যোজনের জীবনকাব্য
১। বলছি জীবনভাই,
দু'দন্ড দাঁড়াও ভাই।
আমার অনেক বাকি –
এখনও খুঁজে ফিরছি ফিনিক্স পাখি!
এখনও ভালোমন্দ যা দেখি তারেই জলছবি করি!
দেখি – ছবিগুলি অলৌকিক উড়ালের পরী!
দেখে-দেখে অদেখায়
অশ্রুত আশ্চর্য ছুঁয়ে পাই জীজিবিষা – এ ধূলিকাবেলায়!
তাইতো বলছি ভাই,
আরেকটু এ জীবনে থাকো ও জীবনভাই!
যদি আরেকটু দেখার দু'চোখ পাই –
ভালোমন্দের ভাসান নিয়ে নির্দ্বিধায় ডুবে যেতে চাই!
এ শুধু চাওয়া নয়, কথা দিলাম তোমায়।
আরেকটু সঙ্গে থাকো, এ জীবনঘোড়া ছুটাবো না আর এই অবেলায়।
আর উড়বো না ছুটন্ত ছায়ায়!
লিখবো না হা-ধূলিকাব্য অশ্রুতলিপিকার শত কাঙালপনায়!
সারিসারি চলে যাওয়া হাওয়াতলে যাবো আদ্যন্ত অবলীলায়!
তুমি দেখে নিও পিছু ডাকবো না আর একবারও তোমায়!
আর সেই প্রিয় গানের অন্তরা ধরবো না –
"আমার সাধ না মিটিলো আশা না পুরিলো সকলি ফুরায়ে যায় মা"!
জানি, এসবের আদতে কোনও মানেই হয় না –
তো, অযথা মাথা কুটে মরবো না।
দেখে নিও, আশ্চর্য সুশান্ত পাতালের পদচিহ্ন ধরে
যে পথে সবাই যায়, সে পথেই যাবো কোনও প্রশ্ন না করে।
জানি তাও পাঁজরে রয়েই যাবে তোমারই নাম!
তাইতো শেষযাত্রায় তোমাকেই চাইলাম!
হ্যাঁ, জীবনভাই তোমাকেই চাইলাম!
এবং এই যে বেঁচে থাকা পাতা, তাতে তোমারই নাম লিখলাম!
২। এবং কথা না রাখার সে কবিতাটা!
সে বটে অনির্বচন "কেউ কথা রাখেনি"র জীবনিয়া গাথা!
যেন কথা দেয়াটাই অবিশ্বাস্য প্রায়!
যার বিশ্বাস ডুবেছে বিশ্বাসঘাতকতায়!
যেন মস্ত চাঁদপানা শব্দাকাশ ভাসছে মিথ্যায়!
কেউ না আবার রাখে অন্ধ সুমন্দ বিশ্বাস কবির কথায়!
কবি কিন্তু নেই সেই কবিতায়!
বিশ্বাস না হলে খুঁজে সারা হোক হদ্দবোকা, কবির কি এসে যায়!
আর যদি একটি দুইটি রয়ে যায় শেষ পারানির কড়ি!
তবেতো কথাই নাই, শেষবার নাহয় তারেই পড়ি!
এইটুকুই আমরা পারি!
এই নিয়েই অথই ভূমধ্য দিয়েছি পাড়ি!
চুপিসারে বলছি তোমায়, শুধু কি না –
শেষঘুমও আসে না ও জীবনভাই, তুমি যদি না বাজাও বীণা!
জানি, প্রাণভোমরাটা তোমার হাতেই!
তাইতো জীবন এই আছে এই নেই!
১৪২০ বঙ্গাব্দ।।
