২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মাহবুব সাদিকের গুচ্ছ কবিতা

mahbub_sadik

Published : 10 Jun 2013, 04:41 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

যৌবন

যৌবনের সহোদরা সব– ফাল্গুনে-বৈশাখে
তারাই উঠবে ফুটে প্রতিদিন
কুড়ি কুড়ি বছরের পর,
বসন্তের মতো বর্ষায়ও– ঝড়ে ও বাদলে
শ্রাবণে-আশ্বিনে স্নিগ্ধ কোনো ছায়াময় দিনে
জীবন উঠবে ফুটে প্রতিদিন
তরুণী ও তরুণরূপে কুড়ি কুড়ি বছরের পর,
তাদের দেখতে দেখতে অবলোকনের তাপে
কিছুটা উষ্ণ উত্তরীয় কাঁধে
প্রতিদিন বার্ধক্যের উপত্যকায় নেমে যাবে
পুরনো মানুষ,
যৌবনের পিপাসা-খচিত তাদের ধূসর উত্তরীয়
উড়বে তবু উপত্যকার ধূসর বাতাসে–
তারপর হারিয়ে যাবে প্রদোষের অন্ধকারে;

অন্যদিকে প্রতিদিন
কুড়ি কুড়ি বছরের শাশ্বত তরুণ জীবন
যৌবনের রাঙা মঞ্চে নেচে যাবে দৃপ্ত পদক্ষেপে।

এ কালের খেলা

প্রান্তরে কোমর-ছোপানো ঘাস ঠেলে ঠেলে যাই
নাক উঁচু করে শ্বাস নিই
রোদের তলায় তেতে উঠছে মাটি–
বুনো ঘাসবনে ভ্যাপসা গরম, শুকনো বাতাসে
খড়ো ঘ্রাণ, সবুজের কাঁচা গন্ধ
সেইখানে গান গায় অচেনা পতঙ্গের দল–

যেতে যেতে মনে হয়
কোথাও রয়েছে যেন অদৃশ্য দেয়াল,
হয়তো তা কাচস্বচ্ছ গ্রানাইট– নাকি তা
ভিনগ্রহ থেকে আনা অন্য কোনো ধাতুতে বানানো!
আমার ভেতর থেকে
সেইখানে মাথা ঠুকে একপাল অক্ষম বামন
খাটো হাত খাটো দুই ঠ্যাং নিয়ে তারা
সময়ের প্রতিপক্ষে লড়ে যায় অবিরাম,
তাদের চ্যাপ্টা মাথা ঠুকে যায় শক্ত দেয়ালে
আমি শুনি ঝড়ো দীর্ঘশ্বাস,
নাকি অমৃতের পুত্ররাই একালে হয়েছে বামন!

হাঁটতে হাঁটতে ভাবি
ফাঁপা গণতন্ত্রেও বার্বডওয়ারের ওপারে
থাকে শাসকেরা, থাকে ঐ অদৃশ্য দেয়ালের ঘেরে,
তাদের সঙ্গে গাঁটছড়া বাঁধা ব্যবসাপাড়া
বড্ড বেশি সরব এখন–
দেয়ালের এপারে জনমানুষের
প্রগাঢ় দীর্ঘশ্বাস প্রতিহত হতে থাকে সেইখানে,
সেই দীর্ঘশ্বাস শেষে ঝড় হয়ে
ঘূর্ণি তোলে– ঘাসবন ছেড়ে পাড়ি দেয়
কংক্রিটের বনে– কেউ কেউ যাকে বলে
সুদৃশ্য শহর:
এইসব দেখে অদৃশ্য পরমাও শেষে হেসে ফেলে
আর আমাকে ডাকে ঘাসবন–
আকাশ নীলের নিচে এক আকাশ নীল ঘুম।

পৃথিবীতে একদিন

দূরে নীল পাহাড়ের কোলে ঘুমে কাদা শাদা মেঘ
তার তলে কুয়াশামোড়া ঘরবাড়ি মানবসংসার
সেইখানে নীমিল বাদলে ভিজে তরুণ-তরুণী
হাসে গান গায়, তাদের হৃদয়-মন
নেচে ওঠে কেন জলেভেজা পিছল উঠোনে–
এই প্রশ্নে নিশ্চুপ থাকে একালের কৌটিল্যরা
হয়তো সার্ত্র একা হেঁটে যেতে যেতে মুচকি হেসে
প্রশ্নটা এড়িয়ে যেতেন;

পাহাড়ি প্রদেশ থেকে আমি নেমে আসি সমতলে
আবছায়া ঘিরে আসে আমারও হৃদয়ে,
রোদের তলায় তেতে আছে চারপাশ– ঘাসজমি
বাতাসে ধোঁয়ার গন্ধ, দূরাগত কান্না, আর্ত কোলাহল
জীবনের বিষ অপচ্ছায়ার মতো ঝুলছে বাতাসে
পেণ্ডুলামের মতো দোল খাচ্ছে আবিরাম,
নাকি এই অপচ্ছায়া সভ্যতারই কাছ থেকে পাওয়া
আপাতত ঝুলে আছে সর্বনাশা আমার হৃদয়ে?

তবু বলি সর্বনাশ ঘিরে ঘিরে গান হোক পরিশুদ্ধ
নাচ হোক কংক্রিট উঠোনে
করুণাধারার মতো শ্রাবণধারায় ধুয়ে যাক সর্বনাশ
কুপিতের হৃদয়তাপ, অশুভের অপচ্ছায়া–
পৃথিবীতে একদিন এসে যাবে মহৎ মানব।