প্রাণজি বসাক-এর কবিতা
১৬ই এপ্রিল : একান্তে
১
পদ্মাপাতা চিনি না চিনি কচুপাতা
গড়িয়ে যায় মুক্তোর মতো একফোঁটা জল
গোপন কথা গোপনেই থাকে অক্ষত ফল
২
সকালবেলার আলোয় বারান্দায় ওঠে একটি দিন
অচেনা সময় অজানা সম্পর্কে পাতানো জগৎসংসার
মন তো মানে না ইশারায় ফোটালে ফুল এইবার
৩
জোড়া ইলিশ কুটতে বসে কুটলে সময়
পহেলা বৈশাখ ফুরফুরে মনে অফুরান আশা
ফেরাতে হয় মন বিদগ্ধ রোদে পোড়ে অব্যক্ত ভাষা
৪
শেষ রিহার্সালে এসে ঘোষণা করলে পরাজয়
সবুজমাঠে মঞ্চ বাঁধা বৃষ্টিতে ভেজা বিকেল
যুদ্ধ-যুদ্ধ খেলা বোবা ভালোবাসা সবই ফেল
৫
মিষ্টি গন্ধে ভরপুর ধীরে ধীরে হাত ডোবাই
উম্মাদনার কাছে হেরেও যাই – তারপর সহজ
ভালোবাসার বাঁদর খেলা উম্মুখ অশান্ত অসহজ
৬
শুখাপাতা গুঁজে চুল ধরানোর পড়ল ডাক
তুমি দাঁড়ালে আমোঘ অন্ধকার উঠোনে
অপার বিস্ময়মাখা ইশারা থাকে গোপনে
৭
অযথা রক্তচাপ ওঠে অনির্ধারিত ক্রিয়াকলাপে
নিরীহ আঙ্গুলগুলো হাতড়ায় ফাঁপাপকেট
কেউ রাখে না হাত অথবা প্রিয় চকোলেট
৮
ফুটে আছে মাধবীলতামঞ্জরী হাওয়ায় সন্ধ্যা নেমে আসে
হেঁটে হেঁটে অন্ধকার এসে দাঁড়ায় দাওয়ায়
অপলক ছুটে যায় খানিক দমকা হাওয়া।
৯
একটি পরিচ্ছন্ন সকাল তোমার ঠোঁটে যত্নবান ইশারা
সবটাই তোমার জন্য অপেক্ষায় মনোরম একটি দিন
যা, তুমি কেমন পাথর হয়ে ওঠো দিনপ্রতিদিন
১০
কার জন্য তুলে রাখা তাল তাল রোদ্দুর
কথাগুলো গুটিয়ে রাখা দায় দিনে বা রাতে
একটু আগুন দাও – শরীর ধোবো এই রাতে
১১
একশো কোটি র্নিঘুম তারা গোপন রাতের আকাশে
আনকোরা কাগজে লেখা কবিতার উল্লাস
আগুনের আঁচ আর উষ্ণতা ওড়ে চৈতালি বাতাস
১২
ডিএনডি ছুঁয়ে প্রতিদিন ভেসে যায় নিঃশব্দের প্রতিমা
যমুনা কালো জল ছুঁয়ে ছুঁয়ে বিভ্রান্ত পাখিরা
অজান্তেই আঁকে সীমান্তরেখা হয় না যে ফেরা
১৩
স্নানঘরের একটা আলাদা হিমাঙ্ক থাকে
ঘরময় থাকে আলাদা সংসার উষ্ণতার
আবছা আয়নায় ফোটে নাম কৃষ্ণ-রাধিকার
১৪
ই-মেল একাউন্টে হাবুডুবু খাচ্ছে একটি লাশ
এর আগে কখনও বুঝিনি
তাহলে কী কোনোদিন ইনবক্স খুলিইনি
১৫
ইস্টিমারগুলোর ভোঁ-কান্না আছড়ে পড়ে নদীবক্ষে
বাংলার উচ্চাকাক্সক্ষা শুধুই ঘূর্ণিপাকে ঘোরে ফেরে
হায় – মজে যাওয়া এক অদৃশ্য কারাগারে
১৬
চাপাপড়া বাড়ি থেকে জন্মাল প্রজন্ম
অসংখ্যা ক্ষতচিহ্ন বাতাসে বাতাসে
চেপ্টে যাওয়া লাশ নিস্পন্দ মেয়েটির পাশে
১৭
তোমাকে ছুঁলেই বেশ গরম বোধ হয়
পুবের জানলা খুলে উড়ে যায় সংলাপ
কোথায় পালাবে রাত্রি ছেড়ে ভোরের আলাপ
১৮
তৃষ্ণার্ত অন্ধকার থেকে খসে পড়ে আলোর প্রাণ
তোমাকে জাগাবে বলে সংকীর্তন বহর
বিছানার চারপাশে সংক্রামক নগ্ন প্রহর
১৯
ঘুম জড়ানো চোখে অতঃপর জেগে উঠি
পাখিদের কোলাহল ওড়াউড়ি বেলা দশটা অবধি
মনে হয় মহাবিশ্বের মোহময় চিড়িয়াখানার চৌহদ্দি
২০
পথের উপরে পথ তারই নাম উড়ালপুল
অশেষ স্বপ্নে অঢেল জ্যোৎস্নায় চির উদাস
ঢুলুঢুলু চোখে পার্বতী-বিরহে বেচারা দেবদাস
২১
কালবৈশাখী ঝড়ের বিষণ্ন রাতে আলো হারায় নির্জন পথ
আমার চোখের ঘুমেরা নিঃশব্দে কবিতা লেখে
মায়াময় অলস জীবনে জীর্ণতা ও গ্লানি বির্বণ চোখে
২২
তোমার অনেকগুলো কথা শব্দ-নৈশঃব্দের দ্বন্দ্বে আছে
শেষবারে কপালের লালটিপ গনগন স্মৃতি-আগুনে
একটি মরা নদী লোভাতুর স্রোতে ও ঢেউয়ের স্বপ্নে
২৩
পুরাতন দেয়ালে অসহ্য দাগগুলি আজো টানে
প্রতিনিয়ত ভেঙে পড়ে ধুলোর কুণ্ঠিত সহবাস
শব্দহীন ভাষার খেলায় নাচে ধূসর ক্যানভাস
২৪
কতোকাল আমি ছুঁইনি তোমার টাটকা করতল
চোখের শূন্যতায় খসে পড়ে নীরবতা
যাবতীয় অন্ধকার বধ্যভূমিতে হাহাকার বিচ্ছিন্নতা
২৫
অযুত আলোকবর্ষ দূরে তোমার রহস্যময় বসতবাটি
অন্ধকার চিরে চিরে এ যাত্রাপথ ফুরোয় না
দহনক্রিয়ায় পুড়ছে শরীর হাড়গোড় আঙিনা
২৬
না হিন্দু না মুসলিম না খ্রীস্টান না বৌদ্ধ না জৈন
বাংলার জলহাওয়ায় উজ্জীবিত হোক বাঙালি মানসিকতা
অন্ধনেশা ঝেড়ে ফেলে একমাত্র ধর্ম হোক মানবিকতা
২৭
রাতের বাতাসে কাঁঠালপাতারা শুভকামনার কথা বলে
ঐ নরম ত্রিভূজ সীমানায় চিরন্তন নির্মাণ
হঠাৎ বন্যায় কাঁপে বাউলমন স্মৃতিসুখের গান
২৮
শোকের বিষণ্নতা নরম হলে নখ বাড়ে আঙ্গুলে
ঘরবাড়ি রোদে পোড়ে গোপন গহ্বরে দুপুরবেলা
ছায়ার প্রতি স্নেহদৃষ্টি শাদা দেয়ালে আলোর খেলা
২৯
এই শহুরে আকাশে বহুদিন দেখিনি পূর্ণিমার চাঁদ
বহুতল বাড়ির আনাচকানাচ নিদারুণ অন্ধকারময়
মৃত্যুর বর্ণমালায় ব্যালকনি ভেজে চাঁদ ও জ্যোৎস্নায়
৩০
আমার ভাঙা গান শীতকালীন ভাঙা হাটে
ভোরের কুয়াশায় ঝরে পড়ছে অজস্র প্রশ্নচিহ্ন
ভাঙা দেশটার এপার-ওপার বোবা শব্দরা অভিন্ন
৩১
তুমি এসে দাঁড়ালে অফিসঘরে ঘূর্ণি ওঠে
বাম করতলে সহসা উষ্ণচাপ
উপত্যকার ঢলে লীন অনুতাপ
৩২
আজ বেশ ঘোল ঘোলা হল নানান অজুহাতে
মুখোশ ভাঙা চৌকশ শিকারী পর্যাপ্ত পটু
আপাতত আঙ্গুলে আপেল-সুখ-ক্ষণ একটু
৩৩
আমার দিন ভালো নেই চাদ্দিকে ভাঙছে সব
রোদে পুড়ে পুড়ে স্ব-অভিমান ময়লা কুৎসিত
স্বামীজী বলেছেন – 'ওঠো জাগো' তাই উচিত
৩৪
ওয়েটিংলিস্টে নামের মত কিছু কথা থেকেই যায় অ-বলা
নৈঃশব্দের প্রতিটি মৌন সিঁড়ি ধাপে ধাপে এগোয়
ঢেউয়ে ভাঙে কথারা নিয়ত বিষাদে ও অবহেলায়
৩৫
মশারীর তিনকোণা খুলে একটি কোণা পেরেকে ঝুলছে
ফাঁসির মঞ্চে অন্তিম গান গেয়ে গেছে প্রভাতে মশকেরা
তোমার নিপুণ হাতের চঞ্চলতায় কিছুই থাকে না অধরা
৩৬
আমার হৃৎপিণ্ড নামক লাবডুব লাবডুব যন্ত্রখানা অশান্ত
সকাল থেকে রোদ্দুরে ভেজা ভেজা ক্যানভাসে প্রিয় বর্ণমালা
কে যে কখন উড়ে যাবো আকাশের শ্লোকে ফেলে ডালপালা
৩৭
সর্ষে তেলে মাখা কড়কড়া ভাতে কাঁচালংকার তীব্র ঝাঁজ
কলেজ ফেরত শ্যামলকান্তি যুবক কবিতায় নয় স্বপ্নে নয়
বিড়িশ্রমিকের দিনান্তে টার্গেট জড়ায় সান্ধ্যকালীন কুয়াশায়
৩৮
উষ্ণতা বেড়েছে সময়ের
চোখের ভাষা বুঝি না
হালকাপালক মেলছে ডানা
৩৯
নিঃশ্বাস পতনে আরো গাঢ় হই
হাড়-মাংসে কিলবিলিয়ে ওঠে সাহস
রঙ মাখামাখি মোহনায় ফলে ভাগশেষ
