খালেদ হামিদী-র গুচ্ছ কবিতা
মরবো না, থাকবো জেগে
লাকিকে সকালে আমি ডাকলে প্রীতিলতা ওয়াদ্দেদার,
ফেস বুকে লাইক দেন কবি খোন্দকার
আশরাফ হোসেন আর সফেদ ফরাজী।
এই সম্বোধনে কেউ ধরে না যে বাজি
দুপুরে রাখেন টিভি চ্যানেলে প্রমাণ তার মুগ্ধ মুন্নী সাহা।
তরুণজন্ম মিলতো যদি বিফল আমার এই পঞ্চাশেও আহা!
না, না, নই অসফল। হয়তো না জেনে মুন্নী আমারই অভিন্নতায়
হেঁকেই অভিধা একই, একক আমাকে ভেঙে বাড়িয়ে তোলেন দিব্যি তীব্র বহুধায়।
সার্থক জনম আজ, জেগেছে অনুজা লাকি ভাই, বোন আর যতো সতীর্থের সঙ্গে;
শহীদদের কবরের মাটি আর চিতাভস্ম মেখে সারা অঙ্গে
চলেছি দ্বিতীয় যুদ্ধে, শাহবাগে, জামাল খানে। বিজয় মিললেও আর প্রীতিলতা হেন
মরবো না, থাকবো জেগে, স্বাভাবিক প্রয়াণের পরও, স্পন্দিত অসংখ্য
তরুণ, তরুণী যেন।
১২-১৩ ফেব্রুয়ারি ২০১৩ চট্টগ্রাম
পহেলা বৈশাখ, ১৪২০
বাল্যসখার চকিত বিয়োগে ত্রস্ত আমি কি চাইছি খোদার দয়া?
সীমিত আচারে তাহলে আমার আয়ু ভিক্ষাই সার?
পাখির ধারালো ডাকে নস্যাৎ হলে জিজ্ঞাসা, দৈবাৎ বাড়ে মায়া;
অনন্ত কাল আছি অনুভব ঠেকায় সাধ্য কার!
এমতাবস্থা তাক ক'রে এলে বৈশাখ, নববর্ষ
লাখো মানুষের মধ্যে সপরিবারে হেঁটে ঘামে নেয়ে উঠি সমাবেশে;
লিঙ্গ, সম্প্রদায়, শ্রেণী ভুলে মেলে একই উৎকর্ষ।
কিন্তু ডলার বা টাকা বিছিয়ে প্রার্থনা সারে ভিন কারা দিন শেষে!
১৫ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম
মাটিতে কান পেতে
মাটিতে কান পেতে শুনি কি শহীদের
না বলা শেষ কথা! এদিকে অজ্ঞাত
লগ্ন থেকে আজো বৃষ্টি অবিরাম
ঝরিছে মৃত্তিকা কিংবা চরাচর
ভেদিয়া, নির্দ্বিধ। কবর, কর্দমে
না পেয়ে পৃথকতা কেবলই নিবিষ্ট
পানির সংলাপে। তবে কি জগতের
সূচনা থেকে আছি? এভাবে অনন্ত
অবস্থিতি জুড়ে একাত্তর এলে
বুলেটবর্ষায় হঠাৎ রতি ভেঙে
মুক্তিসেনা ওঠে। তাঁদের বিপরীতে
এখনো কোথা হতে নগ্ন আসি হেঁটে
সদলবলে আমি অকাল আষাঢ়ে কি
তুমুল বৈশাখে? অরণ্যের ডাক
নরের বাহুমূলে বাজলে ছুটে এসে,
প্রকৃতি, পরিবেশ মিলিয়ে দেহ খুলে,
ভিজেই বরিষণে, মিলতে দুই জনে,
অপার সাধ তোর। ভূমি ও মানুষের
ঠেকাতে দুশমন প্রতীতি মুক্তির
এখনো প্রোজ্জ্বল। দেরি না সয়, তাই
সঞ্চালনে রেণু অথবা বংশাণু,
জলদি ডুবি চল পরস্পরে আজ।
রাখিস পৃথিবীতে আমাকে অবিকল,
যেভাবে ক্যানিবাল তরুণী মাকড়শা
রমণ শেষ হলে সখাকে খেয়ে ফেলে
অমন স্বভাবের উল্টো অভ্যাসে।
১৭ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম
নিজেকে না পেয়েই
সকাল এগারোটা বাজলে মা আমার
জুমার তাড়া দেন শুক্রবারে, কেন?
পানীয় গ্রহণের শঙ্কা থেকে বধূ
বাঁচাতে আমাকেও বিবাদে ব্রতী হন
হঠাৎ কভু আর টোব্যাকো ত্যাগে খুব
বাধ্য করিয়েই ক্ষান্ত নন ব'লে
আমারই চরিত্রে থাকেন সংশয়ী
হয়তো কিছুকাল। তুমি কি মরবে না?
প্রশ্নে তার আমি সত্যি শঙ্কিত
উপোসে নির্দ্বিধ রয়েছি রমজানে।
কেবল তাই নয়, ঈদুল আজহায়
গবাদি হত্যায় আমিও পরোক্ষে
খুনির ভূমিকায় ব্যাকুল মাংসাশী!
পেরিয়ে পঞ্চাশ এখনো আমি তবে
যাপন করি শুধু জীবন অন্যের!
নিজেকে না পেয়েই ফুরায় আয়ু যদি,
কি হয় কামে-প্রেমে? শুনেই কহে কারা :
স্বদেশ মাতাও তো বাঁচিছে পরাস্ত
শত্রুকবলিত, স্বাধীন সাহিত্যে!
২১ এপ্রিল ২০১৩ চট্টগ্রাম
