২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাখাওয়াত টিপুর গুচ্ছ কবিতা

sakhawat_tipu

Published : 28 Jun 2013, 04:21 PM

Updated : 23 Jun 2022, 04:06 PM

যাও তুমি গর্ভে গর্ভে

ওই ডালে পাতা নাই, শুধু আছে ফুল
ভালোবাসব বলেই জাগিতেছে কুল।
আমরা কাঙাল নই গেরিলা আগুনে
সব মুখ লাল হচ্ছে কেমন ফাগুনে?
আমাদের তাড়া নাই, ভারানত মন
দেহ যায় শাখামূলে পরতে পরতে
যদি তুমি রাষ্ট্র হও, হইও না ভাতার
ফলে ফলে টলে প্রেম এমনি বাহার!
বাতাসে উত্থিত গান ছিঁড়ে ছিঁড়ে যায়
এই তো ফতুর দেহ দশাঙুল ছোঁবে
তুমি কি বাঙালি সাঁওতাল মুরং চাকমা
ভালোবাসতে বাসতে করে দাও ক্ষমা!
দিন খাবে অন্ধকার কোকিলাকে কও
মোমের প্রতিজ্ঞা যেন তাহারে শোনাও
অগ্নি যেন থিতু খাক শুক্তির পাহাড়
কোথায় বসবে শুনি স্লোগান বাহার?
মাস নাই বাস নাই ভাসমান শিখা
পাতাকে গাছের করে বাকলের লিখা
মন জ্বলে প্রাণ টলে ভালোবাসা হলে
যাও তুমি গর্ভে গর্ভে সকালে-বিকালে!

মায়ের গর্ভে লাফায়

পাবার নাই তো কিছু
অচিনপুরের ওই শিশুটাই
মায়ের গর্ভে লাফায়
যেই না সাধের বোঁটা
জীবন যেমন নড়েচড়ে
নেপথলিনের কৌটা
ফুলকি সুঁচের ডগায়
বস্তু তেমন পুরাদস্তুর
ভুলভুলায়া লাফায়
এই না হলে হৃদয় আকুল
এগিয়ে এলেই ছুঁতাম গো
সই, তোমার ভ্রূণের ফুল

নিউটন থেকে নজরুল

পাহাড়ের ঢালে
একটা আপেল
গড়িয়ে নামছে
মহাজাগতিক।
আপেলের চেয়ে
লাল, গোলাকার
চলে ধীরে ধীরে
বহু মাত্রা তার।
তুমি দশদিক
ঊর্ধ্ব নাকি অধো
কালা গহ্বরের
তুমিই কালিক।
পাহাড়ের কোলে
তুমিই পাহাড়
আছ নৈঃশব্দের
গতি জড়তার।
স্থিতি হতে জ্ঞান
নীরবে ভাসান
কে রাখে খবর
গাঁয়ে পূর্বাপর।
মহাকর্ষ থেকে
মহাবর্ষ পর
তুমি বেঁচে আছ
ঘাসের উপর।
১৭/৩/২০১৩

ভাসানীর লুঙ্গি

ঘরে আমি জিন্স
লাল পাড় করা
লুঙ্গি পরি গো
বাইরে পরি না
ঢিলা ঢিলা লাগে
বাতাস সান্ধায়
তাই আমি লুঙ্গি
মলানা ভাসানী
জিন্সের কাপড়
তাই আমি ঘর
তাই তো অমর
জিন্সের খবর
ওই রিকশালা
যদি লুঙ্গি নিয়া
রিকশা চালায়
তার কোনো লুঙ্গি
জ্ঞান আছে কিবা
নাই, যদি থাকে
শরম ঠেকায়
এই জিন্স সেই
লুঙ্গি বুদ্ধি নয়
লুঙ্গি পরে যায়
মধ্যবিত্ত হায়
উচ্চবিত্ত ঘরে
লুঙ্গিরে দোলায়!
মার্চ ২০১৩