২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানিক মোহাম্মদ রাজ্জাকের কবিতা

manikm_razzak

Published : 06 May 2013, 02:33 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

রেখে যেও অভিশাপ

পরিশেষে অন্তিম নিঃশ্বাসে রেখে যেও অভিশাপ।
এই যে সবুজ গ্রাম পাখিদের বিনত প্রণাম
বংশির অবলা বুকে মেঘেদের রোদছায়া খেলা
এখানে কোথাও হলো না কারুর এতোটুকু ঠাঁই।

মেহেদী আঁকানো হাতে করলোনা কেউ ছায়াপাত
অন্ধকার রাত শুধু রেখে গ্যালো প্রশ্নের প্রহর;
হয়তোবা এ গ্রহটি তোমাদের নয়। চুপিসারে
চুরি করে নিয়ে গেল তাই হৃদয়ের রোদ বেলা।

পরিশেষে অন্তিম নিঃশ্বাসে রেখে যেও অভিশাপ।
এতো যে ফুলের প্রাণ, উপকূলে ঘুড়ির উৎসব,
অশ্বত্থের ছায়াতলে ডাঙগুলি বিকেল। তবু কেউ
ওড়ালো না এসে শাপলা-শালুকের সুন্দর-সুঘ্রাণ।

কোনোদিন যদি নদী পাখি কিংবা কবি প্রশ্ন করে,
আমরা বলবো নিম্নস্বরে- হ্যাঁ আমরা অভিশপ্ত।

দেখছি

দেখছি, কী দেখছি তা মুখ্য নয়, সার কথা হলো আমরা দেখছি। দেখছি শতাব্দীর শ্রেষ্ঠ কালো রোদ। আবদ্ধ পুকুরে নূপুরের অন্যায্য পতন। দেখছি অসভ্য আর্যদের শঠতার শত বাঁক। নির্বাক বৃক্ষের ঝলসিত পবিত্র পল্লব। নাবালক পুত্রের কাঁধে পিতার পতিত শরীর। দেখছি, কী দেখছি তা মুখ্য নয়, দেখছি শরাবের ছিপি খুলে ওড়ে জন্মের পাপ। রক্তস্রোতে হেঁটে যায় আদিম দেবতার দল। দেখছি উপত্যকার উর্বর মৃত্তিকায় অপাপ মৃত্যুর ছবি। দেখছি শত শাহিনার নির্বাক মিছিল। দেখছি, কী দেখছি তা মূখ্য নয়। তবুও দেখতে হয়। যেমনটা দেখেছেন পিতৃগণ, হয়তো দেখবে পুত্রগণ। এ দেখার শেষ যে কোথায় আমরা জানি না। হয়তোবা কার্ল মার্ক্স জানতো।

সেই নূপুর পরা পা

সেই নূপুর পরা পা
করবে না আর ঝুমুর ধ্বনি রাঙিয়ে দিতে গাঁ
ধূলি মেখে স্বপ্ন এঁকে
ছুটবে না আর গায়ে
এখন যে তার নেই কিছু আর
নূপুর পরা পায়ে

সেই নূপুর পরা পা
করবে না আর রা
থমকে গ্যাছে তার সকলই ঝুমুর ঝুমুর সুর
বলবে না কেউ আয় সখি ওই মেঘের মত উড়্

সেই নূপুর পরা পায়ে ফুটবে না আর ফুল
এই জীবনে জন্ম নেয়াই তার হয়েছে ভুল

Image
Flag Counter