২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মে দিবসের জোড়াপঙক্তি

মুহম্মদ নূরুল হুদা মুহম্মদ নূরুল হুদা

Published : 01 May 2013, 09:19 PM

Updated : 02 Sep 2022, 08:37 PM

শ্রমিক তুমি প্রেমিক হলে, প্রেমিক তুমি শ্রমিক
শ্রমে-প্রেমে সাম্যসুখে মানুষ মানবিক।

মালিক তুমি প্রেমিক হলে, প্রেমিক তুমি মালিক
শ্রমের পুঁজি প্রেমের পুঁজি মানুষ মানবিক।

যুগল শর্তে খড়কুটোতে বাবুই বানায় বাসা,
মানুষ শেখে পাখির কাছে নীড়ের ভালোবাসা।

প্রেমপীরিতি ঘরগেরস্থি সকল প্রাণীর চাওয়া,
পাখিমানুষ জোড়ামানুষ ফুল্ল আদম-হাওয়া।

আয়ের মানুষ ন্যায়ের মানুষ সাম্যসুখী যদি,
মর্ত্যলোকে গঙ্গা-নহর স্বর্গ নিরবধি।

শ্রমিক যদি প্রেমিক এবং প্রেমিক যদি মালিক
শ্রমিক মালিক সাম্য-প্রেমিক জীবন নান্দনিক।

প্রেমিক শ্রমিক, প্রেমিক মালিক বাবুইপ্রতিম তুমি,
মানুষ তুমি জীবের সেরা মার্কস, নেরুদা, রুমী।

১ মে ২০১৩

Image
Flag Counter