মতিন বৈরাগীর কবিতা
তুমিতো কেবল
তুমিতো কেবল বলেছো তোমার কথা
আমিই ছিলাম নীরব নম্রমুখী
প্রান্তর ছিলো আকাশ আলোয় ছেয়ে
তরু-পল্লব যেথায় যেমন সুখী
বনের গভীরে ছিলোনা আলোর রেখা
ছলকে উঠলো নদীর উথাল জল
আমার কথাতো বলিনি তোমায় কিছু
তোমারই চোখে গুঁড়িয়ে দেবার ছল
সন্ধ্যা-আলোক নিভছিলো ধীর পায়ে
ছোট্ট গাঁয়ের শান্ত নদীর বাঁকে
শেষের আলোক হারায় মেঘের দেশে
ছবিটি তাহার শিল্পী যেমন আঁকে
হলুদ পাতারা পড়ছিলো সব ঝরে
নীরব নিঝুম দেখছে সে সব পাখি
নদীর জলের বিষাদ-ব্যথায় মীন
তাদেরও মনে প্রবল শঙ্কা না-কী!
তবু্ও তো তুমি বলেছো তোমার কথা
আমারই বুকে স্মৃতির তোলপাড়
দৃশ্যরা সব উঠছে নামছে হায়
ভাঙছে কেবল নিবিষ্টতার পার
রাতটা যখন নামলো ক্ষণিক পরে
উঠলে আবার হাঁটলে আপন পথে
সেসব তোমার আগেরই জানা ছিলো !
হারিয়ে রইলে অন্ধকারের রথে
বকুল বাগানে উঠবেনা আজ চাঁদ
ভোঁদরগুলোও নাচবে না আর রাতে
গহিন রাতের শিশির বিন্দুগুলো
ঝরবেনা আর শ্যামল-কোমল ঘাসে
এখন আমার কেবল অপেক্ষা
শুধ্ইু স্মৃতি, আলোর আলোক খোঁজা
শুধুই রোদন বিষণ্নতার ছায়া
কষ্টের হাতে গুটিয়ে খুঁটিয়ে যুঝা।
০৬.০৭.১১.
দেয়ালে দেয়ালে ছায়া
দেয়ালে দেয়ালে দীর্ঘ হচ্ছে ছায়া
বৃক্ষগুলো সারিবদ্ধ ঃ ফুটপাত দুলছে
সড়কগুলোয় ইতিহাসের কলরব
ওপাশের জানালায় কাহাদের মূখ বিষণ্নতার ছায়া– দেখছে অতীত?
আকাশের ছাদে দৌঁড়াচ্ছে ঘনকালো মেঘ, ঈষাণে বৈশাখ!
হাওয়ার হাওয়ায় সমুদ্র গর্জন উত্থান পর্ব কি শুরু !
দূর আকাশের নক্ষত্ররা যারা আছে আরো বেশী দূরে
তারাও কী দেখছে বদলে যাচ্ছে মানুষ !
নাকী আকাশ আর মাটির ব্যবধান পরিমাপ করছে উর্ধমুখি আঙ্গুল !
মানুষ কী চায় স্বাধীনতা মুক্তির শ্রেষ্ঠ বিজয়?
চোখের ভাষা কী বদলে যাচ্ছে ? কী বলছে রাত্রির নিস্তব্ধতা !
গলা বরফের মতো খশে যাচ্ছে মুখোশ
জানালার মুখগুলো কখন ছুটবে সড়কে?
মানুষ কী রূপায়িত করছে তার আগামী !
২৩.০৩.১৩.
মধ্য রাতে
মধ্যরাতে জ্যোৎস্নারা এসে আমার ঘরে খেলছিলো
ছোট্ট শিশুর মতো, হাসি-খেলায় কখন যে
ঘুমিয়ে পড়েছে সে, আর আমার মাথার উপরের পাখা
ঘুরছে যেনো ঘুমিয়ে যাওয়া জ্যোৎস্নার ঠোঁটে
ছুঁইয়ে দিচ্ছে তার সোহাগী আঙুল ।
আমি ঘুম আর জাগরণে তোমার কথাই ভাবছি তুমি এলে
আমি দেখলাম আলোকচ্ছটা রাঙিয়ে দিয়েছে তোমায়, আর
ওপাশে তাকের বইগুলো যার যার শরীর মুছে
ফিশ ফিশ করে বলছে সে কী এলো ! তুমি তাকালে
তারপর বললে নিজেকে মুক্ত করো সকল আবদ্ধতা থেকে
জ্ঞান আলোর মতো, জ্ঞান মুক্ত
১৭.১০.১২.
চাঁদ ফুটে ছিলো
থমকে থাকা জলের শরীরে ফুটে আছে চাঁদ
রূপ-লাবন্যের চন্দ্রালোকদ্যুতি
যেনো বিশ্ব-ব্রাক্ষ্মণ্ডের শ্রেষ্ঠ হীরক বিভূতি
সহস্র-সহস্র বছর যে ছিলো গোপন
দীপ্তিহীন জলের মলিন পাঁজরে
নোঙরা ঘোলা-কালো জল বলে চাঁদ তারে করেনি হেলা
আপন দরদে দিয়েছে সে বিভা
মোহময় কারুকাজ. শতো চাঁদ হয়ে শরীরে তাহার
প্রকৃত প্রেমিকের মতো ফুটিয়ে সুন্দর ফুটেছে সে নিজে
সতত আলোর অলোক ধারায়
মানুষ ফোটে না আর ফোটে চাঁদ..
১০.১০.১২
মিথ্যেকে ঘৃণা করতে পারি
মিথ্যেকে ঘৃণা করতে পারি:আমরা ঢের ভালো আছি
সময় নতুন সত্যের জন্ম দেয় প্রগতি যার অনুগামী
আমাদের কোন মুখোশ নেই কোনো রংয়ের আড়াল নেই
জ্যোৎসনারা বসে বসে রান্না করছে সম-পুষ্টির আশা
চিরায়াত স্বপ্ন ঘুম আর জাগরণ মিথ্যের বিরুদ্ধে
বেদনাগুলো মিলে যাচ্ছে এপার-ওপার এবং
অরব আর্তিগুলো ভেদ করছে রাত্রি : আলোক হয়ে ফোঁটার ঐক্য
পথের ইশারায় জেগে উঠছে যাত্রার আরম্ভ ও বিস্তার
প্রকৃতি বাছাই করছে শব্দ-ভেদরহস্য
হিসেব নিকেশের অংক আর দন্ডায়মান বৃক্ষ থেকে স্থিরতা
আমরা বদলাতে পারবো, আর মানবিক হয়ে উঠবে পৃথিবী
তুমিও কী তাই ভাবছো না?
১০.১.১৩.
বৃষ্টি এলে
বৃষ্টি, বৃষ্টি এলে গাছ ভেজে বৃষ্টি এলে মাঠ ভেজে
অরণ্যের মাথার ওপরে বৃষ্টি নাচে ভেজায় নিস্তব্ধতা
বৃষ্টি এলে গাছগুলো কথা বলে চুপি চুপি
রাস্তাগুলো ভেজে ঘষে-মাজে উদোম করে শরীর
বৃষ্টির শব্দ মাঠ পেরয় দিগন্ত ভাঙে, যায় যতোদূর
অতীতের সবকিছু ভিজতে থাকে একান্ত নীরবে।
বৃষ্টি,বৃষ্টি এলে তুমি এসে দাঁড়াও একা হও
অতীত হও নিজেকে দেখো জানালায়
কাকে ভাবো! কে এসেছিলো কাকে তুমি দেখেছিলে!
কে ছূঁয়েছিলো জীবন-কুসুম!
নাকি কেউ সে কি চেতন নাকি অন্য কোন কেউ!
বৃষ্টি এলে পাখিরা ভেজে গ্রাম ভেজে চেতনায় ভেজে মন
ভেজে জীবনের সকল গোপন,
কতো প্রাণ বাঁধ ভাঙে কে ছিলো কাছে কে নেই আজ
কে কার হয়েছে আপন
০১.০২.১৩.
সুন্দরের গল্প
তার নাম সুন্দর অন্তত লোকে তাই জানে
কেউ দেখেনি তারে, কারো সাথে দেখা হয় না তার
কতো মানুষের দুটো তিনটে কিংবা অনেক খানি মিলিয়ে লম্বা নাম
কিন্তু তার ওই একটাই নাম সুন্দর : পদবি বিহীন
কোথায় আছে কোথায় থাকে কেউ জানে না
সুন্দর নির্বাসন পেয়েছে অনেক দিন আগে
অনেক দিন সে লোকালয়ে আসে না
কেউ খোঁজে না তারে
আবার কেউ খোঁজে নিভৃতে পায় না কোথাও
তারপর অনেক দিন
সেদিন এই শহরের এক ভাঙ্গা দালানের নীচে
সুন্দরকে ঠিক পাওয়া গেলো
মরে গেছে সে আর তার নাক, চোখ, ঠোট,
হাত পায়ের আঙ্গুল পাঁজরের মাংস খেয়ে ফেলেছে একদল ইঁদুর
এখন সুন্দরকে চেনা-ই যায় না আর
তবুও তার হৃদপিন্ডটা নড়ছে
আর তাই দেখে এক বৃদ্ধ বলে উঠলো কী ভয়াবহ সুন্দর
এবং তার পর পুলিশ এসে পুটলি করে
নিয়ে গেলো ইঁদুরে খাওয়া সুন্দর
জানিয়ে গেলো সুন্দর আর নেই; ইঁদুরে খেয়ে ফেলেছে
এ' বিষয়ে শিঘ্রই সরকারী ঘোষণা হতে পারে
১৪.০৪.১৩.
অঝোরে রক্তপাত
আর তো ফিরলে না তুমি প্রতিশ্রুতির ঘরে
বাইরে বাহন ছিলো দরোজায় জল ছিলো টবে ছিলো
গুচ্ছ গুচ্ছ ফুল, প্রতীক্ষায় ছিলো আনন্দ উদ্দাম
তবু্ও ফিরলে না তুমি এই ঘরে কখনও কোনো একদিন
মাস গেলো বছর গেছে যৌবন খুঁড়ে খুঁড়ে মধ্যদিনের প্রখর আলো
সারা দিনের মেঘলা আকাশ আর বাতাসের বোবা কান্নায়
ভিজে ভিজে মৃত মাছের চোখের মতো, যোনো
মিলিয়ে যাবার এই ক্ষণে অপেক্ষার শেষ সূর্য বেদনার হাত ধরে
থমকে আছে, ভেতরে যার অঝোরে রক্তপাত
আর তো ফেরা হলোনা তোমার এই ঘরে
অথচ কতো অশ্রুপাত কতো অপেক্ষা কতো শতক জুড়ে-
তবু্ও তো প্রলয়ের হাত ভাঙছে সব অহর্নিশ,
ফুরিয়ে যাচ্ছে মানবিক সভ্যতার শেষ আলোটুকু
রমণীর খশে পড়া আঁচলের মতো, আর
অচ্ছুতের মতো এক আকাশ একলা হয়ে হয়ে ঝুলে আছে
কোন্ শতকের দিকে !
১৩.১২.১১
সেই ট্রেন
আমরা যেই ট্রেনের জন্য অপেক্ষায় ছিলাম
সেই ট্রেন আর আসেনি
কতো রঙের কতো ট্রেন এলো গেলো
উঠিয়ে নামিয়ে কতো বিচিত্র মানুষ
আমরাই দাঁড়িয়ে রইলাম অপেক্ষায়..
তারপর দিনের শেষে রাত্রিরা নামলো
নিঝুম স্টেশনে আমরা ক'জন
আমাদের হৃদয়ে বেদনার আর্তনাদ
হৃদপিন্ডে কষ্টের তীব্রতা
স্মৃতিগুলো দুমড়ে-মুচড়ে নাড়িয়ে যাচ্ছে।
আমরা ছিলাম অজানা ষ্টেশনে দাঁড়িয়ে
রাত্রির কালো ডানার তলে তলিয়ে যাচ্ছে পরিপার্শ্ব
আশ-পাশের বৃক্ষগুলো ডুবে যাচ্ছে নীরবতায়
কর্কশ শব্দে ডাকছে রাতের পোকারা,
দৌড়াচ্ছে ইঁদুর, আর
গ্রামগুলো একটা রেখার মতো জেগে উঠছে
নিস্তব্ধ হয়ে আসা সেই রাত্রিতে।
ঠিক তখন পাশ থেকে কেউ একজন বলল:
ওই ট্রেন এখন আর নেই
ভেঙে-চুরে গেছে নানা ঝড়ে
যদি তৈরি হয় আবার কখনো, আসবে
সে-তো অনেক সময়!
অনড় ইতিহাস
অনেক হয়েছে বলা তর্ক-বিতর্ক হয়েছে ঢের
দর্শন-বিজ্ঞান-নীতিশাস্ত্র খূঁড়ে খূঁড়ে হয়েছে যাচাই
দিন-রাত্রির হিসেব-নিকেশ শেষে
কতো হরিদ্রার বনে কৌটিল্যের-ঘুন হয়েছে বুনন
নির্ভুল আসমান আর তার অলিন্দ-অন্দর জেনে নিতে
দূরবীন নিয়ত হচ্ছে দীর্ঘতর
কতো প্রাণ হয়ে গেছে অসুয়ার বলিদান
পৃথিবীর পৃষ্ঠ ছিঁড়ে কতো দেশ-মহাদেশ
নেচে-গেয়ে রেখে গেছে বিচিত্র হাওয়া-রোদ-বৃষ্টির খেলা
যুদ্ধ-মহাযুদ্ধ ন্যায়-অন্যায় ধ্বংস-উত্থান মেলা
কতো প্লাবন ধূয়ে-মুছে রেখে গেছে
কানা ঘোড়ার মতো খোঁড়া কতো স্মৃতি
কতো অরণ্য উজাড় হয়েছে প্রান্তর হয়েছে নির্জন
সাগর চাইছে যদি পাহাড় তবে তারে দিয়েছে নিশ্চুপ নির্ঝর
পাথর গলেনি তবু–
পিরামিড গড়েছে যারা গুদাম-গোলায় তারা তুলেছে শস্যদানা
কামান খেয়েছে যাদের তারা কারা কাহারা তারা!
রাজ্য-রাজত্ব সুখে দিয়েছে ঢেলে রক্ত
কতো অনড় চিন্তায় নাড়া দিয়ে দিয়ে মাথাটা ভেঙেছে-
কতো আবিষ্কার অভিযান
আমোদ দিয়েছে হত্যায়, পারঙ্গমতায় দিয়েছে নিপুণতা
কতো পারাপার মুছে গেছে-
কতো তুমি আমি হয়ে গেছি
কতো আমিতে তুমি লাফিয়ে পড়েছো
দিয়েছো উল্টে স্বার্থের বাটি
নানা পথে মুখ রেখে কতো মত গিয়েছে কতো পথে
কখনো হয়েছে পক্ষ কখনো বিপক্ষ প্রবল
এপার-ওপার অন্তরীক্ষে-
তবুও বদলায় না দুঃখের রাত্রিগুলো তমিস্রায়
লেপ্টে থাকা দিনগুলো
শুধু প্রতারণার ইতিহাস, পোশাকের হের-ফের,
ক্যামফ্লেজ কুয়াশার ধুম্রজাল নীতিহীন রাজনীতি
মানুষের ঘরে বেদনার সিন্ডিকেট হয়েছে।
০৬.৮.১১
