২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মতিন বৈরাগীর গুচ্ছ কবিতা

matin_bairagi

Published : 13 Jul 2013, 08:20 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

দুঃখকে যত্ন দাও

দুঃখকে যত্ন দাও সে তোমাকে আলোক দেখাবে
দুঃখের ভেতবে যে অনিদ্রা তুমি তাকে ডাকো আনন্দ
উপলব্ধির ভাষায় গাইবে রাতের বিহঙ্গ
গভীর তল থেকে আরও গভীরে নামো হিম-গহ্বরে
খুব সামান্য আলো বিস্ময়ের অন্য আরাধনা নিদ্রার নিস্তব্ধতা
সে হল এক ভাষার কাঠামো যাকে তুমি চেনো কদাচিৎ

দুঃখকে খোড় ইতিহাসের বাঁক দেখে দেখে নিঝুম রাত্রিতে
দুঃখ তোমারই কাছে কত শত বছরের গীতি
হোমারের অন্ধ চোখ থেকে ছড়িয়ে পড়া আলোর ইতিহাস
তাকে শুশ্রষা দাও এক একটি শ্লোক পড়ে বাঁধ একটি গিরায়
দেখো সে সেবিকা তেরিসার মুখ
কোমলকান্তি লোভের বিপরীত মুগ্ধতা–

ভালোবাসো দুঃখকে উপলব্ধির ভাষায় দেখো সকল বৃক্ষের
অন্তরূপ একই আয়নায় জোছনা-শরীর
সে পরম, দুঃখই দিতে পারে
নতুন বর্ণমালা বাসনার ছেদহীন রংয়ের প্রমা
আর দিগন্ত ভাঙা বোধে আলোর উদ্ভাস

দুঃখকে যত্ন দাও সেই পথ আঁধারের উল্টোদিকে
দুঃখই নীতিকথা বেদের সমান–

বৃক্ষস্বভাবে

মাথার ভেতরে প্রান্তর জেগে থাকে রাত্রিদিন
বিরামের ফাঁকটুকু নেই– নানা দৃশ্যের চাষবাস
প্রান্তর জেগে থাকে মাথার ভেতরে–
নূরুল হুদার 'লখনৌ কুহু' নানা ইমেজের ছবি আর সুর
আমি তার মন ছোঁয়া বিস্তৃতি দেখি আকাশটা দেখি
চেয়ে আছে যেন হঠাৎ সে হয়েছে অবাক-

কী চায় ওই প্রান্তর আমার কাছে ? নাকি আমি কিছু চাই ?
আমার আকাঙ্ক্ষার প্রজাপতি উড়িয়ে সারাদিন ঘুরি শিল্পের নগরে
রাত্রির চাঁদ যখন নরম ঘাসে শুয়ে বসে খুনসুটি করে
আমি তার প্রকাশ দেখি জীবনের নানা আঙিনায়
চিনতে কি পারি আমাকে আবার !
সত্তার অনন্ত লড়াই– কী চাই– কী চাই–

যেখানেই যাই আঁধারেরা এসে ঢেকে রাখে ভালোবাসার দিনগুলো
বিষণ্ন সবুজ ঢেউয়ে সাঁতরায় ভ্রান্তির মীন
আমি অশোকের কাছে চাকার মহত্ব জানতে চাইলে
সে বলল রাজনীতি আর চাণক্য শোনাল তার শাস্ত্র-বিধান
অরণ্য উঠে এল নগরে আর আমি
পরিষ্কার শুনতে পেলাম নদীর ভাষা
পাখিদের মনোজ্ঞ তালিম
আরগ্যের ইশারা

মাথার মধ্যে এক ক্লান্তি জেগে থাকে তবু এক ভালোবাসা
আলো আসবে প্রভাতের মুখে বলল: রাতের বাতাস
আর দিনের দেবতারা এলে হেঁটে যাব ওই প্রান্তরে
দেখব নিজের মতো আমারই বাসনায় রাঙা ধুসর হয়েছে সবুজ
নতুন দিনের পরিচয়– বৃক্ষস্ব ভাবে–


ভাবনাগুলো উড়িয়ে দিলাম

০১.
অবিমৃশ্যকারিতার চেয়ে চুপচাপ বসে থাকা ভালো
চিন্তার অনঢ়তা রুদ্ধ করে জীবন, যা বদলে নিতে হয়
সভ্যতার বাঁকগুলোর নির্ভুল পাঠ জানিয়ে দেয় আগামী
যারা এসব ভাবছে–ভাবছে তা' গতানুগতিক–

যে শহর কয়েক বছর আগে যেমন ছিলো আজ আর তা' নেই
বদল হয়েছে তার, আর যে মানুষগুলো বিশ্বাস করেছিল নির্ভরতার
দেখল গাছগুলো মরে যাচ্ছে ঝরে গেছে তার সকল সবুজ
তারপর আবার অবিমৃশ্যকারিতা, ভুল নির্বাচন এবং তারপর
স্থবিরতার মাঝে নিমজ্জমান এক জীবন নদীরা থেমে গেছে
পাখিরা গাইছে না, জল গেছে শুকিয়ে আর রাস্তাঘাট!
কারা যেন খেয়ে ফেলেছে–ইঁদুর কাটা

অঙ্গীকারের কথা তারা শুনেছিল এবং বিশ্বাসের ঘাম ঝরাতে গিয়ে
তারা হারিয়ে গেছে অবশিষ্ট নেই আর
আর যারা চাকায় বেঁধে ছিল জীবনের স্বপ্ন
লাশ হয়ে ফিরছ গোণিত হচ্ছে সংখ্যায়
হায় ঈ-শ্ব-র-

তার চেয়ে চলো চুপচাপ বসি, দেখি নিজেদেরে
ইতিহাসে কতখানি আমরা আর কোন খণ্ডগুলো আমাদের
এবং ঝড়ে পিটানো মানুষ কী করে উঠে দাঁড়ায় ।


ভাবনাগুলো উড়িযে দিলাম

০২.

দুপুরের বারান্দায় বসে আছে কে সে? শাদা শাড়ি নড়ছে!
কেউ নয়, কেউ না– হাওয়ারা উড়ছে–
এই ঘর রাজাদের! রাজা কই রাজা নেই
ঘোড়াদের সাজা নেই–ঘোড়ারা নড়ছে-
হাওয়ারা উড়ে যায়, উড়ছে

মাটিতে বীজের মুখ অংকুর-উদ্গম আকাশটা হাঁকছে
কেউ কি ডাকছে! হাওয়াতে উড্ডীন দুপুরের কাম-ঘাম বারান্দা পুড়ছে
দুপুরের রোদ্দুর কেউ নেই কেউ না!

তবে কী আমি সে, আমি হই সে-ও হয়–ভরা রোদ-বর্ষায়?
সহসা হাসির গলা রূপকে দুপুরে
জিরাফের মুখ যেন আকাশের পুকুরে
মুড়ে নেয় ছিড়ে খায় তারা-গাছ তারা-ফল
মেঘেদের সব জল–সব জল– !
আমলকি ডালগুলো খিলখিল হাসছে
দুপুরের রোদ্দুর নুনজল কেউ কী ভাসছে?

কেউ নয় কেউ না শাদা থান উড়ছে, হাওয়ারা উড়ছে

আকাশ পুড়ছে
কতপথ কত! কত ফুট লম্বায়
নিখিলের বারান্দা ওই কে হাঁটছে
কে আসে বৈশাখে এই ঘর বারান্দা, কে যায়
কেউ নেই কেননা হাওয়ারা উড়-ছে

কতটা মানুষ এগুলো

নীরবে নীরবে ক্ষয়ে যায় বোধ বকুলে ফোটে না জীবন
সবুজের ফাঁক থেকে যে আকাশ মনে হত খুব মনোরম
কারা যেন প্রতিদিন চুরি করে তারে
হাওয়ায় নড়ে স্ফিংসের মুখ নাক কান চোখে নামে ক্ষয়
নিমরুদ উঠে বলে : দেখো মানুষের ইতিহাস
কতটা সময় গেল কিছু কি এগোয় !

বনের উদাস হাওয়া উড়ে যায় কত দেশ
মহাদেশ, প্রান্তর-মাঠ
হরিণীরা ফিরে চায় চোখে তার অতীত কালের আলো
সিংহের ফোঁপানি, সমাধি দেয়াল ভেঙে জেগে ওঠে স্পার্টাকাস
তরবারি হেঁকে বলে ইতিহাস তবে আর কতটা এগুলো?

তিরতির বয় জল বোধের আকাশে মরা রোদ ভাসে
পুঁজির নগর নুয়ে পড়ে বনিতার ভারে– গ্রামগুলো ক্ষয়ে যায়
মানুষের শ্রেণিভেদ বনিক বুদ্ধি মানুষকে খেয়ে ফেলে
অরণ্য-নেকড়ে ছিঁড়ে খুড়ে খায় নরমাংস হাড়
পচা-গলা রাজনীতি সকল উঠোনে
সলমন উঠে আসে কত যুগ পরে– হেসে বলে মানুষ কী এল
ইতিহাসে আজ তারা কতোটা সময় পেরুল?

একটা কুকুর রোজ রাস্তার মোড়ে দুপুরেও আড়মোড়া ভাঙে
একটা পোয়াতি বিড়াল ঠিক ঠিক সময়ের কাটা গুণে বাচ্চা বিয়োয়
সড়ক ওপারে অনেক মুখের ছবি– টুকরি কোদাল–
সস্তা শ্রমের যন্ত্র গড়িয়ে গুড়িয়ে যায় ভোগ-উৎসবে, আর
কতিপয় কুৎসিৎ মুখ ক্ষমতার হুংকার তোলে অশ্লিল চিৎকারে

তখন কৃষ্ণ, অর্জুনকে বলে– যুদ্ধ চলছে ভালো বহুদিন–
শেষ হবে পথ, দূর ইতিহাসে মানুষ এগুলে–