আহমেদ স্বপন মাহমুদের গুচ্ছ কবিতা
শ্যামলী
শ্যামলী পৃথিবীতে নিঃসঙ্গ থাকে।
চুলের সমস্ত হতাশা নিয়ে সে পা উবু করে শুয়ে আছে
সর্বনাশ হয়ে।
আমি সেই সর্বনাশ মাঠে কেঁদেছি অনেক– রাতে, গোধূলি ও সন্ধ্যায়
তারাদের নিভে যাওয়ার পর দেখেছি শক্তি ও অশ্রুর চোখাচোখি।
তোমাকে বলেছি বারবার
রাত ও দিনের ব্যবধানের মতো প্রেম ও প্রতারণা–
মানুষেরা তবু বেঁচে থাকে, বিরোধ ও অভীপ্সা নিয়ে।
ঢালচর
পৃথিবীর নিঃসঙ্গতম দহনের নাম ঢালচর
তোমাকে যা বর্ষা এনে দেয়
চোখে, তারায়, ভাষায়
বন্ধুরা গ্লাসের তলানির
শেষ চুম্বনটুকু রেখে দিয়ে রচনা করে
বিষ, বাষ্প, কান্না ও অবদমন
আমি তার দিকে চেয়ে ঘুম ও উত্তাপ থেকে
হেসে হেসে জল তুলি
মায়া, নিমগ্নতা ও আগুন
বিষণ্নতা।
ফণা
প্রতিটি বিন্দু আমার প্রেম ও প্রতিমা
তোমকে দিয়েছি উচ্ছ্বাস ও রক্তপাত, নিঃসঙ্গতা
যতটা আকুতি তার বেশি মধু ও প্রতারণা
তোমাদের মুখে মুখে বিষের ফণা
সাপের ফণা
আমি দীর্ঘ চুপচাপ আছি
নিচে, গভীরে, মদের সমুদ্রের অতলে
জল ও তিমিরের হিংসা পরায়ণতায়।
ভালোবাসা অবদমনে নিঃসঙ্গ হলে
রাত্রি ও পরস্ত্রীর আঙুলবুলানো শংসা পেতে চায়।
দীর্ঘ
কেবলি জেগে থাকে দিন রাত
কেবলি বাজে কবিতার চতুর্মুখী হাত
জেগে থাকে উন্মত্ত টেবিলে
গানে, রৌদ্রে ও করোটিতে, ভূগোলে।
তোমরা যাই বলো
বনশ্রী দূরত্বের নাম হলেও
তার ক্ষিপ্রতা ঘোড়ার ক্ষুরের মতো তীক্ষ্ণ ও দারুণ–
সরল, নম্বর ও অনুভূতিশীল
চুম্বনে সদাশয় অতিষ্ঠ করে রাখে।
তোমাকে পাওয়ার মতো যথেষ্ট উদ্বাহু ও বিষ
পাশাপাশি, একসাথে হাঁটে
কচ্ছপের মতো পাঁচশ বছর।
