২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মিলটন রহমানের দুটি কবিতা

মিলটন রহমান

Published : 18 Jul 2013, 12:26 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

নির্মোহ

এখন রাত আর অজগর হয়না
বসে থাকে টবের দানিতে
টুপ করে নেমে যায় অশ্বত্থ ছায়ায়
অধরা অপেক্ষায় কি ভালো ছিলো?
ইস্পাতের পথে তাপের তোড় আর
নলখাগড়ার বিলে অগম্য রথে
কত বিরান পথ আদিম হতে বলে
ওসবই ভালো
বড় বেশি কাছে এলে ভেঙে যায়
বোধ ও বেগের ছায়া
তাই বৃক্ষের বয়স গুনতে নেই
ফলবান হলে জমা রাখা যায়
বীর্য ও তেজের বয়স।
তুমি দূরে থাকো
তবেই খেলে নেবো
ত্বক ও নখের তরবারী

বৃক্ষ

পাখিটা কাল রাতে চলে গেলো
পুষ্প ও বৃন্তের দ্বি-খন্ডিত পাঁজরে
রেখেছে জমা অনাদিকালের সঞ্চয়
কথা ছিলো বৃক্ষের সাথে সখ্য
ও অভিজ্ঞতা নিতে পারলেই
মানুষ বেঁচে যাবে লক্ষ বছর
হরপ্পা মহেনজোদারো হয়ে
আধুনিক মেকি সভ্যতার গুন টেনে
ছায়ারা কথা রাখবে পাতায় পাতায়
চন্দ্ররজনী গলে মিশে যাবে মধ্যদুপুর
কিন্তু এতো কাছে নিশ্চিন্তপুর
যোজন দূরে হলে ক্ষতি কী
বৃক্ষের সাথে কথা হলো না
জোছনা ও বৃষ্টিতে ভিজা হলো না
আমারে আরেকবার পান্থসখা করিয়ো
পর জনমে অমৃত হবো
বিদায়!