কাজল বন্দ্যোপাধ্যায়ের কবিতা
বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে
শাহবাগে
মধ্যযুগকে পেছনে ফেলে এগিয়ে চলেছি আমরা,
কৌমকালকে পেছনে ফেলে;
জেগে উঠছে নগর, মানব নাগরিক, —
ঝেঁটিয়ে তাড়াচ্ছি কতিপয় অন্ধকার আমরা
শাহবাগে
শাহবাগে
ঢাকা যুক্ত হচ্ছে ইতিহাসের সাথে,
একাত্তরের:
আর আমরা শহীদদের স্বপ্নকে পায়ে মাড়াবো না,
ধর্ষিতা মাকে ভুলে থাকবো না,
পিতাকে মাথায় নেবো।
এখন সময় জেগে উঠছে,
স্মৃতি ফিরে আসছে,
অপমানিত নগরী ঢাকা উঠে গৌরবে দাঁড়াবে–
মসলিন-শিল্পীদের গৌরব,
ঢাকীদের,
শহীদ সিপাহীদের, শাঁখারীদের,
পরিবিবির।
সোমেন চন্দ, বরকত, রফিক, জব্বার —
এঁরা সবাই এখন এসে দাঁড়িয়েছেন
প্রজন্ম চত্বরে।
ঢাকা ঢাকা ফেলে জেগে উঠছে।
এখন শাহবাগে
একটি দেশের নবজন্ম হচ্ছে,
বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে
