২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গুচ্ছ কবিতা

ranju_raim

Published : 05 Sep 2013, 05:22 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

রবীন্দ্রনাথের সঙ্গে অনলাইন আড্ডা

রবীন্দ্রনাথের বয়স এখন একশ বায়ান্ন
এ বয়সেও তিনি কী সুন্দর টগবগে তরুণ
কোথাও গেলেই তাকে দেখা যায়
অসংখ্য ভক্তপরিবেষ্টিত
কোনও সেমিনার সভা সমাবেশে তার নামে
অসংখ্য কবিতাপ্রেমী ভক্তের সমাগম ঘটে
এসব দেখে-দেখে ভীষণ ঈর্ষা হয় আমার
বেশ কবার তাকে দেখার সুযোগ হয়েছে
কিন্তু ভক্তদের বেষ্টনী পেরিয়ে তার সঙ্গে
আলাপের সুযোগই পাইনি…
প্রচণ্ড একটা অতৃপ্তি নিয়ে বাড়ি ফিরেছি
তার কবিতার মোহন পঙ্ক্তি পাঠ করেই
কেটেছে আমার সকাল দুপুর ও রাত্রি
সঙ্গ ও সঙ্গহীনতায় ভুলতে পারিনি তাকে
মুহূর্তের জন্যও…
শান্তিনিকেতন ঘুরে এসে রবীন্দ্রসদনে
কলেজস্ট্রিট থেকে পায়ে-পায়ে কফি হাউসে
বাংলা বাজার থেকে আড্ডাময় আজিজ মার্কেটে
নীলক্ষেতের পুরনো নতুন বইয়ের মাজারে
অমর একুশে গ্রন্থমেলায়, কিংবা ছবির হাটে
ঘাসের সবুজ কার্পেট মোড়ানো বিস্তীর্ণ মাঠে
কনকর্ড এম্পোরিয়ামে দেশি-বিদেশি বইয়ের বাজারে
রবীন্দ্রনাথ আমাদের আলাপ ও আড্ডার মধ্যমণি…
যদিও আজ তাকে পেয়ে গেলাম অনলাইনে
মধ্যরাতে কফির মগে চুমুক দিতে দিতে
ভীষণ আনন্দে চ্যাট করছেন কবি আমার সঙ্গে…
ভাবতেও পারিনি এভাবে অনলাইনে পাব তাকে
অবাক বিস্ময়ে লিখলাম, তুমি কি তবে এখানেও?
কমেন্টস না করে হাসির আভা ছড়িয়ে দিলেন কবি


বনলতা সেনকে তোমার মতোই লাগছে

বনলতা সেন বলতেই সব পুরুষের মনে
কেমন জানি একটু শান্তি শান্তি লাগে
কেননা বনলতা সেন কেবল জীবনবাবুর আশ্রয়ই নয়
কবিতার ঘোরলাগা নিরাশ্রয় সব পুরুষের শাশ্বত ঠিকানা…
বনলতা সেন বলতে আসলে কেউ কি ছিলেন?
নাকি কবির স্বপ্নকল্পনারী, কেবলই চিত্তের আরাধ্য দেবী
জীবনবাবু তাহলে কীসের মায়া ছড়িয়ে দিলেন সবখানে…
যার নাম শুনে অনন্ত শূন্যতা জাগে রূপমুগ্ধ পুরুষে পুরুষে।
বনলতা সেনের নাম জপতে জপতে প্রেমিক খুঁজে ফিরে
তার কাক্সিক্ষত রমণীকে
তরুণ কবি শব্দে শব্দে আঁকেন তার মানসপ্রিয়ার ছবি…
শিল্পী গড়েন তার তিলোত্তমা দয়িতার আবক্ষ ভাস্কর্য
বনলতা সেন যে নির্নিমেষ শান্তি দিয়েছিল কবির হৃদয়ে
তা বড়ই দুর্লভ আজ– অপূর্ণ রয়ে যায় গুণমুগ্ধ পুরুষপ্রবর…
তবুও থেমে নেই জীবনে জীবন সম্পাত; কোনও লেনদেন।
জীবনবাবু বনলতা সেনের অনিন্দ্য রূপের বর্ণনা দিয়েছেন
একটি বারও তার গুণের ফিরিস্তি দেননি–
বনলতা সেন কি তবে রূপের আধেয়– নির্গুণ কোন নারী!
নারীর প্রতি রূপমুগ্ধতা আছে– গুণও তবে লাগে তার পাছে
বনলতা সেন দেখতে ঠিক যেন তোমার মতোই ছিল
তবু তুমি বনলতা নও, তোমার আছে রূপ ও গুণের পূর্ণতা

তোমার গুণের কাছেও বনলতা সেন হেরে যাবে– যায়…

প্যারিডোলিয়া

তুমি নেই-এই সত্য মানবো না কোনোদিন
বর্ষায় প্রস্ফুটিত সহস্র কদম আমার নয়
নকল মুদ্রার প্রলোভন টানে না আমাকে
তোমারই খোঁজে তাই দুচোখের পর্যটন
দৃশ্য থেকে দৃশ্যান্তরে…
সমুদ্রমন্থন শেষে মুক্তোহীন যদিও ফেরা
চুঁড়োয় ওঠার স্বপ্নে আবারও মৃত্যুপণ
নেই বললে পৃথিবীকে খুবই নিঃস্ব মনে হয়
রাজারা ভিখিরি হয় আর কবিরা মুকুটহীন
বুকের খনি থেকে চোখের মণিতে তোমাকেই
তুলে আনি মমতায়…
আর তাই নিসর্গের সবুজে-শ্যামলে লেখা আছে
যেই নাম আঁকা আছে যে ছবি সে তোমারই
মেঘেদের ভাঁজে আর পাহাড়ের খাঁজে খাঁজে
নদীর তরঙ্গে দেখি তোমারই প্রেমময় মুখ
পেয়েও হারাই ফের, খুঁজে ফেরা আমার অসুখ
কাছের মানুষ তুমি দূরে গেলে কোন প্রলোভনে
যেদিকে দুচোখ যায় তোমারই মূর্তি ঢালে প্রেম

তন্ত্রমন্ত্র দিয়ে বাঁচে না গণতন্ত্র

তন্ত্রমন্ত্র দিয়ে বাঁচে না গণতন্ত্র, বুদ্ধির ঢেঁকিরা
আজ রাজনীতির মুক্তবাজারে কথা বেচে খায়
ঝাড়ফুকে যায় না সরে অর্থগৃধণু ক্ষমতার ভূত
গণতন্ত্রের মাদুলি পরেও ত্রাহি ত্রাহি প্রাণ যায়…
স্বজনহারানো দীর্ঘশ্বাসের বিপরীতে ক্ষতিপূরণের
আশ্বাস নয় আর কোনও– লোকদেখানো তদন্ত
কমিটি তোমার ছায়ার বিরুদ্ধে দাঁড়াবে না জানি
চাই না আর কারোরই বিচার, খেদে ও বিষাদে
স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তা পেতে চাইছি এবার…
নয় কোনও শোকবাণী, সহস্র স্বপ্নকে বলি দিয়ে
আশ্বাসঘাতকতায় ভরে ওঠে ক্ষমতার বুকপকেট
জীবন এতো সস্তা কেন, মিলবে কি এর জবাব?
সুশীল পাখিরা টকশোয় কড়ি গোনে দেশের সঙ্কটে
ভোটের অঙ্ক নিয়ে মহাব্যস্ত রাজনীতিবিদও বটে…

ক্ষমতা

সীমাবদ্ধ জলে সাঁতার কাটার সমস্যা অনেক
দেখাতে পারবে না তুমি সামর্থের সবটুকু খেলা
লোকে অক্ষমতার দায় চাপাবে তোমার কাঁধে
অহেতুক গুঞ্জরণে…
ফলত তোমার ভেতর জন্মাবে কিছু বিশুদ্ধ অভিমান–
এসব দেখে হাততালি দেবে পরিহাসপ্রিয়
কিছু হুজুগে মানুষ–
কেননা এ যুগের পাণ্ডিত্য যে কেবলই মূর্খদের দখলে।
তোমাকে ওজন দেবে তারা বামনের খেলনা নিক্তিতে
সমুদ্র সমুদ্র বলে হাঁক ছাড়লেও তোমাকে ডোবার
ঘোলাজলেই সারতে হবে স্নান
দেখবে, তোমার জন্য অপেক্ষা করছে কিছু
অসহায় আর্তনাদ
আলো ছড়াবে বলে ঘুরে মরছ প্রায়ান্ধ জনপদে
বারুদ জ্বালাবার আগেই তা নিভিয়ে দেবে
অত্যুৎসাহী বৈরী বাতাস–
জানবে তোমার জন্য নেই কোনও নীল-ময়ূরের
পেখম খোলা আকাশ–
বামনালয়েই আজকাল তুমি বড় সামাজিক; অসহায়–
ক্ষমতার চাবুকই তোমাকে অক্ষম করে তুলছে ক্রমশ…