২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘কাল’ মার্ক্স

বিনয় বর্মন বিনয় বর্মন

Published : 01 May 2013, 03:24 PM

Updated : 23 Jun 2022, 04:07 PM

বড়ো আকাল পড়েছে কার্ল মার্ক্স
কালো রাত
কালো দিন
কালো কালো অক্ষর
ভিড় করে আছে আকাশের কালো চোখে
আলো পালিয়েছে স্মৃতির জানালা দিয়ে

তুমি বলেছিলে গোলাপে গোলাপে ভরবে পৃথিবী
কোটি কোটি চাঁদ প্লাবিত করবে চরাচর
নদীর স্রোত থেকে তরঙ্গ মৃদঙ্গ থেকে
মাছেরা নেবে সাম্যের পাঠ
মাঠে মাঠে সবুজ শস্যের গান
আরো সবুজ হয়ে ছড়িয়ে যাবে হৃদয়ে হৃদয়ে

তুমি মিথ্যা বলেছিলে
তুমি মিথ্যা স্বপ্ন দেখেছিলে
এখন শ্রম আরো সস্তা
এখন জীবন আরো বিপর্যস্ত
এখন কেউ আর এক কাতারে দাঁড়াতে চায় না
তোমার কালো চুলদাড়িতে কারা যেনো
মেখে দিয়েছে কেবল অন্ধকার