আরিফ নজরুলের গুচ্ছ কবিতা
বৃত্তের বাইরে
বৃত্তের ভেতরে আর পরান টেকে না
কেবলই বৃত্ত ভাঙতে ইচ্ছে করে
ইচ্ছেরা সীমা লঙ্ঘন করে বারংবার
চাই তোমার শর্তহীন অনুমোদন।
বিকেলের হলুদ আলোয় তুমি আর আমি
সমুদ্র বিলাসে জোনাকি জীবন…
তোমার স্পর্শ আমাকে পবিত্র করে
তুমি কি চাও না আমি শুদ্ধ হই
বৃষ্টির জলে ধুয়ে যাওয়া সবুজ ঘাসের মতো।
ছাতিমের গন্ধমাখা রাত
হৈমন্তী বাতাসে ছাতিমের উদ্দাম নৃত্য
সুবাস ঘন বাতাসে প্রস্ফুটন আর গন্ধের প্লাবণ
উৎসবি রাত মানব-মানবীর ছুঁয়ে যায় মন।
সে রাতে পথের ধারে ঝরে পরে ঘ্রাণ
সে রাতে পথের ধারে অষ্টাদশী তরুণী
সে রাতে আমার হাতে তার হাত।
তরুণী ছাতিম হল, উম্মাদনা প্রাণে
তরুণেরা মৌমাছির মতো ছুটে আসে
নেশায় নেশাতুর মন আকাশ তলে
তারাদের গ্রামে ঘুরে বেড়ায়।
আমাদের সঙ্গে সুগন্ধ হেঁটে যায়
গ্রামে গঞ্জে শহর নগরে…
যুবতী সময়
জোনাকিরা সন্ধ্যায় মেঠোপথে পায়ে পায়ে
শীতল ঘাসের মাদুর পথ আঁকাবাঁকা
বাতাসেরা ধুয়ে দেয় উদোম শরীর
তাল আর খেজুর পাতার ঝিরিঝিরি হাওয়া
বাতাসের কানে কানে যুবতী সময়।
প্রেমরসে ভরে আসে ষোড়শীর বুক
ওড়নার ঢেউ ভেঙে স্তনে চুমু খায়
বাতাসের ঠোঁটজোড়া যেন বাঁকা চাঁদ
নির্জনে নির্জনে একাকি সময়
সন্ধ্যা জুড়ে নামে প্রেমের বাগান।
পাগলি মেয়ে
পার্কের বেঞ্চিতে অর্ধনগ্ন বসে আসে সে
পেছন ফিরে দেখার মত রূপতার
উন্নত বুক নিটোল ও মসৃণ দেহ
পাতার ফাঁকে ফাঁকে রোদেরা এসে চুমো খায়
ওর ঠোঁট, কপাল আর স্তনে।
অপরূপ নারী সে আধফালি ঠোঁট কাপে
সুকোমল চুম্বনে চোখ টলমল
চুলে তার বিলিকাটে কটা আঙুল আহা!
চুমুকে মেশানো নেশা চোখে মুখে স্তনে
শিহরণে হেসে ওঠে সবুজ বাতাস।
যদি কখনও না পাও শুনতে
যদি এ পথে আমার পায়ের শব্দ না পাও
ভেবে নিও আমি হাঁটছি অন্য কোন পথে
জানালায় যদি ভেসে আসে সুগন্ধি ঘ্রান
ভেবে নিও ফুলেরা ফুটেছে তোমার নামে।
পাখিরা উড়াবে পাখা গাছেরা মেলবে শাখা
নক্ষত্ররা জ্বলজ্বল হয়ে উঠবে কালো জোছনায়।
যদি দেখ নদীতে জোয়ার আসে পূর্ণিমায়
ভাববে আমি পাল উড়িয়েছি নীল জোছনায়
তোমার কানে বেজে উঠবে সোনালি সে দিন
তোমার কাছেই রয়েছে আমার এক সমুদ্র ঋন।
যদি কখনও না পাও শুনতে আমার কণ্ঠ
পাখিদের গানে যদি ঘুম ভেঙে যায়
সূর্য হয়ে দেব সোনালি সকাল
স্নান পুকুরে জল কেপে চেনামুখ অচেনা হয়ে গেলে
তখন পরবে মনে, আমি কতটা ছিলাম তোমার
অশ্রু ধুয়ে নিও মিষ্টি সে জলে।
