অধমর্ণ
জীবন ও শিল্পের দ্বৈরথ নিয়ে ভাবি মাঝে মাঝে
এই গালভরা পুরোনো অভিধা
আজ কেন নিরর্থক মনে হয়,
শিল্প যদি সুদূরের রঙধনু, তবে জীবন অশেষ–
আরো বেশি ডানা মেলা অসীমের দিকে,
আনন্দ ও বেদনার সুতীব্র আধার ;
যে মানব একদিন কৈশোরের রাঙা কুতুহলে
সংগোপনে অনুভব করে
শরীর ও ত্বকের গাঢ় স্পর্শ-বিহ্বলতা
আজ জানি তারুণ্যের প্রথম সোপানে
দিয়েছে সে পা– অভিষিক্ত হয়েছে যৌবরাজ্যে–
সেই দেশ রহস্য ও মাধুর্যে রঙিন,
এই তবে অসীমের দিকে ডানা-মেলা
অশেষ জীবন?
শুধু সত্যের সারাৎসার নয় পার্থিব জীবন
নয় নিরেট বাস্তব কিংবা নিছক কল্পনা
শুধু শিল্প নয়– নয় শুধু অন্ধ যৌবন:
তবু
কলা ও শিল্পকে আমি জীবনেরই অধমর্ণ মানি।
২৫/৯/১১
