ঝর্না রহমানের গুচ্ছ কবিতা
আগুনচিতা
ক্ষীণ সলতেয় এক চিলতে আগুন
আপাতদৃষ্টিতে মনে হয় নিবু নিবু
তার আছে দোজখী দহনক্ষমতা, পোড়াতে জানে চামড়া
মনুষ্যদেহ পোড়াতে তার কুমোরের পুইন বা শ্মশানের দরকার হয় না।
এ চিলতে চিতার মতো লাফ দেয়। বনপ্রান্তর ভেঙে আমার ঘাড় মটকে ধরে।
আমার চামড়ার ভেতর তার চকচকে জিভ
ঝাঁঝালো ফলার মতো দারুণ শয়তানি কেরদানিতে সাঁৎ করে ঢুকে যায়
কাঁচা মাংসের পোড়া গন্ধ তোলে
আমার চামড়া চীৎকার করে- জল, জল, ও দক্ষিণের নদী!
আমার অন্ত্রগুলো গলিত লাভার মতো বয়ে যেতে যেতে
চীৎকার করে– বৃষ্টি বৃষ্টি, ও পশ্চিমের মেঘ!
আমার অঙ্গার-হৃদপিণ্ড ধ্বক ধ্বক করতে করতে
তড়পায়– ও হাওয়া, উত্তরের হিমের জামা!
ক্ষীণাঙ্গী আগুনেরা হাত ধরে বৃত্তাকারে ঘুরে ঘুরে নাচে
আর কিছু নিশাচর প্রাণী আলগোছে টেনে নেয় আধপোড়া মানবীর দেহ।
দক্ষিণের পাথুরে নদী পশ্চিমের নখরামিভরা মেঘ আর উত্তরের চুপচালাকি হিমবাহ
আগুনচিতার লালার ভেতর আমার চিতা জ্বলে উঠতে দেখে জল জল বলে কপট চেঁচায়।
হাতিরপুল, ঢাকা
১০ জুলাই, ২০১২
কিশোরী মেঘেরা উঠোনে
প্রথম আষাঢ়ে কিশোরী মেঘেরা দল বেঁধে নামে উঠোনে
কার্বন মাখা ময়লা জামাটি খুলে ফেলে দিয়ে নীল আকাশ
আদিম চাষার মতন দুহাতে তুলে নেয় বুনো তৃণ ঘাস
উদোম শরীরে কদমের ঘ্রাণ জাগায় নিভৃতে গোপনে।
নাগরিক ভিড়ে বস্তি খেউড় উপচে উঠছে ভাগাড়ে
পথের কুকুর বেওয়ারিশ লাশ শুঁকে চলে যায় দেখি রোজ
কবিতাকুমারী প্রতিদিন হয় ইনফ্লেশনের পাতে ভোজ
কিশোরী মেয়েরা মেঘের মিছিল ফিরে পেতে চায় আষাঢ়ে।
লাল পদ্মের গভীর কোরকে কেমন তরল পরাগে
নতুন বর্ষা জলের আগুন জ্বালবে কি আজ উনুনে
নগরের কবি রসনা খুলেছে চাখছে কাব্য আলুনে
বৃষ্টির জলে কিশোরী মেঘেরা ছায়া ফেলে যায় সোহাগে।
ছায়ারা হঠাৎ ঝুপ করে পড়ে ঝাঁকিজাল সুতো ঘেরাটোপ
কদমের বনে কিশোরী মেঘেরা তরুণী গন্ধে শিহরায়
অচেনা উঠোনে মাতাল ছায়ারা জল রঙে রঙ গুলে যায়
মেঘমেয়েদের দেহের ভেতরে আষাঢ়ে জাগছে শরঝোপ।
হাতির পুল, ঢাকা।
১৫ জুন, ২০১২
চাপ
হিরা তুলতে খনিগর্ভে নেমেছিলাম
আমার চারপাশে নক্ষত্রের মিছিলের মতো জ্বলে উঠেছিলো হিরা
হায় ঈশ্বর! এত হিরা দিয়ে আমি কী করবো
কে যেন বললো তুলে নাও অনাদি অক্ষর ওরা কবিতার তাঁতের বুননে
আঙুলের মাথায় হালকা ছোঁয়া দিয়ে তুলে আনো নক্ষত্রের হিরাফুল
দেখ কী জাদুর চালে ফুটে ওঠে কবিতায় ছোট ছোট আলোর গম্বুজ
আমার আঙুল থেকে ঝরতে থাকে তেত্রিশ কুমারী তাঁতিনীর যৌথকলা ছোঁয়া
হিরকপ্রাসাদে বসে যায় গম্বুজের হাট
আচমকা টলে ওঠে সমস্ত পৃথিবী
পাতাল প্রলয়ে কাঁপে খনিগর্ভে হিরার শ্রমিক
হিরাগুলো নিবে গেছে অন্ধকারে কয়লার কবরখানায়
তেত্রিশ কুমারী চাপা পড়ে থাকে বুকে নিয়ে নিদারুণ চিলির খনিজ
চার ইঞ্চি সুড়ঙ্গ দিয়ে বেরিয়ে এসে আমি দিব্যি করি ঘরসংসার সুশীলা শ্রমিক
তেত্রিশ কুমারী শুধু কার্বনে জ্বলে ওঠে নবতম হিরার কণায়।
হাতির পুল, ঢাকা
৫ সেপ্টেম্বর, ২০১০
