২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গোলাম কিবরিয়া পিনুর কবিতা

গোলাম কিবরিয়া পিনু গোলাম কিবরিয়া পিনু

Published : 30 Aug 2013, 08:05 PM

Updated : 02 Sep 2022, 08:36 PM

গর্ভকুসুম

১

জলের দীপ্র-শক্তি নিয়ে ধাত্রীরা
এক পা থেকে দু'পায়ে দাঁড়ায়
কিরণমণ্ডিত গর্ভকুসুমের খোঁজ পায়
শ্রাবণের রাতে!
জলগর্ভ তৈরি করে কোন্ বৃষ্টি?
বাদলবাতাস কার জন্য মাতে?

২

জলমগ্ন না হলে জন্ম হবে না
এই বোধশক্তি হারিয়ে ফেলে আজ
দাঁতলাগা অবস্থায় কারা সংজ্ঞাহীন?
প্রাণকোষ জলসজীবতা নিয়ে জেগে ওঠে
তাও তারা ভুলে যাচ্ছে চোরাস্রোতে পড়ে
বর্ষণশীল এ শ্রাবণে আদ্যজ্ঞান কি তারা ফিরে পাবে না?

৩

সংবেদ ফিরে পাই–জড়তা থাকে না
আঁতুড়ঘরের চৌহদ্দি থেকে বের হয়ে
সংজ্ঞালাভ করি–
ও বরিষণধারা!
ধারাজল কারা ভেঙে ভেঙে জলমগ্ন করে
কোন্ রসায়ন আজ–কোন্ সাজ পরিয়ে দেয়?

৪

প্রস্ফুটন হলো এ মুষলধারায়
এরপর কী বিস্তার!
জীবনস্রোতের বিপরীতে আঁতুরঘর ভুলিনি,
বন্যাকবলিত হওয়ার পরও–
উৎপত্তিমূলে ফিরে আসি সিক্তনদী খুলে খুলে।

৫

অকর্ষিত মাটি ছুঁয়েছে এ বৃষ্টি
কী আনন্দ!
যদিও আমি এখনো ভাগচাষী
খণ্ড খণ্ড হয়ে যাই ধনিচার ক্ষেতে
তবু ফসলের বীজ নিয়ে
বর্ষণমুখরিত ভোরে মাঠে গিয়ে পৌঁছি।

৬

টাট্টুঘোড়ায় চড়ে এলো জলধরপটল
রাখাল জানে এখন হবে আকাশভাঙা বৃষ্টি
গোয়ালঘর ভিজে যাবে–
জলভেজা চারপাশ নিয়ে
ঘুমিয়ে কি থাকা যায়?
বর্ষণমুখর এ শ্রাবণ আবারও তার চেনা হয়ে যায়!

৭

চিতাবাঘ ভিজে গেল
কোন্ ঝোপজঙ্গলে? খোঁজ কি পাও?
বাঘও বাদলরাত নিয়ে মাতোয়ারা হয়
টিপটিপে বৃষ্টি তার পছন্দ নয়
উতলধারায় নিজেকে পল্লবিত করে নাচে
কোন্ আগুনের আঁচে?

৮

বৃষ্টিবাদলের দিনে
কোন্ অশ্বারোহী অশ্বধ্বনি নিয়ে
এইখানে আসে?
সে-কি অঝোরধারা ভালোবাসে?
নাকি শুধু জলবিয়োজন চায়
আর চায় শুস্ক পথঘাট?
প্রাণসঞ্চারী বৃষ্টি নিয়ে
তার কোনো বোধশক্তি আছে?
সে-কি ছিল কখনো জলের কাছে!

অন্তঃপ্রাণ

তালপুকুরের স্বচ্ছ জল নেই! সবকিছু টেনে নিই, সবকিছু
ভোগ করি, সবকিছু নষ্ট করি-গোগ্রাসে গিলি, উদরপূর্তিতে
আর স্ফুর্তিতে নদীও মরে যাচ্ছে, জলস্তর নিচে নেমে গিয়ে
হাহাকার! এতকিছু লাগে, এত বস্তু নিয়েও হাহাকার–জলকষ্ট,
বৃষ্টিও কমে যাচ্ছে–তারপরও ঝিকমিক করতে হবে
নিয়নআলোতে? উন্নয়ন কীসে হয়–কীসে খোলতাই, খোলসের
মধ্যেই এখনো মানুষ পড়ে আছে, তার ভেতরের একেক
দীপশিখা নিভিয়ে নিভিয়ে ঘূর্ণি বাতাসের মধ্যে পড়ে গিয়ে
কোন্ ধ্বনি নিয়ে নিজের ছায়াটুকু না চিনে ঋণে ঋণে
ঘুটঘুটে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে পড়ে থাকে! খুঁজে পাওয়া
যায় কি প্রাণের ভেতর কোনো অন্তঃপ্রাণ?

ভগ্নশিলালিপির পাঠ

পুনরায় কোন্ উপত্যকায় এসে আমরা ঘুমিয়ে পড়ছি?
এই ঘুমানোর জন্য এতদিনের কারুকার্যময় কাজ ও সাজ
নষ্ট হতে বসেছে! আমাদের আত্ম-অধিকার নেই যে
স্বাধীনভাবে নিজেকে আঘাত হেনে নিজেকে জাগিয়ে
তুলে–প্রয়োজনে নিজেকে উপহাস করে, ঘৃণা করে
নিজেকে এ বেলায় পালটানো যায়! দিন না আসুক–নতুন
রাত্রি আসুক, অন্তত শান্তির ঘুমে নিজের স্বপ্নটুকু দেখি, যাতে
করে আস্তাচলে চলে যাওয়ার আগে ভগ্নশিলালিপির পাঠ
উদ্ধার করে আরও একবার নিজের খাতায় ছন্দ একীভূত
করে কবিতা লিখতে পারি!

ত্রিপদী

১

কত চুক্তির মধ্যে দিয়ে যাই
তারপর শেষমেষ দীক্ষাদান করে
একচক্ষু বিশিষ্ট সাধু-সন্তাপ!

২

গৃহপালিত লড়াকু মোরগের শক্তিতে
কী এখন দেশ বাঁচানো যাবে?
তবে কেন তাদের দিকে চেয়ে থাকা?

৩

দেউলে হওয়া মানুষেরা শুধুই
পুঁজিরক্ষক ও ঋণগ্রস্ত–
তাদের অধিকার তারা সন্ধ্যাতারা দেখে ভুলে যায়!

৪

নাপিতের কাছে গিয়ে ধরনা দিয়ে কী লাভ?
বিষফোঁড়া কাটতে পারেনা
কান ছুঁইতে পারে কিন্তু কান টানতে পারে না ।

৫

জাহাজের তলদেশে গিয়ে
বিস্ফোরণ ঘটানোর সাহস ও কৌশল
ঝিনুক কুড়ানো লোকের কখনো থাকে না।

Image
Flag Counter