২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

তুহিন তৌহিদের কবিতা

tuhin_touhid

Published : 15 Sep 2013, 08:43 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

ভালোবাসায়

দহনও ঢাকতে হয়
গোপনে কাঁদতে হয়
যদি খুব ব্যাথা পাই
নীরবে সইতে হয়

কখনো কঠিন বেগে
নেমে আসে ধুমকেতু
তখন পাহাড় হয়ে
হৃদয়ে জড়াতে হয়

কখনো বলতে হয়
কখনো ভুলতে হয়
কখনো পড়তে হয়
কখনো তুলতে হয়

যে আয়না ভেঙে গেছে
তাতেই দেখছি মুখ
যে সীমার বুকে বসা
তার হাতে জমা সুখ

নিজেকে লুকিয়ে রেখে
নিজেকে ঝুকিয়ে রেখে
কখনো জহর গ্লাসে
সময়কে পিতে হয়

এতো কি সহজ প্রেম?
আগুনের পথে হাঁটা
কখনো সমস্ত দেহ
আগুনে ডুবাতে হয়

রাত্রির গহ্বর থেকে

আর রাত্রির গহ্বর থেকে জেগে উঠি বিধ্বস্ত, বিপন্ন
শতাব্দীর লাল-নীল রক্ত অবিরত আঙিনায় ঝরে
বিস্ময়ের এই ইস্টিশনে মানুষ কি জেনেছে
কোথায় এই ওয়ানবাই রোডের শেষ?

তবুও নিজের ঘরে আলো জ্বালতে আমরা বহুকাল
অন্যের ঘরে ছড়িয়ে দিয়েছি তরল আঁধার
ঘরে ঘরে বয়ে যায় বিভেদ আর বিবাদের
চোরাস্রোত– যুগে যুগে শান্তির নামে মানুষ কি
ছড়িয়ে দেয়নি বিক্ষোভ, বিচ্ছেদ?

সর্বস্ব পায় না কেউ

সর্বস্ব পায়নি সেও– কেনো তুমি সবটুকু চাও
সে তোমাকে কেনো দিবে সবকিছু
হৃদয় শরীর সব কেবল তোমার জন্য নিংড়ে দেবে কেনো?
বৃক্ষশাখে ফুটে থাকে ফুল
সে কি পারে সবটুকু দিতে বিশেষ কাউকে?

কোন কিছু কারো একা অধিকারে যায় না কখনো
এমন কি তোমার একা বিছানাটা তোমার অজ্ঞাতে
বাতাসের হয়ে ওঠে– সেখানে বাতাস খেলে– আসে যায়
তোমার আপন হাত স্পর্শ করে আরো কতো হাত
তোমার ওষ্ঠেতে অসংখ্য চুম্বন– বলো
সর্বস্ব কীভাবে চাও– সর্বস্ব তো কেউই পায় না

তোমাকে মানতে হবে তোমার একান্ত প্রিয় বাহুটিও
কোনকালে অন্যকারো ঘামে সিক্ত ছিলো;
তোমার চুম্বন থেকে শতগজ গভীরে কোথাও
অন্যকোন চুম্বনের দাগ; তুমি কী করবে
কী ভাবে মুছবে এই কৃষ্ণগহ্বর সুগভীর ক্ষত
তুমি কী করবে যদি তোমার অজ্ঞাতে
অতিপ্রিয় দুধের বাটিতে উড়ে এসে কোন মাছি পড়ে
সর্বস্ব পেয়েছে কে– সর্বস্ব যায় না পাওয়া
যতটুকু পাও তা দিয়েই মেলাও তোমার প্রাপ্তির হিসাব।