২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জুনান নাশিতের একগুচ্ছ কবিতা

junan_nishat

Published : 01 Jun 2013, 01:18 AM

Updated : 23 Jun 2022, 04:07 PM

বিরোধ

সপ্তসিন্ধু দশদিগন্তের মলাটটা ছিঁড়ে গেছে
লাগাতে পারোনি
আজ কাল না হয় পরশু….
চুপসানো সময়ের পিঠে চড়ে
ধারালো ছুরির গতিস্নিগ্ধতায় জীবনের বাঁকগুলো শুধু বদলালো
চোখের কোটরে স্থিত হলো মৌলিক বিরোধ
ভৌতিক প্রচ্ছদ জুড়ে পরষ্পরে সঙ্গচাতুর্যের যে খোলস
এতোদিন দিগন্তবিস্তারী ছিলো
তা-ই আজ গভীরতাকামী; ভূমির অতল খাঁজে অন্ধকারমুখী।

অশ্রুত কান্নার মেঘে কী ভীষণ ভারী আমাদের ইচ্ছেমায়া
ছেঁড়া মলাটের মতো নিবীর্য নিরন্ন
বুকশেলফের কোণে পড়ে থাকে স্পর্শহীন
জমে থাকা বেখেয়ালী ধুলোর মতন।


সমগ্র

ভুলে যেতে চাইনি কিছুই
টুকটুকে রঙের ভেতর থেকে নীলাভ নিবিড়
ছিনিয়ে নিতে চাইনি কখনও
মধ্যরাতের বেহালা বাদন যেদিন গড়িয়ে পড়েছিল
ভোরের বাতাসে
সেদিনই তর্কাতীত এক অন্ধকার দিন
আমাদের নিয়ে গেল করুণ ক্লান্তির পথে
সেদিনই অশ্রুপাত
সেদিনই নিস্তব্ধতার খাপে হৈ হৈ জলন্ত কলরোল।

ভুল বুঝনা প্লি¬জ! আমিতো তোমার পায়েই পা রেখে
ভেঙেছি ছায়ার প্রপাত।

আমাদের সমগ্র আজ নিম্নগামী শোক
তাকে বয়ে যেতে দাও
মিশে যাক ব্যাকুল কুন্ঠিত সম্মোহনে।


বিষে ভরা হাত

বিষ তুলে দেয়া হাতে
শরৎ নেমে এলো
একাকী, বাঁচাতে
লুটোপুটি খেলো সে
ভরে দিল আষাঢ়ের ঝুড়ি
চোখ কেঁপে ওঠে
ক্ষয়ে যায় সনাতন মাধুরি।

কে রাধা? কে টানে পুষ্পক রথ?
ছায়া জেগে থাকে ভাসে ঘরের পরে ঘর
ওই দূরে সপ্তর্ষিমন্ডল
তুমি চেনো তাকে আমিও চিনি
তবু বিষে ভরা হাত দুটি
মধ্যরাতে নিলামে কিনি।


পথটা দু'ভাগ হবে

হতেও তো পারে দুপুরটা মিলবে না বিকেলের গায়ে
পথটা দু'ভাগ হবে তুমি চলে যাবে ডানে আর আমি বাঁয়ে
খোলসটা উড়বে কেবল ভাঙা ফ্রেম অলৌকিক বনে
তুমি ফিরবে কি ফিরবে না আমি কি জানতে চাবো
জনে জনে?
ইচ্ছে হলে এসো ফেলে রেখে রাশি রাশি স্তব
আমি যে তখন থাকবো না ধুয়ে মুছে তুলে রেখো
আমাদের সম্পর্কের শব।