২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সাজজাদ আরেফিনের একগুচ্ছ কবিতা

sajjad_arefin

Published : 28 May 2013, 08:40 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

স্মৃতি

সমুদ্রের কাছে গেলে
মানুষেরা ছেলেমানুষ হয়ে যায়
বালির ঘর বানায়–ছবি আঁকে-
জোয়ার আসে–বালির ঘর ভাঙে
বালিতে আঁকা ছবি জলে মিশে যায়
মনে আঁকা ঘর থেকে যায়–

কানাওলা সময়

রথমেলা
আষাঢ় মাস
বর্ষাকাল
কাদামাখা দিন
পরিচিত পথ
কয়েকটি মুখর মুখ
জেগে থাকে–হাতছানি দেয়–
কানাওলা সময়
ঘুরিয়ে ফিরিয়ে
একই জায়গায় দাঁড় করিয়ে রাখে–

কাকতাড়ুয়া সংবাদ

মনোচিকিৎসক চোখের দিকে
গভীর তাকিয়ে বললেন:
ঘুম দরকার
দীর্ঘ ঘুম
অনেকটা সময়
সময় থেকে দূরে থাকা–
তার ইচ্ছে
চোখে দীর্ঘ দীর্ঘতর ঘুম নামুক
ঘুম থেকে জেগে যেন
পূর্বাপর সব ভুলে যাই
আর স্বাস্থ্যে ফিরে আসি–
ফসলের মাঠে এক কাকতাড়–য়া
পাখিদের ভয় দেখাতে
প্রাণান্তকর চেষ্টারত–

আর ফেরে না

লোভ লালসা পাপ আর মৃত্যু
দল বেঁধে আত্মার সঙ্গে মিশে গেলে
কংক্রিটের পৃথিবীতে চাঁদ ওঠে
ভুলে যাওয়া বাড়ির উঠোনে
পিঁড়ি পেতে বসা
সুয়োরানি দুয়োরানির গল্পেরা
আর ফেরে না-

নিয়তি

হলুদ পাতা
বৃক্ষের আপন কেউ হলে
পাতাকুড়ানির নিঃস্বতায়
পাখি কিংবা ফুল
নিজ থেকেই
পালক আর পাপড়ি ঝরিয়ে দিত