ঝর্না রহমানের কবিতা
ঘুড়িকাব্য
পরীদের পাখা থেকে প্রতিদিন খুলে নিই সোনার পালক
কতবার বুনি আমি বেদনার বারান্দায় নকশি চাটাই
আলোকের যান নিয়ে রঙধনু পথ ধরে নিপুণ চালক
ছিন্ন করে চলে যায় আমার রঙের ঘুড়ি সুতোর লাটাই।
কয়েকটি নীল ঘুড়ি কবে যেন আনমনে উড়িয়েছিলাম
হয়তো বা ওরা ছিলো অবাক ঠিকানা লেখা মনোময় খাম
ওদের ছিলো না কোনো সুতোর বাঁধন কোনো লাটাই-শাসন
মেঘের দালানবাড়ি ছুঁয়ে ছুঁয়ে ঘুড়ি উড়ে গেছে অকারণ।
সাঁতরে পেরোয় আকাশগঙ্গা রঙমাতেলা ঘুড়ি
এক ফোঁটা কোন মেঘ-আগুনে পুড়লো ঘুড়ির পাখা
অগ্নিজলের নীল দহনে ঘুড়ির ওড়াউড়ি
ভস্ম মেখে উড়লো কাহার অবাক অঙ্গরাখা।
উড়িতেছিল ঘুরিতেছিল ইচ্ছেপাগল ঘুড়ি
মেঘময়ূরের পরম্পরায় ঝরিতেছিল নীল
রঙতামাশায় মাতাল বাতাস করলো কি খুনসুড়ি!
এক ফোঁটা রঙ লাগলো গালে– ঘুড়ির অন্ত্যমিল!
