টোকন ঠাকুরের গুচ্ছ কবিতা
ছুরিকবিতা
ছুরি, তীরের তীক্ষ্ণতা নিয়ে ছুটে গিয়েছিলে! তাতেই
ভুলতে ভুলতে, ভুলে যাচ্ছিলাম-
কত তীর লক্ষভ্রষ্ট হয়!
আধা-লিপ্ত আধা-নির্লিপ্তির গানে গানে বলি:
লক্ষভ্রষ্ট তীর তুমি আর ফিরে আসবে না?
রক্তিম ফলকে দেখে যথারীতি ক্ষুধা পেয়েছিল।
ক্ষুধাই তো ছুরি সেই লালিত ডাইনি, প্রেম
তীরের তীক্ষ্ণতা নিয়ে ছুটে গেছে দিকে দিকে
আর ফিরবে না?
জল-বালুচর
অনেক কবিতা ছাপা হ'ল।
অনেক দুঃখও পেয়ে গেলো ধ্রুপদী মর্যাদা।
অনেক খ্যাতিও শেষে উপচে উপচে
ফেনা হয়ে গেল
একটি কবিতা থেকে আরেকটি কবিতায়
যেতে গিয়ে
মধ্যপাতে ফাঁকা দিয়ে
ডুকে পড়ল মধুবন্তী, নারীবন্ধু, গুপ্ত-নানাচ্ছল
এখন যে কবিতা লিখছি, কবিতার নাম
'জল'
-এটি বালুচরে ছাপা হবে! ফলে
রৌদ্রে বখাটে হলেও, জোছনাকালীন দাহশিল্প
মনে করে
যদি মরুবিশেষজ্ঞরা জেনে ফ্যালে-
আমার খ্যাতির সঙ্গে বেঁচে থাকছে
মাইল মাইল অখ্যাতি
আর না-ছাপা হাসি, গূঢ় বিফলতা?
আশংকা
বাবুই যে বৈষ্ণব-ঘরানার পাখি, এই তত্ত্ব, পরমার্থ অভিজ্ঞান
আমি যথেষ্ট বুঝেছি
চড়ুইয়ের মতিচাঞ্চল্য, দেহস্ত সংরাগ
ভাল লাগছে ভরপুর ভাবনা-সন্দেশ
আমার মনে হয়, বাবুইবৃত্তির সঙ্গে আজ
চড়ুইবৃত্তির একটা টক্কর লাগছে
এদিকে আমি কবি হয়ে উঠছি
মা
মা ঘুমিয়ে পড়েছেন!
আর, আমি তার শিয়রে দাঁড়িয়ে আছি
মুঠোভর্তি কবিতা নিয়ে;
আলোর ছোবলে এসে, ভোরবেলা মুছে দেবে
রাত্রি থেকে বিচ্ছুরিত অনাথ কাহিনী।
নিরাকার ভস্ম হয়ে পুড়ে যাবে সকল কবিতা
কিন্তু এই রাত্রিবেলা, বোস্তামিকে মনে করে
আমি যদি দাঁড়িয়ে থাকি,
এভাবে কি জানা হবে- পিপাসায় আমার মা
কি চেয়েছেন?
আমি কেন কবিতাই মুঠো ভরে আনতে পেরেছি?
তবে একথা সত্যি, আমি হয়ত অভাবিত কাটিয়েছি দিন;
পিপাসায় পানি আর কবিতাকে সদর্থক ভেবে
দ্বিতীয় ভুলের দিকে কবিময় সফলতা কুড়োতে গিয়েছি।
এছাড়া স্বীকার করছি- প্রথম ভুলের জন্যে
ভূমিষ্টকে দায়ী করে আমার মামলাগুলো
এখনও খারিজ হয়ে যায়নি!
ফলে, আমার যে-বোন পালিয়ে গেছে
তার জন্যে আধোগুপ্ত কান্নাজাগা রাতে
দেখেছি, অনেক কবিতাই চোখ ফেটে বেরিয়ে আসতে চায়;
যদিও, কবিতাজন্মের প্রথম শর্ত 'শব্দ'… সেই শব্দই এড়িয়ে
নিঃশব্দ আমার মা; আমি আর পিপাসাকে
বুঝতে পারিনি বলে
বাৎসল্যের চোখ থেকে ঝরে পড়া কবিতাও পরতে পারিনি
মা এখন ঘুমোচ্ছেন।
আর, আমি তার শিয়রে দাঁড়িয়ে আছি
মেঘলিপ্ত সম্ভাবনা নিয়ে:
রাতের যে-কোনও প্রান্তে, ঘুম ভাঙলে,
আমার বিনিদ্র হাতের মুঠো খুলে, তাকে এই
জলমর্ম কিভাবে জানাব?
যদিও সংশয় থাকে, মেঘমর্মে কবিতা না-কবিতার
প্রবণতা জল হয়ে থাকে?
উল্লেখ্য আমার পিতা সন্ধে থেকে ঘরেই ফেরেননি; তিনি
গার্হস্থ্য-বনের দিকে, হাঁটতে হাঁটতে হাত নেড়ে ডাকছেন-
জোনাকি… ও জোনাকি, ফিরে আয়
সেই যে আগুন আমাকে শিখিয়ে গ্যাছে, ছোটরা পালিয়ে গেলে
রোদের ছোবলে পুড়ে
সন্ধ্যার অদূরে একা পৃথিবীর জোনাকি হয়ে যায়!
তাই, অন্ধকারে অঙ্কুরিত উড্ডিন যন্ত্রণা
যা আমাকে ভালবেসে উপচে দেয় বাক্য উপহার
আজ মা'র শিয়রে দাঁড়িয়ে, এই যে দেখছি ঘুম, আবার দেখব আলোয়
ভোরবেলা নিরাকার ভস্ম হয়ে পুড়ে যাচ্ছে
মুঠোভর্তি আমার কবিতা
বিরাট ঘটনা
তখন, হোটেলে বসে, দুপুরের ভাত খেতে গিয়ে
ভালবাসা টেবিলের নিচে চলে যায়
ভালবাসা ভর করে পায়ে পায়ে
গেরিলা ধারায়
হয়ত জোড়াজোড়া জানে- আঙুলের কৈবল্যকুসুম ফুটিয়ে
ভালবাসা বাতাস সেলাই করে
তখন, দুপুর নিভিয়ে দিয়ে
বাল্যসন্ধ্যা ঝরে
যদিদং হৃদয়ং মম তদুস্ত তব; যদিবা
ভালবাসা হোটেলের ভাত, টেবিলের তলে তলে তুরীয়ং
চুরিরং পায়ের প্রতিভা
ভাবীর মন পুলিশ পুলিশ
নিতান্ত পেটের দায়ে, আমার ভাই
দারোগা হয়েছে।
ঘরে ফ্রিজ, টেলিভিশন-ডিশ
ডিশ দেখে বোকা বোকা দেবরটিও আজ
অ্যাপ্রেন্টিস
গৃহের ভেতরে থেকেও, ভাবীর মন
সারাক্ষণ পুলিশ পুলিশ
প্রত্যেকের ব্যক্তিগত নদী
হাঁসগুলিকে সরাসরি হাঁস না-বলাই ভাল।
লিখিত ইঙ্গিত রেখে কবিতাও বলা যায়।
আরও বলা যায়- আমি ইঙ্গিতবাদী মানুষ,
চেষ্টা করছি ঘোড়াগুলোকেও বিশেষ কিছু ভাবার।
তাই, জলঢেউয়ের বেআবব্রু বুক খুব ধরেছি
মনে পড়ছে অনেক কথা সব না বলাই শ্রেয়
যতই আমার দেহ বলি, দেহ কি আর দেহই?
আবার, কবিতাগুলো কি যথার্থ কবিতাই?
তাহলে কেন দিঘি দেখলেই লাফিয়ে পড়তে যায়?
ক'হাত দূরেই মধ্যরাতের সমুদ্র গর্জায়
ক্রোধের ফেনা তীরের বালি কী চায় সঠিক জানি?
ব্লাউজগুলিকে শুধুমাত্র ব্লাউজ বাদেও বলব:
সতর্কতার ফাঁকে হঠাৎ অসতর্কের আগুন!
কিন্তু সে ঠিক আগুনও নয়, বাঘের চোখে যাদু
মোহিনী সংকেত পেয়ে, তাকে মৃত্যুই বলি যদি-
ব্যথাকে বলব জল, সেই জলই প্রত্যেকের ব্যক্তিগত নদী
