মৈথিলীর গুচ্ছ কবিতা
ক্লান্ত শবেরা
শব্দ ছুঁতে ছুঁতে ক্লান্ত শবেরা
শরবনে ওদের পায়চারী ভাসা ভাসা,
ভীষণ ঘুম পাচ্ছে মৃতদেহের অন্দরে।
লাবণ্য কি ও-শবের মধ্যে আছে,
আইকম, বাইকম, ফুসমন্তর উড়ে গেল
সেই একদিন
কাবুলের মাঠে একটা নিমগাছে
আলো জ্বালে রাতের বেলা।
পাতাল ঘর
মা, ধোঁয়াশা বুকে নিয়ে বৈতালিকের সুর
কিংবদন্তি গল্প খোঁজে দূর বহু দূর।
দূর পারানির কড়ি ফেলা অগোছালো পথে
মহুল বনে মাকে হারায় অবুঝ রাঙা হাতে।
হাতখানিকে সাজায় আজও কাচুরিয়ার বেলা
শূন্য হবে ওই বোধন আর পারাপারের খেলা।
খেলার বনে জল শিমুলে অপার আমোদ ঝরে
গল্পখানি রামায়ণে রাখব থরে থরে।
আজ রামায়ণ অনেক সীতা গভীর পাতালঘর
কেউ খোলে না চাবিকাঠি বৃষ্টিতে ঝরঝর।
উজ্জয়িনী
নারকীয় উল্লাসে গৃহিণীরা কেঁকাল,
পালার দান উল্টে গেলে যেমনটি হয়
তেমন ধারাতেই বয়ে গেল
উজ্জয়িনী নদী।
তিল, তিসি, চিড়ে ধান, তামার বাসনে ছড়ানো
অগ্নিবলয় ঘিরে
লেলিহান শিখা ওঠে উচ্চতার সর্বোচ্চ শিখরে।
মেজাজ পাল্টায় না তবু,
পাল্টায় নৃত্যরত নর্তক নর্তকী
পর্বতগাত্রে বেঁধে তীর
কামদেব নাম তার।
