২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ওম মনি পদ্মে হুম

শান্তা মারিয়া off শান্তা মারিয়া off

Published : 23 May 2013, 01:18 AM

Updated : 23 Jun 2022, 04:07 PM

তারপর কোশলের প্রাচীন সড়কে
রাত্রি নেমে এলো।
আরতির প্রদীপ আর ধূপের ধোঁয়া
মিলিয়ে এলো শিশিরের জলজ সৌরভে।

বিষ্ণু মন্দিরের দেবদাসীরা
কামজ লীলা শেষে
আঁচলে বেঁধে নিল প্রগাঢ় রাত্রিকে।

নগর নটীর উচ্ছ্বল নূপুর
ক্লান্ত হতে হতে
আকাশের দেহে উৎকীর্ণ করে চলে
বাসনার ক্ষীণ ক্যাসিওপিয়া।

ঘুমন্ত কপিলাবস্তুর উদ্যান প্রাসাদে
শাক্যকুমার
জীবনের অনিঃশেষ ক্লান্তিতে বিপর্যস্ত।

তবে কি যযাতিই ঠিক?
বাসনার রক্তবীজ
দেহকে উত্তাল করে
যে দেহ কীটের খাদ্য
সে দেহের অলিতে গলিতে
কন্দর্পের অক্ষয় রাজ্যপাট।
তক্ষশীলা থেকে গান্ধার মিথিলা
আকণ্ঠ নিমগ্ন কেন মৃগয়া মৈথুনে
সুপ্রাচীন আর্যভূমি জুড়ে
চার্বাকের অট্টহাসি
ভয়ংকর প্রতিধ্বনি তোলে।

যশোধরা অথবা রাহুল
চেতনার স্তরে স্তরে নতুন পলল।

গৌতম হেঁটে যান।
তার পদশব্দে
আড়মোড়া ভাঙে যাবতীয় মোহান্ধ অসুর।
কাঁচ ভাঙার শব্দে ভেঙে পড়ে
বৈশালী, শ্রাবস্তী, বারাণসী, লিচ্ছবি নগর।

বুদ্ধং শরণং গচ্ছামি
সংঘং শরণং গচ্ছামি

পথ শুধু পথ
অন্তহীন প্রবাহণ
শ্রাবস্তীর জেতবনে উচ্চারিত অলংঘ্য বিধান
শ্রেষ্ঠী, নৃপতি, ক্ষত্রপ, বণিতা
স্বয়ম্ভুর স্তুপে জ্বলে অমোঘ প্রদীপ।
মহা উচ্চতায় মাথা হেঁট করে
অন্নপূর্ণা, কাঞ্চনজংঘা, সাগরমাতা
তীব্র শিখায় বিস্ময়ে বিমুগ্ধ দূরবর্তী কাল।

সিদ্ধার্থ দুইচোখ করুণায়
অবিরল নিম্নমুখী।

ব্যধি জরা মৃত্যু ধ্বংস
তবুও নির্বাণ নয়
বড় বেশি আকাঙ্খিত মানবজীবন

অবন্তিকা মালবিকা বাসবদত্তা
এখনও উত্তাল
বাজে প্রলয় নিক্কণ।
আমাদের নিভৃত রক্তকণিকায়
বাৎস্যায়ন জয়ধ্বনি তোলে
যশোং দেহি ধনং দেহি
হোমাগ্নি আচ্ছন্ন আকাশ।

তুষিত স্বর্গ ছেড়ে আরেকবার যদি
বোধিসত্ব দিয়ে যায় অবারিত প্রেম
অনিঃশেষ আর্যভূমি
কুমার মৈত্রেয়
বোধিদ্রুমের প্রাচীন শিকড় ছুঁয়ে
আরেকবার উচ্চারিত হোক
ওম মনি পদ্মে হুম।