নিত হতো ভাটির অঞ্চল,
পৃথিবীর মানচিত্রে এখন
ভিন্নরূপে দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ,
মাথা থেকে পা-অবধি সবখানে
নতুনের চিহ্ন দৃশ্যমান।
সেই এক কাঠ-ঠোকরা দীর্ঘকাল
বাঙালির মগজমূলে ঠোকর দিতে দিতে
জাগিয়ে দিয়েছে আমাদের,
জানি, বড় কিছু করার আগে
মানুষের মাথায় আসে প্রথম আঘাত।
সেই এক কাঠ-ঠোকরা দীর্ঘকাল
মাথায় ঠোকর দিতে দিতে
বাঙালিকে জাগিয়ে দিয়েছে!
এইভাবে ৭ই মার্চ একাত্তরে
প্রকৃতির মাতৃগর্ভে জন্ম নেয় বাঙালির ভ্রুণ,
বজ্রকণ্ঠ-বাণী এক ধ্বনিত হয় দিকে দিকে
নবজন্মের ইশারায়
শিহরিত হয় মাতৃভূমি,
বাতাসের কানে গুঞ্জরিত হয় সেই সুর,
এইভাবে একটি পতাকা ওড়ানোর স্বপ্ন দেখেছি আমরা
এইভাবে মুক্তি এসেছে বাঙালির।
চোখ
আগুন দগ্ধ করে পৃথিবীর যাবতীয় ঘাম
শুঙ্ককাঠ মরাদেহ
বস্তুব্যাধি জটিল হৃদয়
শীর্ণকায় ছায়াপথ বইপত্র
পুরানো ঠিকানা;
মানুষের সম্বন্ধ খ্যাতি লোভ হিংসা ভয়
পোড়ে না আগুনে!
উড়োমেঘ ছায়া ফেলে পূর্বাপর
দেখে দগ্ধ মানুষের চোখ
দেখে অবগাহনরত নীলছায়া
দেখে এই মানুষের যাপিত জীবন;
তবু চোখ আকাশের মতো সর্বগামী হয় না কখনো,
তবু চোখ সর্বাংশে খণ্ডিত আকাশ।
অন্য ভোর
ঘুম ভাঙার পরও বিছানা ছাড়িনি
গড়িমসি করে এপাশ ওপাশ করেছি;
এর মধ্যে সূর্যের লাল আভায় ছেয়ে গেছে
সমস্ত আকাশ
যেন এই প্রথম অগ্নি-উদ্গিরণ হলো পৃথিবীতে,
চারদিকে লাভারশ্মি
উল্কার মতন পতনবিলাসী আলোকণা
ছড়ানো ছিটানো!
গা ঝাড়া দিয়ে উঠলাম বিছানা ছেড়ে
হায় খোদা, সমস্ত বিছানা জুড়ে
লাল পিপঁড়ের দল সারিবদ্ধ
যেন মুহূর্তেই মিছিলের স্রোতে ভেসে যাবো;
আমাদের বাড়িঘর আসবাব-
সবখানে লাল স্রোত লাল আভা
লাল পিপঁড়ের মতন ঘিরে আছে
যেন পৃথিবীর দ্বিতীয় অগ্নি-উদ্গিরণ শুরু হয়েছে
ভোর বেলা!
বৃষ্টি
পুকুরঘাটে সারাদিন জল থৈ থৈ বৃষ্টি
আমরা দাঁড়িয়ে আছি উত্তরমুখী
পিঠ দিয়েছি দক্ষিণে
পূর্ব-পশ্চিমে কারা উঁকি দিচ্ছে জানিনে,
যে-কথা বলতে গিয়ে জিব কেটেছি
সে-কথা বলা হয়নি কাউকে।
সব বাহ্য ভেবে আদাজল খেয়ে
নেমে পড়েছি রাস্তায়
ঝমঝম বৃষ্টির মল্লারে
গোল করছে কুকুর-বেড়াল,
পুকুরঘাটে ময়ূরপুচ্ছ তুলে
নাচে কারা বৃষ্টির আহ্লাদে!
সিঁড়ি
সিঁড়ি নেমে গেছে নিচে
সিঁড়িতে নামতে নামতেই যতো কথা,
সেই চল্লিশ বছর আগের একদিন!
সিঁড়ি নেমে গেছে নিচে, সিঁড়িতে
আলাপচারিতার মধ্যে ভেঙে ভেঙে
যাচ্ছিলো কথা জীবনের বাহ্য সব সম্পর্ক
যেন বর্জ্য পদার্থ বিশেষ!
কথার মধ্যে সুসম্পর্কের লেশমাত্র নেই
সিঁড়ি নেমে গেছে নিচে মাটি ফুঁড়ে,
দিন নেই দিনের অবয়বে
সিঁড়িপথে মরে আছে ইঁদুর,
দুর্গন্ধে ফুলে উঠছে পেট
সিঁড়ি নেমে গেছে নিচে ভু-অভ্যন্তরে
পাটাতনেরও বেহাল অবস্থা!
আজ চল্লিশ বছর পর দেখি
পাতাল ফুঁড়ে বেরিয়ে আসছে অট্টহাসি সিড়িঁতে
সিঁড়ির পাটাতন জুড়ে বসে আছে
একদল কালো বিড়াল
পথভোলা!
