২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রেজাউদ্দিন স্টালিনের দুটি কবিতা

rezauddin_stalin

Published : 22 Sep 2013, 08:19 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

স্বাধীনতা

নিজের ভাষায় পড়ি এবং লিখিও
গাছগাছালির পাঠশালাতে শিখিও
আমার মুখের অর্থ বোঝে পিঁপড়ে এবং পাখিও

কিং সলোমন বুঝতো যেমন ঘাসফড়িংয়ের মর্ম
বুদ্ধ জানেন ফল পাবে সে যেমন তাহার কর্ম
সব প্রাণী চায় স্বাধীনতা মত প্রকাশের ধর্ম

কথার ওপর দু'ঠোঁট রেখে হাঁটছি
সারাজীবন শব্দে সাঁতার কাটছি

এক মৃত ব্যক্তির সাক্ষাৎকার

ফুটপাতের সমকোণে এক মৃত মানুষ।
কিন্তু তাজ্জব সে নড়ে ওঠে–
মাছি বসা মহিষের কাঁধ।
আনুভূমিক কৌতূহলে নুয়ে আসে পথচারী–
: আপনি কি মৃত?
হাঁপছাড়ার সুযোগ না দিয়ে
ধম্কে ওঠে,
: না এখনো নয়– তাতে আপনার কি?
: তাহলে এই মৃতের ভান করা কেন?
অদরকারী কথা রেখে মৃত ব্যক্তি
পাশ ফিরে শোয়;
গনগনে গলায় তার পাল্টা প্রশ্ন–
: জীবিতের ভান করে কি লাভ বলুন?